আমেরিকায়ও নিরাপদ নন নারীরা
নারীমুক্তি ও নারী স্বাধীনতার জন্য আমেরিকা অহংকার করতে পারে। কিন্তু এখানেও প্রায়ই এমন ধরনের ঘটনা ঘটে যা ভাবাই যায় না। এ দেশেও নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। পীড়নের কারণে প্রাণহানির সম্মুখীন হচ্ছেন। রাস্তাঘাট, সাবওয়ে এমনকি নিজের ঘরেও নারীরা সব সময়ের জন্য শতভাগ নিরাপদ, এমন কথা বলা যায় না আমেরিকায়ও।
নিউইয়র্ক সিটির সবচেয়ে আরামদায়ক ও দ্রুতগামী হিসেবে পরিচিত সাবওয়ে অনেক সময় নারীদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। কোনো কোনো নারী এমন কিছু সমস্যা ও তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, যা অকল্পনীয়।
আজীবন নিউইয়র্কের বাসিন্দা এক নারী এল ট্রেনে তাঁর ভয়ংকর অভিজ্ঞতার কথা লিখেছেন। লিখেছেন, তাঁর ১২ বছর বয়সে এ ট্রেনেই জনৈক পুরুষ তাঁকে অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। গত বছর এ লাইনেই এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। বোতলের ভেতর প্রস্রাবের মতো রঙের কিছু নিয়ে এক ব্যক্তিকে ভয়ংকর মূর্তিতে দেখা যায়।
১২ জুলাই সকালে, ব্রুকলিনগামী জে ট্রেনের ঘটনা। পুলিশের মুখপাত্র বলেন, রাত প্রায় দুইটার দিকে জ্যামাইকার ৭৫ স্ট্রিট এলড্রাট্স লেন স্টেশনে ২৬ বছর বয়সী এক নারী তাঁর চোখ বন্ধ করে গান শুনছিলেন। একসময় তিনি উষ্ণ কিছু অনুভব করলেন। চোখ খুলে দেখলেন, একজন পুরুষ তাঁর মুখে প্রস্রাব করছে। ওই নারী চিৎকার শুরু করলে লোকটি পরের স্টেশনে নেমে যান। লাল শার্ট, কালো প্যান্ট পরা ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা ব্যক্তিটি এখনো ধরাছোঁয়ার বাইরে।
নিউইয়র্কের সাবওয়েতে নারী যাত্রীরা অনেক সময়, বিশেষত গভীর রাতে হামলার শিকার হন। নিইউয়র্ক থেকে প্রকাশিত ডেইলি নিউজ এমটিএ মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথোরিটির জরিপ উদ্ধৃত করেছে, ৬৩ শতাংশ উত্তরদাতা নারী সাবওয়েতে উত্ত্যক্তের শিকার হয়েছেন। এঁদের মধ্যে ১০ শতাংশ যৌন নিপীড়নের শিকার হন।
আসলে পুরো আমেরিকায় নারীরা বিভিন্নভাবে হামলা শিকার হন। ফেমেনিস্ট ডটকমের ২০১০ সালের জরিপের তথ্যমতে, ২২ মিলিয়ন নারী ধর্ষিত হয়েছেন। ১৮ দশমিক ৩ শতাংশ নারী যৌন হামলা কিংবা যৌন আক্রমণের শিকার হন। যৌন হামলা থেকে রক্ষা পেয়েছেন এমন উত্তরদাতাদের ১২ দশমিক ৩ শতাংশ ছিলেন ১২ বছরের কম বয়সী।
আমেরিকার বিচার মন্ত্রণালয়ের ‘ব্যুরো অব জাস্টিস’-এর জরিপমতে, ২০১২ সালের তথ্যানুযায়ী প্রতি ৯২ সেকেন্ডে আমেরিকার কেউ না কেউ যৌন নিপীড়নের শিকার হন। জাস্টিস ডিপার্টমেন্টের ২০১০ সালের তথ্যে দেখা যায়, প্রতি পাঁচজনের মধ্যে একজন আমেরিকান নারী ধর্ষিত অথবা ধর্ষণ হামলার শিকার হন। প্রতিবছর গড়ে ১২ লাখ ৭০ হাজার নারী ধর্ষিত হয়। এদের ১৫ শতাংশের বয়স ১২ বছর বা তার কম।
পারিবারিক সহিংসতাসহ আমেরিকান নারী নানা ধরনের সংকটের মধ্যে রয়েছেন। ডিপার্টমেন্ট জাস্টিসের তথ্যমতে, আমেরিকায় নিহত নারীদের এক-তৃতীয়াংশ তাঁদের অন্তরঙ্গ সঙ্গীর হাতে নিহত হন।