
আরও একটি দিন, আরও একটি সংকট। তালিকায় এবার যুক্ত হলো হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারের পদত্যাগ। দীর্ঘদিন থেকেই গুঞ্জন চলছিল স্পাইসারের কাজ নিয়ে নাখোশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেস অফিসের দায়িত্ব নিয়ে স্পাইসার কিছুতেই যুক্তরাষ্ট্রের ‘বেয়াড়া’ তথ্যমাধ্যমকে বাগে আনতে পারছিলেন না। হরহামেশা ট্রাম্পের অর্ধসত্য-নির্জলা মিথ্যা সামাল দিতে ব্যর্থ হয়ে তিনি হয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের নৈশকালীন কমেডি শোর ঠাট্টার ‘টার্গেট’।
শুক্রবার হোয়াইট হাউসের তথ্য অফিসের পরিচালক হিসেবে নিয়োগ পান ট্রাম্পের পুরোনো বন্ধু নিউইয়র্কের হেজ ফান্ড ম্যানেজার ও ফিনানশিয়ার অ্যান্থনি স্কারামুচি। টেলিভিশনে ট্রাম্পের পক্ষে কঠোর ভাষায় বক্তব্য দেওয়ার জন্য রক্ষণশীল মহলে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু স্কারামুচির নিয়োগের ব্যাপারটি স্পাইসার মেনে নিতে পারেননি। প্রেস অফিস চালানোর কোনো অভিজ্ঞতা স্কারামুচির নেই, নেই ওয়াশিংটনের রাজনৈতিক কায়কারবারের সঙ্গে কোনো পূর্বপরিচয়। স্পাইসার যুক্তি দিয়েছিলেন, স্কারামুচিকে কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে নিয়োগ দিলে অধিকাংশ কাজ তাঁকেই করতে হবে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রিন্স প্রিবাসও তাঁর সঙ্গে একমত হয়ে স্কারামুচির নিয়োগের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন। কিন্তু ট্রাম্প তা কানে তোলেননি, ফলে প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নেন স্পাইসার। একাধিক ভাষ্যকার অনুমান করছেন, এরপর প্রিবাসের প্রস্থান শুধু সময়ের ব্যাপার মাত্র। স্পাইসারের স্থলাভিষিক্ত হয়েছেন সারাহ হাকাবি স্যান্ডার্স।
স্পাইসারের কাজে ট্রাম্প অসন্তুষ্ট থাকার কারণেই যে তাঁকে প্রস্থান করতে হলো, তা সম্ভবত নয়। সিএনএনের ভ্রাম্যমাণ সম্পাদক ক্রিস সিলিজার মতে, আসল কারণ ট্রাম্প প্রেস অফিসের দায়িত্বে এমন একজনকে খুঁজছিলেন, যিনি তাঁরই মতো একজন ‘বহিরাগত’। স্পাইসার যতই ট্রাম্পের প্রতি নিক্ষিপ্ত তির নিজ শরীরে গ্রহণ করুন না কেন, তিনি ঠিক একজন অকৃত্রিম ‘ট্রাম্পভক্ত’ নন। ট্রাম্প খুঁজছিলেন এমন কাউকে, যে বিনা শর্তে তাঁর অনুগত হবেন।
রুশ আঁতাত প্রশ্নে তদন্ত যত গভীরে প্রবেশ করছে, ট্রাম্পের নিরাপত্তাহীনতা যেন ততই বাড়ছে। হোয়াইট হাউসের এই কর্মী বদল সেই নিরাপত্তাহীনতারই প্রমাণ। প্রতিদিনই নিত্যনতুন খবর বেরোচ্ছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্প ক্যাম্পেইনের গোপন সম্পর্ক নিয়ে নতুন কেলেঙ্কারি রটছে। বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের তদন্ত নিয়ে স্পষ্টতই ট্রাম্প উদ্বিগ্ন।
ট্রাম্প আশা করছেন, স্কারামুচির নিয়োগের ফলে হোয়াইট হাউসের প্রেস অফিস তাঁকে আগলাতে আগের চেয়ে অনেক বেশি কর্মতৎপর হবে। স্কারামুচিও তাঁর নতুন বসের মতো বিশ্বাস করেন, ট্রাম্পের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইন ঠেকাতে স্পাইসার বা প্রেস অফিসের বাকি সদস্যরা ব্যর্থ হয়েছেন।