আর্টস ফর ইনডিপেনডেন্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্টস ফর ইনডিপেনডেন্টস শীর্ষক প্রদর্শনীতে শিল্পীরা
আর্টস ফর ইনডিপেনডেন্টস শীর্ষক প্রদর্শনীতে শিল্পীরা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে উৎসর্গ করে বাংলাদেশি-আমেরিকান আর্টিস্ট ফোরামের আয়োজনে ‘আর্টস ফর ইনডিপেনডেন্টস’ শিরোনামে শুরু হয়েছে ছয় দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
চিত্রশিল্পী জাহেদ শরিফের তত্ত্বাবধানে ২৫ জন শিল্পীর ব্যতিক্রমধর্মী ছবি দিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। মূল বক্তব্য রাখেন চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন—মাতলুব আলী, খোরশেদ আলম সেলিম, কাজী রাকিব, তাজুল ইসলাম, মাসুদ উল আলম, শামিম বেগম, মোস্তফা আরশাদ, আর্টুর আজাদ, সালমা কানিজ, শামীম সুবরানা, শামীম আরা, বিশ্বজিত চৌধুরী, সৈয়দ এ রহমান, জাহেদ শরিফ, মোহাম্মদ হাসান রোকন, কায়সার কামাল, কে সি মং, জেবুন্নেছা কামাল, আরিফুল ইসলাম, সুজিত কুমার সাহা, মোহাম্মদ টোকন, ফারহানা কবির, আলমা ফেরদৌসি লিয়া, তারিক জুলফিকার, ফারহানা ইয়াসমিন, রুদ্র মোহাম্মদ আয়ুদ জাহাংগীর।
আমেরিকায় বাঙালি চিত্র শিল্পীদের ছবির বিষয়ে জানতে চাইলে শিল্পী বিশ্বজিত চৌধুরী বলেন, তাঁরা এখনো আমেরিকার বাজারে ঢুকতে পারেননি। এ জন্য তিনি নিজেদের প্রচার বিমুখতাকেই দায়ী করেন। এ দেশে অনেক বাংলাদেশি ব্যাংক কর্মকর্তা আছেন যারা চাইলে তাঁদের অফিস সাজাতে পারেন। অনেক বাংলাদেশি ডাক্তার এখন এ দেশে অনেক ভালো পজিশনে আছেন। তাঁরাও চাইলে এসব শিল্পীদের আঁকা ছবি দিয়ে চেম্বার সাজাতে পারেন।
সবাই একই সুরে জানান এ দেশে বাংলাদেশি শিল্পীদের জন্য বাজার তৈরি করতে হলে আরও বেশি প্রদর্শনী করতে হবে।
ছয় দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত জ্যাকসন হাইটসের নোঙর গ্যালারিতে। উডসাইডের ৬৭-১৯ রুজভেল্ট অ্যাভিনিউয়ে বেলা ১১টা থেকে প্রতিদিন রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।