আল-আরাফা মসজিদের ফান্ড রেইজিং ১৭ ডিসেম্বর
কুইন্সের জ্যামাইকায় পাঁচতলাবিশিষ্ট একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ আল-আরাফাকে সম্প্রসারিত করে স্থাপত্যশৈলীর দিক দিয়ে একটি বিস্ময়ে রূপান্তরিত করতে ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে রিচমন্ড হিলের বসনিয়া ইসলামিক সেন্টারে। সেখানে ঘোষণা দেওয়া হয়, এই ফান্ড রেইজিংয়ের আগামী অনুষ্ঠান হবে লং আইল্যান্ডের আইসিএলআই হলে।
ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন মুসলিম মানবাধিকার নিয়ে কাজ করা আমেরিকার মুসলিম আইডল খ্যাত লিন্ডা সারসুর। এর বাইরে মোটিভেশনাল বক্তা থাকবেন আদমের সন্তান ফাউন্ডেশনের পরিচালক মুফতি ফারহান আর জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আমির খান। এর বাইরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লং আইল্যান্ডের ক্রিসেন্ট স্কুলের চেয়ারম্যান রশিদ উদ্দীন জাফর, তহবিল সংগ্রহের বিশেষজ্ঞ মোহাম্মাদ ইবনে আহমেদসহ অন্যরা।
আরাফা মসজিদ সেন্টার (এআইসি) প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। এর অন্যতম উদ্যোক্তা ছিলেন মরহুম এস এম হায়দার আলী, আবদুল ওয়াদুদ ও মরহুম আলাউদ্দীন চৌধুরী।
গত শনিবার সন্ধ্যায় বসনিয়া ইসলামিক সেন্টারে আয়োজিত মসজিদের ফান্ড রেইজিং ডিনারে অংশ নেন শতাধিক ডোনার ও শুভাকাঙ্ক্ষীরা। মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় ছয় মিলিয়ন ডলারের বেশি দরকার। সেটা সবার সহযোগিতায় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বর্তমান মসজিদ কমিটির সভাপতি শফিক হাসান। ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত এই মসজিদ সেন্টারের আজীবন সদস্য এখন ৪৫০-এর বেশি।