আমেরিকায় সেপ্টেম্বরে চাকরি হারিয়েছেন ৩৩ হাজার জন
সেপ্টেম্বর মাসে ৩৩ হাজার চাকরি হারিয়েছে আমেরিকার অর্থনীতি। ৬ অক্টোবর আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড়ের কারণে টেক্সাস, ফ্লোরিডা ও এর আশপাশের অঙ্গরাজ্যের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এ জন্যই গত মাসে কর্মসংস্থান ব্যাপক সংকুচিত হয়েছে। মাস হিসেবে কর্মসংস্থান কমার ঘটনা এর আগের সাত বছরে আর দেখা যায়নি।
তবে আমেরিকার সরকারি এ প্রতিবেদনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না অনেক অর্থনীতিবিদ। তাঁদের মতে, চাকরির বাজার যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। প্রতিবেদনের তথ্য এ অবস্থার সঠিক উপস্থাপন করছে না।
এ বিষয়ে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ৩৩ হাজর চাকরি হারানোর তথ্য দেওয়ার পাশাপাশি শ্রম মন্ত্রণালয় বেশ কয়েকটি সুসংবাদও হাজির করেছে। এর মধ্যে বেকারত্বের হার ৪ দশমিক ২ শতাংশে নেমে আসার তথ্য উল্লেখযোগ্য। এ ছাড়া গত বছরের একই সময়ের তুলনায় গত সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধি পেয়েছ ২ দশমিক ৯ শতাংশ। এ ক্ষেত্রেও আবহাওয়া একটি বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন নর্দার্ন ট্রাস্টের মুখ্য অর্থনীতিবিদ কার্ল ট্যানেনবম। খুব দ্রুতই সাময়িক অস্থিতিশীলতা কেটে অর্থনীতি আবার বেগবান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর থেকেই অর্থনীতির ইতিবাচক ধারা ও কর্মসংস্থান বৃদ্ধির কৃতিত্ব নিজের বলে দাবি করতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন কর্মসংস্থানে যে আকস্মিক ধাক্কা লেগেছে, তার পরিপ্রেক্ষিতে তার প্রশাসন এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য উপস্থাপন করেনি। বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতিবিদেরা যত আশাবাদই প্রকাশ করুন না কেন, ২০১৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্যকে সত্য মানলে অর্থনীতির ইতিবাচক ধারা ধরে রাখতে যথাযথ পরিকল্পনা খুব জরুরি হয়ে উঠেছে। ওই গবেষণায় বলা হয়েছিল, প্রযুক্তির উন্নতির ফলে আগামী কয়েক দশকে যন্ত্রের কাছে মানুষ কাজ হারাবে।
তবে সেপ্টেম্বরে কর্মসংস্থানের ক্ষেত্র সংকোচনের পেছনে কাজ করেছে বৈরী আবহাওয়াই। ফ্লোরিডার গৃহস্থালির সেবাদাতা একটি প্রতিষ্ঠানের কর্ণধার ব্রুস গ্রপার নিউইয়র্ক টাইমসকে বলেন, আমরা কর্মী নিয়োগ আপাতত বন্ধ রেখেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের ৫০-৭৫ জন কর্মী প্রায় দুই সপ্তাহ কাজে যোগ দিতে পারেননি। এখন সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
একই অবস্থা টেক্সাসেরও। বিশেষত অঙ্গরাজ্যটির হিউস্টন শহরের বহু প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় নতুন কর্মী নিয়োগ তো দূরের কথা পুরোনো অনেকেই কাজ হারাচ্ছেন। অর্থনীতি বিষয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান পেরিম্যান গ্রুপের প্রেসিডেন্ট রে পেরিম্যান বলেন, বিউমন্ট, করপাস ক্রিস্টি ও হিউস্টনে প্রচুর উৎপাদনমুখী শিল্প রয়েছে, যার অধিকাংশই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটির উৎপাদন দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। আর এরই প্রতিফলন দেখা গেছে সেপ্টেম্বরের জরিপে।
হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিকস নামের আরেক গবেষণা প্রতিষ্ঠানের আমেরিকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জিম ও’সুলিভান নিউইয়র্ক টাইমসকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে প্রশ্নের কোনো সুযোগ নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে শুধু খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতেই ১ লাখ ৫ হাজার মানুষ কাজ হারিয়েছে। আর বাজে আবহাওয়ার কারণে কাজ থেকে ১৫ লাখ মানুষ বিরত রয়েছেন বলে শ্রম পরিসংখ্যান ব্যুরোকে জানিয়েছে। তবে শ্রমবাজার সংশ্লিষ্ট অন্য তথ্যগুলো এখনো অর্থনীতির ইতিবাচক ধারাকেই দৃশ্যমান করছে।
৫ অক্টোবর দেওয়া টুইটার পোস্টে অর্থনীতির ইতিবাচক ধারার কথাই তুলে ধরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে তিনি লেখেন, ‘শেয়ার বাজার সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। ১৬ বছরের মধ্যে বেকারত্বের হার সর্বনিম্ন।’ এর আগের সপ্তাহে রিপাবলিকানদের কর প্রস্তাব নিয়ে বলেন, ‘এ কর পুনর্গঠন আমাদের অর্থনীতির জন্য রকেট ফুয়েল হয়ে আসবে।’
যদিও এসব আশাবাদের বদলে অর্থনীতির অগ্রগতির প্রমাণ চাইছে সাধারণ মানুষ। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, শ্রম খাতের একটি বড় অংশের বেতন বাড়লেও পরিবার হিসাবে এ ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি। বরং পরিবারপ্রতি বর্তমানে গড় আয় ২০০০ সালের সময়ের থেকেও কম। এ ছাড়া ঝড়ের কারণে নিম্ন মজুরির অনেক কর্মী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ায় সার্বিক মজুরি বৃদ্ধি ইতিবাচক হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। একই সঙ্গে সামনের দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আডেকো স্টাফিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যামি গ্ল্যাসার এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে বলেন, অনেক সেবাগ্রহীতাই নিজের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন। কিছু চাকরিদাতা প্রতিষ্ঠান আগামী বছরের পর্যটন মৌসুমে ২০-৪০ শতাংশ বেতন বৃদ্ধির পরিকল্পনা করছে বলে জানিয়েছে। একই সঙ্গে পুরোনো কর্মীদের রেখে দেওয়ার বিষয়েও তারা আগ্রহী।
একই সঙ্গে কর্মসংস্থানের হার বাড়বে বলেও আশা প্রকাশ করা হচ্ছে। বিশেষত বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও ই-কমার্স ব্যবসার সম্প্রসারণের কারণে কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন অর্থনীতিবিদেরা। আমেরিকায় আমাজনের প্রতিদ্বন্দ্বী র্যাডিয়াল এর ২৫টি ওয়্যারহাউসের জন্য ২৭ হাজার কর্মী নিয়োগ করছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ নিয়োগ সম্পন্ন হবে। র্যাডিয়ালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্টেফান ওয়েইটজ বলেন, গত বছরের তুলনায় আসছে বছর আমরা ৩৫ শতাংশ বেশি মানুষকে নিয়োগ দিচ্ছি।’
দুর্যোগের কারণে শ্রমবাজারের অবস্থা কিছুটা নাজুক হলেও সামনের দিনে তা বেগবান হবে বলে আশা করছেন বিশ্লেষকেরা। এ ক্ষেত্রে তারা ২০০৫ সালের ঘূর্ণিঝড় ক্যাটরিনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সে সময় ক্যাটরিনার আগে শ্রমবাজারের অবস্থা বেশ ভালো ছিল, যেখানে ঘূর্ণিঝড় একটি বড় ধাক্কা হয়ে আসে। কিন্তু পরবর্তী সময়ে এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে ওই বছরের নভেম্বরের মধ্যেই শ্রমবাজার ইতিবাচক ধারায় ফিরে আসে। আর এটিকেই সম্ভাবনা হিসেবে দেখছেন তারা।