আর্থিক অনুদানে নিজেকে লুকিয়ে রাখাই শ্রেয়
কয়েক মাস ধরে ছোট, বড়, স্থানীয় ও জাতীয় দৈনিকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক অনুদানের খবর পড়ে যতটা না আনন্দিত হয়েছি, তার চেয়ে একটু বেশি লজ্জিত হয়েছি। বিভিন্ন ধর্মীয় আর্থিক অনুদানে মানুষের বহিঃপ্রকাশের সচিত্র প্রতিবেদন দেখে। এমনও ঘটনা দেখে আঁতকে উঠেছি, যেখানে একজন ক্ষুধার্ত মানুষকে একটি কলা দান করার সময় ৪-৫ জন মানুষ সেটার ছবি তুলে নিজেকে দাতা হিসেবে জাহির করতে ফেসবুকে সেই ছবিকে ভাইরাল করে দিয়েছেন। আমার তাতে কোনো সমস্যা নেই। তবে ভাবলাম, এ বিষয়ে একটু বিস্তারিত লিখলে হয়তো অনেকেই উপকৃত হবেন। অনেকেই জানতে পারবেন, কখন আর্থিক অনুদান প্রকাশ্যে করা ভালো এবং কখন তা আড়ালে করাই শ্রেয়—
১. যখন মনে করবেন, কোনো অনুদান শুধু আত্মসন্তুষ্টিই নয় বরং তা কৃতজ্ঞতা পাওয়ারও দাবিদার, তখন তা প্রকাশ করাই ভালো। তবে তা যেন কোনো ব্যক্তি বিশেষের ধর্মীয় দৃষ্টিতে কোনো অনুদান না হয়।
২. জনপ্রিয়তা অর্জনের জন্য আর্থিক অনুদানের ভিডিও বা সচিত্র প্রতিবেদন খুবই ভালো কাজ করে। তবে তা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে হলেই সবচেয়ে ভালো হয়। কোনো ব্যক্তি বিশেষের ধর্মীয় অনুদানে জনপ্রিয়তা অর্জনের জন্য এটা না প্রকাশ করাই ভালো।
৩. মানুষকে সমান কাজে উৎসাহ দেওয়ার জন্যও প্রকাশ্যে অনুদান একটি ভালো পন্থা। তবে এটা যদি নিজ টাকায় না দিয়ে অনেকের টাকায় দেওয়া হয়, তবে তা আরও ভালো কাজ করে।
৪. বড় অঙ্কের আর্থিক অনুদানের ক্ষেত্রে সব কাগজপত্র ঠিক রেখে প্রকাশ্যে অনুদান দেওয়া যায়। কারণ আর্থিক অনুদান বেশির ভাগ ক্ষেত্রেই আয়করমুক্ত হয়। সে ক্ষেত্রে বিস্তারিত জানতে আগে আপনার আয়কর উকিলের সঙ্গে যোগাযোগ করুন।
৫. অনুদান যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে হয়, তবে তা প্রকাশ না করাই ভালো। কারণ প্রত্যেক ধর্মই দান–খয়রাতে আপনাকে লুকিয়ে রাখতে পরামর্শ দেয়। আর এতে যে শুধু ধর্মীয় নিয়মকানুন মেনে চলা হয় তা নয়, এতে মানুষের আত্মসন্তুষ্টি বাড়ে ও মানুষ সুখী থাকে।
৬. অনুদানের টাকার উৎস সম্পর্কিত জটিলতা এড়াতে অনেকেই লুকিয়ে আর্থিক অনুদান করাকে প্রকাশ্যে অনুদানের চেয়ে ভালো মনে করেন। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
৭. খ্যাতির বিড়ম্বনা থেকে বাঁচতে অনেকেই প্রকাশ্যে অনুদান দিতে পছন্দ করেন না। তাই তাঁরা আড়ালে মানুষের সেবা করে মানসিক শান্তি পান। তবে এ পবিত্র পৃথিবী ও ইতিহাস কোনো দিনই তাঁদের অনুদানকে ধোঁকা দেয় না।
৮. যেকোনো সমষ্টিগত আর্থিক অনুদান (চাঁদা/বিভিন্ন ধরনের ফান্ড রাইজিং ক্যাম্পেইন) প্রকাশ্যে করাই ভালো। তবে, অনুদানে প্রথমে চিন্তা করুন তা কি ধর্মীয় উপলক্ষে না মানবতার তরে সাহায্য। যদিও মানবতার তরে সাহায্যকেও ধর্মীয় কাজ (পুণ্য/সওয়াব) হিসেবেই দেখা হয়। তবে উপলক্ষ/উদ্দেশ্য ধর্মীয় (যেমন জাকাত) না হলে প্রকাশ্যে অনুদানের কথা চিন্তা করতে পারেন।
৯. যেকোনো ধর্মীয় উপলক্ষে আর্থিক অনুদানে আপনার যথেষ্ট জ্ঞান না থাকলে আপনার ধর্মীয় একজন জ্ঞানী মানুষের পরামর্শ নিন।
১০. ধর্মীয় উপলক্ষ ছাড়া যেকোনো বড় আর্থিক অনুদানে আপনার আয়কর উকিলের পরামর্শ নিন।
এ বিষয়ে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা ও পরিসংখ্যান শেয়ার করতে চাই। প্রায় ৬ মাস আগে আমি আর্থিক অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণের একটি কার্যক্রম শুরু করি। এই কার্যক্রমে আমি এখন পর্যন্ত ছয়জন শ্রদ্ধেয় দাতাদের সঙ্গে কাজ করেছি। তাঁরা কেউই তাঁদের ব্যক্তিগত পরিচয় প্রকাশ করতে রাজি হননি! ৫০ হাজার গরিব, গৃহহীন বা এতিম শিশুদের একবেলা খাবার বিতরণ কার্যক্রমেও প্রায় ১০ জন শ্রদ্ধেয় দাতাদের মধ্যে সমান ঘটনাই ঘটেছে। শুধু কায়েল ওয়াকম্যান তাঁর নাম প্রকাশ করতে দ্বিধাবোধ করেননি। কারণ তিনি মনে করেন প্রচারেই প্রসার। কাজেই, আমি ব্যক্তিগতভাবে মনে করি, উপলক্ষ ধর্মীয় না হলেও বেশির ভাগ ক্ষেত্রেই আর্থিক অনুদানে নিজেকে লুকিয়ে রাখাই শ্রেয়।