
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি দুই সপ্তাহ। এমন অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের পরিচালিত সর্বশেষ জরিপ বলছে, জনপ্রিয়তায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত এবিসির ওই জরিপে দেখা যায়, ৫০ শতাংশ ভোটার হিলারিকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। আর ট্রাম্পকে হোয়াইট হাউসে দেখতে চান ৩৮ শতাংশ ভোটার। প্রচারণায় হিলারি-ট্রাম্প দ্বৈরথ শুরুর পর এই প্রথম এতটা ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।
জনপ্রিয়তায় হিলারি যে এগিয়ে, তা স্বীকারও করেছে ট্রাম্পের প্রচার শিবির। শিবিরের ব্যবস্থাপক কেলিয়ানে কোনওয়ে গত রোববার মার্কিন প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘আমরা পিছিয়ে রয়েছি।’ তবে তিনি বলেন, এই পিছিয়ে থাকাই শেষ কথা নয়।
ওই দিন ফ্লোরিডার নেপলসে সান্ধ্যকালীন এক শোভাযাত্রায় ট্রাম্প হিলারিকে ‘কুটিল’ মন্তব্য করে সমর্থকদের বলেন, ‘মিডিয়াকে বিশ্বাস করবেন না।’
এদিকে নিজের জয়ের সম্ভাবনা আরও সুসংহত করতে সংখ্যালঘু ভোটারদের মন জয়ে মাঠে নেমেছেন হিলারি। নর্থ ক্যারোলাইনার ডারহামে গত রোববার কৃষ্ণাঙ্গদের চার্চে যাওয়ার মধ্য দিয়ে দিন শুরু করেন তিনি। ২০০৮ সালে এ রাজ্যে খুব অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু চার বছর পর তাঁর দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিট রমনির কাছে এখানে হেরে যান তিনি।
ডারহামে এক ধর্মসভায় যোগ দেওয়ার আগে ক্লিনটন উপস্থিত সবার প্রতি ‘পদ্ধতিগত বর্ণবাদের’ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘একে অপরের কাছে সৎ থাকলে আমরা জানি, আমরা প্রতিনিয়ত আফ্রিকান-আমেরিকানদের বৈষম্যের শিকার হতে দেখি।’