
কানাডার আলবার্তা প্রদেশের এডমনটনে আলবার্তা বঙ্গ সোসাইটির উদ্যোগে ৯২২৬ ৩৯ অ্যাভিনিউর পিসিএইসি সেন্টারে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গোৎসব চলবে।
দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ। কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী বনশ্রী ঘোষালসহ স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করবেন।
পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে, সমাজের সব অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার মর্ত্যে আবির্ভাব। ত্রেতা যুগে অসুর কূলের দাপটে মানবজাতি যখন উৎকণ্ঠিত তখন মানবকল্যাণে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি পিতার আদেশে বনবাসে থাকাকালে লঙ্কেশর রাবণ তাঁর স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন। লঙ্কাপুরি থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এই পূজাকে অকালবোধন বলা হয়। এরই পরিপ্রেক্ষিতেই শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি। এ বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন নৌকায় চড়ে, এতে ফসল উৎপাদন ভালো হবে। দেবী দুর্গা বিদায় নেবেন ঘোড়ায় চড়ে, এতে রোগ-বালাই সব দূর হবে। শারদোৎসবের বার্তা পেয়ে প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গোৎসবের হরেক আয়োজনে।
দুর্গাপূজার এই কয়টা দিন প্রবাসী হিন্দুরা মেতে থাকবেন অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সব প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই হোক সবার অন্তরের কামনা।