আর্থিক অনুদান পেল সুনামগঞ্জের ৪৩ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের বৃত্তির অর্থ তুলে দিচ্ছেন গীতিকার ইশতিয়াক রূপু
শিক্ষার্থীদের বৃত্তির অর্থ তুলে দিচ্ছেন গীতিকার ইশতিয়াক রূপু

প্রতি বছরের মতো এবারও হালিমা খাতুন মুসলিম ছাত্রবৃত্তি ট্রাস্টের উদ্যোগে ৪৩ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় ট্রাস্টের অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুমা হালিমা খাতুনের জীবদ্দশায় জমানো মাত্র ৫২ হাজার টাকা দিয়ে ১৯৮৪ সালে চালু হয় হালিমা খাতুন মুসলিম ছাত্রবৃত্তি ট্রাস্ট।
মরহুমার ছোট ছেলে ও ট্রাস্টের কো-অর্ডিনেটর আজিজ আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হুমায়রা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার প্রদায়ক ও গীতিকার ইশতিয়াক রূপু।
সুনামগঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকার স্কুলে অধ্যয়নরত ৪৩ জন ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় দেড় লাখ টাকার বার্ষিক বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রিপোর্ট প্রদান করেন মরহুমার ছোট ছেলে আজিজ আহমদের স্ত্রী হুমায়রা বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষায় পিছিয়ে পড়া এই জনপদের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য সামাজিক কাজে অংশ নেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি আজিজ আহমদ উপস্থিত সবাই ধন্যবাদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।