আল-জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ডে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

মিসরে আল-জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড দেওয়ায় গভীর হতাশা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিন্দা ও সমালোচনায় মুখর হয়েছে অন্য দেশও। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
‘সন্ত্রাসী সংগঠনকে সহায়তা’ এবং ‘ভিত্তিহীন খবর ছড়ানোর’ দায়ে আল-জাজিরার তিন সাংবাদিককে গতকাল শনিবার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মিসরের একটি আদালত। এর পরই এই দণ্ডাদেশের প্রতিবাদে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।
পুনর্বিচারের রায়ে দণ্ড পাওয়া তিন সাংবাদিক হলেন মিসরীয় নাগরিক বাহের মোহামেদ, কানাডার নাগরিক মোহামেদ ফাহমি এবং অস্ট্রেলীয় নাগরিক পিটার গ্রেস্ট।
দণ্ড ঘোষণার সময় ফাহমি ও বাহের আদালতে উপস্থিত ছিলেন। চলতি বছরের প্রথম দিকে পিটারকে দেশে ফেরত পাঠানো হয়। তাঁর অনুপস্থিতিতেই গতকাল রায় দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহযোগিতার অভিযোগ আনা হয়। তিনজনই এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মিসরের কর্তৃপক্ষকে ওই রায় সংশোধন করার আহ্বান জানিয়েছে। রায়কে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হিসেবেও বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
রায়ে হতাশ হয়েছে অস্ট্রেলিয়া। উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। সমালোচনা এসেছে কানাডা থেকেও।
২০১৪ সালের জুলাই মাসে দেওয়া প্রথম রায়ে গ্রেস্ট ও ফাহমিকে সাত বছর এবং বাহেরকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া রায়ে তাঁদের ওই দণ্ড বাতিল করা হয়। ফেব্রুয়ারি মাসে তিনজনই মুক্তি পান। গতকাল পুনর্বিচারের রায়ে তাঁদের নতুন করে দণ্ড দেওয়া হলো। ফাহমি ও বাহেরকে কত দিন কারা ভোগ করতে হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। কেননা দুজনই ইতিমধ্যে প্রায় এক বছর কারাগারে ছিলেন। রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আল-জাজিরা কর্তৃপক্ষ।