আরও হামলার আশঙ্কা, ডালাসে সতর্কতা বাড়ল
পুলিশের ওপর আরও হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ডালাস শহরের পুলিশ সদর দপ্তর থেকে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। এ শহরে বন্দুকধারীর গুলিতে পুলিশের পাঁচ কর্মকর্তা নিহত হওয়ার দুই দিন পর এই সতর্কতা বাড়ানো হলো।
বৃহস্পতিবার কৃষ্ণাঙ্গ এক বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যদের নিহত হওয়া নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হত্যাকারী সাবেক মার্কিন সেনাসদস্য মিকা জেভিয়ার জনসনও (২৫) পুলিশের রোবট বোমায় নিহত হন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘ডালাসের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর এক বেনামি সূত্রে হামলার হুমকি পাওয়া গেছে। তাই পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা সতর্কতা জোরালো করা হয়েছে।’
পুলিশ জানায়, ডালাসের পুলিশ সদর দপ্তর তালাবদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সদর দপ্তরের মূল ভবনে পুলিশের বিশেষ দল সোয়াতের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
ডালাস মর্নিং নিউজ বলেছে, ‘সদর দপ্তরের পেছনে গাড়ি রাখার স্থানে কালো মুখোশ পরা এক ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়। এরপরই ওই সতর্কতা বাড়ানো হয়।’
পুলিশ জানায়, এ ঘটনায় সেখানে প্রাথমিক তল্লাশি চালানো হয়। কিন্তু কোনো সন্দেহভাজন ব্যক্তিকে ধরা যায়নি। স্থানটিতে দ্বিতীয় পর্যায়ের তল্লাশি চলছে।