আরও বেপরোয়া হবেন ট্রাম্প?

তিন দিন আগে মিজৌরির সেন্ট চার্লসে এসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উদ্দেশ্য, আয়কর সংস্কারের লক্ষ্যে কংগ্রেসে যে প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে তার সুফলগুলো তুলে ধরা। আয়কর প্রস্তাব নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে, তাঁর অনেক ধনী বন্ধু পর্যন্ত তাঁর ওপর ক্ষিপ্ত, সে প্রসঙ্গ তুলে ট্রাম্প বললেন, ‘দেখুন, আমি এখন প্রেসিডেন্ট। আমার চিন্তা কী? কোনো ব্যাপার নিয়েই আমার আর মাথাব্যথা নেই।’
মাথাব্যথা যে নেই, টুইটারে ঝড় তুলে সে কথার প্রায় প্রতিদিন প্রমাণ রাখছেন ট্রাম্প। তবে সম্প্রতি ইংল্যান্ডের একটি অতি দক্ষিণপন্থী দল ইংল্যান্ড ফার্স্ট-এর মুসলিমবিরোধী তিনটি বিতর্কিত ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ফের বিলি করে সম্ভবত সব সভ্য ব্যবহারের লঙ্ঘন করেছেন তিনি। এর একটি মিথ্যা, সে কথা প্রমাণিত হয়েছে। বাকি দুটোও সম্ভবত সাজানো। তা সত্ত্বেও মুসলিমবিদ্বেষী এ ভিডিওর সত্যাসত্য বিচার না করে তাঁর সাড়ে ৪ কোটি টুইটার অনুসারীর মধ্যে সেগুলো বিলি করে তিনি একটি প্রায়-অজ্ঞাত বর্ণবাদী গ্রুপকে মূলধারায় নিয়ে এলেন। এ নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে ওয়াশিংটনের বড় ধরনের মতভেদ তৈরি হয়েছে।
উদারনৈতিক ভাষ্যকার জন নিকলস দি নেশন পত্রিকায় লিখেছেন, সামান্য নীতিজ্ঞান রয়েছে এমন যে কারও উচিত হবে ট্রাম্পের এই ব্যবহারের নিন্দা করা। দি আটলান্টিক পত্রিকা বলেছে, এটি বর্ণবাদী ব্যবহার তাতে কোনো সন্দেহ নেই। এমনকি রক্ষণশীল ও রিপাবলিকান সদস্য এবং সামরিক বিশেষজ্ঞরা ট্রাম্পের এই বেপরোয়া ব্যবহারের নিন্দা করেছেন। ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেমস ক্লাপার মনে করিয়ে দিয়েছেন, অনেক মুসলিম দেশে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সব মুসলিমকে এভাবে এক মোটা তুলিতে দেখানোর চেষ্টা করে ট্রাম্প সেসব সেনার জীবন বিপন্ন করে তুলছেন।
ক্লাপার এ কথাও মনে করিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ট্রাম্পের অনেক সমর্থক রয়েছেন, যাঁরা খোলামেলাভাবে মুসলিমবিরোধী। ট্রাম্পের টুইট তাঁদের সহিংস হয়ে উঠতে উৎসাহিত করবে। একই যুক্তিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ট্রাম্পের ব্যবহারকে ক্ষতিকর বলে বর্ণনা করেছেন। ব্রিটিশ আইন পরিষদের অনেক সদস্য দাবি তুলেছেন, আগামী বছরের মাঝামাঝি ট্রাম্পের যুক্তরাজ্য সফরের যে কথা আছে, তা বাতিল করা হোক।
এই ভিডিওগুলো সম্ভবত নকল, সে কথা পরীক্ষা না করে ট্রাম্প কেন নিজ সমর্থকদের কাছে টুইটারের মাধ্যমে তা বিলি করছেন, এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্পের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, ভিডিওগুলো সত্যি না মিথ্যা, তা গুরুত্বপূর্ণ নয়। উগ্রবাদীদের কাছ থেকে হুমকি বাস্তব, সেটা গুরুত্বপূর্ণ। ট্রাম্প কেবল সে কথা মনে করিয়ে দিতে এসব বিলি করেছেন। নিজ ব্যবহারের জন্য কোনো দায়িত্ব গ্রহণে ট্রাম্পের এই অস্বীকৃতিকে ‘প্রতারণাপূর্ণ’ অভিহিত করে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জেনিফার মার্সিয়েসা মন্তব্য করেছেন, প্রেসিডেন্ট একই সঙ্গে হ্যাঁ ও না বলার চেষ্টা করছেন। ‘আমি তো বলিনি, অন্যরা বলছে, আমি কেবল সে কথার পুনরাবৃত্তি করেছি’—ট্রাম্পের এই যুক্তি তাঁর সমর্থকদের খুশি করলেও সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষদের সন্তুষ্ট করবে না।
ক্ষতিকর জেনেও ট্রাম্প বারবার একই রকম ব্যবহার করে গেছেন, সেটি একেবারে ভাবনাচিন্তা ছাড়াই করেছেন, তা মনে হয় না। নিজের সমর্থকদের আনুগত্য বিষয়ে তিনি এতটা আস্থাবান যে তিনি একবার বলেছিলেন, নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে গুলি করে হত্যা করলে তাঁর একটি ভোটও খোয়া যাবে না। বস্তুত, এই বর্ণবাদী রণকৌশল তাঁকে নির্বাচনে জিততে সাহায্য করেছে। ক্ষমতা গ্রহণের প্রায় এক বছর পরও তাঁর সমর্থকদের ৯০ শতাংশ তাঁর পক্ষে, সেটাও এই রণকৌশলের কারণে। গত এক বছরে জাতীয় জনমত জরিপে ট্রাম্পের সমর্থন মোটামুটি ৩৬-৪০ শতাংশের মধ্যে রয়েছে, ট্রাম্প শুধু তাঁর এই ‘বেইস’ বা তৃণমূল ভিত্তি ধরে রাখতে চান। দেশকে ঐক্যবদ্ধ করে নয়, তাকে বিভক্ত রেখেই তাঁর অধিক ফায়দা।
জানা গেছে, নিজের রাজনৈতিক রণকৌশলের সাফল্যে উৎসাহিত হয়ে ট্রাম্প আগামী দিনগুলোতে আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন। একসময় তিনি দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি, সে কারণে প্রেসিডেন্ট হিসেবে তাঁর নির্বাচন অবৈধ। পরে অবশ্য স্বীকার করেন, ওবামা বৈধ প্রেসিডেন্ট। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প নতুন করে সেই বিতর্ক চাঙা করতে চাইছেন। নিকট উপদেষ্টাদের তিনি ইতিমধ্যে এ ব্যাপারে তাঁর সন্দেহের কথা জানিয়েছেন।