আর্থিকভাবে আমেরিকার সবচেয়ে দুর্বল নগরী নিউইয়র্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি এখন আর শুধু এর বাসিন্দাদের মধ্যেই আলোচিত হচ্ছে না। বিষয়টি নিয়ে বিভিন্ন গবেষক মহলও উদ্বেগ প্রকাশ করছে। নিউইয়র্কের স্থানীয় ঋণ পরামর্শদাতা ও আর্থিক বিশ্লেষকদের মতে, নিউইয়র্ক নগরী বর্তমানে আর্থিকভাবে আমেরিকার সবচেয়ে দুর্বল নগরী।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে নিউইয়র্কে ক্রেডিট কার্ড বিল অপরিশোধের হার ও ব্যক্তিগত মন্দ ঋণের পরিমাণ ছিল আমেরিকার মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে নিউইয়র্কে পারিবারিক ঋণের পরিমাণ বেড়ে ১৩ লাখ ৫১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের চেয়ে এ পরিমাণ ২১ হাজার ৯০০ কোটি ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেশি। রেকর্ড অনুযায়ী এ পরিমাণ এমনকি ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময়কালকেও ছাড়িয়ে গেছে। ওই সময়ের তুলনায় এ ঋণের পরিমাণ ৮৩ হাজার ৭০০ কোটি ডলার বেশি। ব্যক্তিগতভাবে দেউলিয়া ও অর্থনৈতিক মন্দা পরিস্থিতি বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে, নিউইয়র্কের অধিবাসীদের একটি বড় অংশই ভয়াবহ বিপর্যয় থেকে মাত্র এক কদম দূরে অবস্থান করছে।

বিশেষজ্ঞরা বলছেন, অপরিশোধিত ঋণের পরিমাণ এতটাই বেড়েছে যে, নিউইয়র্কবাসীর ব্যক্তিগত ভান্ডারও এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। সম্প্রতি পরিচালিত এক জরিপের তথ্যমতে, ৪০ শতাংশ আমেরিকান জরুরি পরিস্থিতিতে ৪০০ ডলার ব্যয় নিয়েও তাদের চিন্তায় পড়তে হয়। নিউইয়র্কে এমন দুর্দশাগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
অলাভজনক সংস্থা গ্রিনপাথের ঋণ-বিষয়ক পরামর্শদাতা ক্যালি ফিগারুয়া নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘অবস্থা খুবই খারাপ। দেশের অন্য অংশের মতোই নিউইয়র্কের বাসিন্দারাও অনেকটা পেটে-ভাতে বেঁচে থাকে। সব সময় ঋণ পরিশোধের দুর্ভাবনা। নিউইয়র্কের অবস্থা বরং আরও বাজে। কারণ এখানে জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। নিম্ন আয় থেকে শুরু করে উচ্চ আয়ের ভোক্তাদের মাথাপিছু ঋণের পরিমাণ গড়ে ২০ হাজার থেকে ১ লাখ ডলারের বেশি।’
গ্রিনপাথের তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে নিউইয়র্ক শহরে ক্রেডিট কার্ড ঋণের সমস্যা বিশেষভাবে বেড়েছে। গত কয়েক বছরে গ্রিনপাথে ঋণের সমস্যা নিয়ে আসা গ্রাহকের মধ্যে ক্রেডিট কার্ডে ঋণের সমস্যা নিয়ে আসা গ্রাহকের হার ৩০ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। এই আর্থিক সংকটে আবাসন ও মর্টগেজ-সংক্রান্ত সমস্যাগুলোও ঝুঁকির মুখে পড়েছে।
ঋণ পরামর্শদাতা নেটওয়ার্ক মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের তথ্যমতে, আমেরিকার নগরগুলোর মধ্যে নিউইয়র্কই এখন তাদের সবচেয়ে বড় বাজার। এর পরের অবস্থানেই রয়েছে আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসে।
মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনালের ভোক্তা ঋণ বিশেষজ্ঞ থমাস নিৎশে বলেন, আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল আবাসন বাজার হচ্ছে নিউইয়র্ক। ক্রেডিট কার্ডসহ বিভিন্নভাবে গৃহীত ঋণের পরিমাণের সঙ্গে সঙ্গে এই শহরে বাড়ছে সুদহার। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবাসন ভাড়া।
২০১৮ সালে স্ট্রিটইজি প্রকাশিত বাড়ার সূচক অনুযায়ী, ২০১০ সাল থেকে এ পর্যন্ত নিউইয়র্ক সিটির বাড়ি ভাড়া মোট ৩১ শতাংশ বেড়েছে। আশপাশের কিছু কিছু এলাকায় ৪৫ শতাংশেরও বেশি ভাড়া বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, এ কারণেই অনেক নগরীর ভোক্তারা ক্রেডিট কার্ড এবং অন্যান্য ঋণে ডুবে যাচ্ছেন। এ ছাড়া নিউইয়র্কের বাসিন্দাদের একটি বড় অংশই জাতীয় গড়ের চেয়ে বেশি হারে মজুরি পায়। বেকারত্বের হারও তুলনামূলক কম। আর এ কারণেই শহরটির বাসিন্দাদের মধ্যে ক্রেডিট কার্ডে ঋণ গ্রহণের হার বেশি।
নিউইয়র্ক ফেডের গবেষণায় দেখা যায়, ২০১৬ সালে ম্যানহাটনবাসীর ক্রেডিট কার্ড ব্যালেন্সের পরিমাণ প্রায় ৭ হাজার ৪০০ ডলারে এসে দাঁড়িয়েছে। যেখানে পুরো দেশের ক্রেডিট কার্ডের গড় ব্যালেন্স রয়েছে ৫ হাজার ৪০০ ডলারে। ব্রঙ্কসের গ্রাহকদের জন্য ৯০ দিন বিলম্বে ক্রেডিট কার্ড পরিশোধের হার এসে দাঁড়িয়েছে ১৫ দশমিক ১ শতাংশে। নগরীব্যাপী এ হার ১০ শতাংশ। আর সারা দেশে এ হার দাঁড়িয়েছে প্রায় ৮ দশমিক ৩ শতাংশে।
বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক এই ভারসাম্যহীন অবস্থায় নিউইয়র্কের আর্থিক বাজার পরিস্থিতি আরও নাজুক হতে পারে ভবিষ্যতে।