আর্থিক খাতের নিয়ন্ত্রণ শিথিলে ট্রাম্পের প্রথম পদক্ষেপ

আর্থিক খাতের নিয়ন্ত্রণ শিথিল করতে প্রথম পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ২০১০ সালে ‘ডড ফ্র্যাংক আইন’ পর্যালোচনা করার নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট।
ওয়ালস্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠানগুলো সব সময়ই এ আইনকে অধিক নিয়ন্ত্রণকারী বলে মনে করত। ২০০৮ সালের আর্থিক মহামন্দার পর প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকগুলো যাতে দেউলিয়া হয়ে না পড়ে, সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১০ সালে ডড ফ্র্যাংক আইন পাস করা হয়। এ আইনের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকগুলো কীভাবে টিকে থাকবে, সে জন্য এগুলোকে ‘লিভিং উইল’ কৌশল জমা দিতে হয়। এ আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির যেকোনো বাণিজ্যিক ব্যাংক অথবা বহুজাতিক ব্যাংকের মার্কিন শাখাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থাৎ কোনো ব্যাংকের শাখার লেনদেন ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে তা বন্ধ হয়ে যেতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই আইন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘ডড ফ্র্যাংক আইন একটি বিপর্যয় ছিল।’ নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল এই আইন বাতিল অথবা প্রতিস্থাপন করার। ট্রাম্প প্রশাসন বলছে, যে কারণে এই আইন প্রণয়ন হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে এই আইন। এটি সরকারের অধিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ হয়ে থাকবে। মার্কিন কংগ্রেসম্যান ডড ফ্র্যাংক এই আইনের প্রবর্তক ছিলেন। এটি ছাড়াও ভোক্তা সুরক্ষা আইনের প্রবর্তনও করেন তিনি।
এই বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশে সইয়ের পর এর পক্ষে বিপক্ষে মত রাখছেন বিশ্লেষকেরা। ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা গ্রে কহন জানান, এখন ব্যাংকগুলো আরও দক্ষতার সঙ্গে ও কার্যকরভাবে ভোক্তাকে বিভিন্ন অফার দিতে পারবে।
পুঁজিবাজার বিশেষজ্ঞ জ্যাসপার লইয়ার বলেন, ডড ফ্র্যাংক আইনের শিথিল হলে ভালো হবে। কারণ, এটি ছোট ব্যাংকগুলোকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিচ্ছিল। এগুলো ভোক্তাদের আকৃষ্ট করতে পারছিল না। তবে এই আইন পুরোপুরি বাদ দিলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে বলে মনে করেন জ্যাসপার। তিনি মনে করেন, এটি বাতিল হলে ২০০৮ সালের অর্থনৈতিক ঝুঁকি আবার ফেরত আসতে পারে।
সুইডেনের অর্থমন্ত্রী পার বোলান্ড বলেছেন, এই আইন পুরোপুরি বাতিল করা হলে তা অর্থনীতির জন্য বিপজ্জনক, ক্ষতিকর ও অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।
এদিকে ডড ফ্র্যাংক আইন পর্যালোচনার নির্বাহী আদেশে সই করার পর গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সূচকের ব্যাপক উত্থান লক্ষ করা যায়।