আরেকটি ছাপা সংবাদপত্রের মৃত্যু
শত বছর ধরে চলা আমেরিকায় কৃষ্ণাঙ্গ মানুষের মুখপত্র শিকাগো ডিফেন্ডার পত্রিকার ছাপা ১০ জুলাই থেকে বন্ধ হয়ে গেছে। প্রভাবশালী এ পত্রিকা ১১৪ বছর ধরে আফ্রিকান আমেরিকানদের জন্য সংবাদ পরিবেশনাসহ তাদের নানা অধিকার আদায়ে জোরালো ভূমিকা রেখে আসছিল। কিন্তু এ বছর এই ধারাবাহিকতায় ছেদ পড়ল। ১১ জুলাই থেকে পত্রিকাটি শুধু ডিজিটাল সংস্করণ প্রকাশ হচ্ছে। এর মধ্য দিয়ে মৃত্যু হলো আরেকটি ছাপা সংবাদপত্রের, যেটিকে ঐতিহাসিকভাবে আফ্রিকান আমেরিকান বা কৃষ্ণাঙ্গদের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ সংবাদপত্র’ হিসেবে বিবেচনা করা হতো।
১৯০৫ সালে রবার্ট সেনগাসটেক তাঁর বাড়িওয়ালার রান্নাঘর থেকে প্রথম পত্রিকাটি প্রকাশ করেন। দীর্ঘ দিন পত্রিকাটি কৃষ্ণাঙ্গ মানুষের জন্ম-মৃত্যু, বিয়ে, গ্র্যাজুয়েশনসহ সব রকম সংবাদ প্রকাশ করেছে। যুগের পর যুগ এ পত্রিকা আফ্রিকান আমেরিকানদের নিষ্পেষণের নানা ঘটনা সাহসের সঙ্গে প্রকাশ করেছে। সামান্য অপরাধে বিনা বিচারে কালো মানুষ হত্যা, সাদা পুলিশ কর্তৃক কালোদের নিগ্রহের নানা কাহিনি তুলে ধরেছে পত্রিকাটি। অনেক প্রথিতযশা আফ্রিকান আমেরিকান এ পত্রিকায় লিখেছেন। এর মধ্যে দুজন উল্লেখযোগ্য, যাদের নাম প্রিন্টার্স লাইনে ছাপা হয়েছে, তাঁদের একজন হলেন সফল আমেরিকান চিন্তাবিদ ও ১৯২০ সালে হারলেম রেনেসাঁস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ল্যাগস্টন হিউজ, অন্যজন পুলিৎজার পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী কবি জিনডোলেন ব্রুকস।
১০ জুলাই পত্রিকাটির ছাপা সংস্করণ বন্ধের ঘোষণার সময় এর প্রধান নির্বাহী বলেন, এটি একটি অর্থনৈতিক সিদ্ধান্ত। সময়ের সঙ্গে তাল মেলাতেই পত্রিকাটিকে শুধু ডিজিটালে প্রকাশ করা হচ্ছে। আশা করা হচ্ছে এটি আরও শত শত বছর বেঁচে থাকবে।
শিকাগো ডিফেন্ডারের মতো একটি পত্রিকার ছাপা সংস্করণ বন্ধ হওয়াটা কৃষ্ণাঙ্গদের খুবই মর্মাহত করেছে। বহু মানুষ এই পত্রিকার সঙ্গেই বেড়ে উঠেছে। তাদের জীবনে এই পত্রিকার প্রভাবও আছে যথেষ্ট। আমেরিকার ঔপনিবেশিক অর্থনীতিতে (১৭০০-১৭৮০) যখন আমেরিকার উত্তরের অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক অর্থনৈতিক প্রসার হচ্ছিল, তখন এ পত্রিকা নানা ধরনের তথ্য দিয়ে কৃষ্ণাঙ্গদের দুর্বল অর্থনীতির অঙ্গরাজ্য থেকে এসব অঙ্গরাজ্যে পাড়ি জমাতে উৎসাহিত করে।
জিম ক্রো আইনের (আমেরিকায় জাতিগত বৈষম্যের একটি কালো আইন, যা আফ্রিকান আমেরিকানদের পৃথক্করণ ও বৈষম্যের জন্য ১৮৭৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রয়োগ করা হয়েছিল) বিপক্ষে ডিফেন্ডার শক্ত হাতে কলম ধরেছিল। আমেরিকান সেনাবাহিনীতে আফ্রিকান আমেরিকানদের অধিকার আদায়ের জন্য জনমত গড়তেও কাজ করেছিল পত্রিকাটি। এর প্রভাব এতটাই যে, কৃষ্ণাঙ্গদের ভোট পেতে হলে এ পত্রিকার সমর্থন আদায় ছিল যেকোনো প্রার্থীর জন্য অপরিহার্য। এক সময় এ পত্রিকা শিকাগোর কৃষ্ণাঙ্গ অধ্যুষিত সব এলাকার ঘরে ঘরে, নিউজস্ট্যান্ডে দেখা যেত।
পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়া সম্পর্কে শিকাগো ডিফেন্ডারের একজন প্রাক্তন সম্পাদক বলেন, ‘আমরা সবাই ডিফেন্ডার পত্রিকার সঙ্গে বেড়ে উঠেছি। এই পত্রিকা থাকত সর্বত্র, সব বাড়িতে, নাপিতের দোকানে, শহরের দক্ষিণ দিক কিংবা পশ্চিম দিকে। একটা চুটকি ছিল—যদি কেউ কিছু বলে, আর সেটা ডিফেন্ডার পত্রিকায় ছাপা হয়নি, তাহলে সেটা ঘটেনি।’
ডিফেন্ডার সব সময়ই সাধারণ কালো মানুষের কথা বলেছে—বিশেষভাবে সংবাদ ছেপেছে। এক শ্বেতাঙ্গ নারীকে উত্ত্যক্ত করায় ১৪ বছর বয়সী ইমিট টিলকে যখন গুলি করে হত্যা করা হয়, মার্টিন লুথার কিংয়ের হত্যাকাণ্ড কিংবা বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে পত্রিকাটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল; রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
ডেমোক্রেসি ফান্ড নামের একটি সংগঠন তাদের এক প্রতিবেদনে বলেছে, প্রথম কালো মানুষের সংবাদপত্র ছিল ‘ফ্রিডম জার্নাল’, যা প্রকাশিত হয় ১৮২৭ সালে। ওই পত্রিকা আমেরিকার দাসপ্রথা বাতিলে প্রচার চালিয়েছিল। ন্যাশনাল নিউজ পেপার পাবলিশার্স অ্যাসোসিয়েশন জানায়, বর্তমানে ৪০টি অঙ্গরাজ্য থেকে ২১৮টি আফ্রিকান আমেরিকান সংবাদপত্র প্রকাশিত হয়। অনলাইন এবং ছাপা পত্রিকা মিলিয়ে এই পত্রিকাগুলোর পাঠকের সংখ্যা বর্তমানে প্রায় আড়াই কোটি।
আজ সময়ের সঙ্গে এবং বিজ্ঞানের অগ্রগতির কারণে প্রতিনিয়তই অনেক কিছু নতুনভাবে ভাবতে হচ্ছে। এক সময় ছাপা বইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ই-বুককে ভাবা হয়েছিল। তবে পাঠকের আগ্রহে ছাপা বই আবার ঘুরে দাঁড়িয়েছে। তবে সারা পৃথিবীতে ছাপা পত্রিকা ও সাময়িকী কিছুটা চাপে আছে। অনেক পত্রিকাই এখন প্রকাশিত হচ্ছে ডিজিটাল সংস্করণে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় এর কারণ উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠানটি জানাচ্ছে, আমেরিকায় সপ্তাহের কাজের দিনে ছাপা পত্রিকার সার্কুলেশন কমেছে ১২ শতাংশ। আর সপ্তাহান্তের দিনগুলোয় এ হার ১৩ শতাংশ। ফলে ২০০৮ থেকে এখন পর্যন্ত আমেরিকায় ১৬৬টি আঞ্চলিক ও জাতীয় সংবাদপত্র তাদের ছাপা সংস্করণ বন্ধ করেছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার্স অ্যান্ড নিউজ পেপার পাবলিশার্স। পত্রিকা বন্ধ মানেই সাংবাদিকসহ সংশ্লিষ্ট অন্য কর্মীদের চাকরি হারানো। বিষয়টি বিশেষত সাংবাদিকদের মধ্যে এক ধরনের শঙ্কার সৃষ্টি করেছে। এই শঙ্কা আরও বেড়ে যায় যখন, নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইমেরিটাস অধ্যাপক তাঁর বই ‘দ্য ভেনেশিং নিউজপেপার’-এ (২০০৪) লেখেন, ২০৪৩ সালের মধ্যেই একদিন হয়তো শেষ ছাপা পত্রিকাটি কারও দরজার সামনে পড়ে থাকবে।
লেখক: গল্পকার ও ব্যবস্থাপক কুইন্স পাবলিক লাইব্রেরি, হলিস
ই-মেইল: [email protected]