আলবেনিতে নাচে-গানে বৈশাখ উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব শ্রেণি-পেশার বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে আলবেনিতে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। ১৭ এপ্রিল লেথান শহরের একটি চার্চ মিলনায়তনে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন (বাফা) এ উৎসবের আয়োজন করে।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল বৈশাখী মেলা। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে কমেডি শো, প্যারোডি, দলীয় নৃত্য, ফ্যাশন শো ও জারিগান উপভোগ করেন দর্শনার্থীরা। মেলায় রকমারি পণ্যের স্টলও ছিল। পাশাপাশি কনস্যুলার সেবা নিয়ে প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ছিল আলাদা স্টল।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খায়রুল ইসলাম, মিথুন জব্বার, শম্পা হক ও জহিরুল হক চৌধুরী। তবলা ও অক্টোপ্যাডে ছিলেন খুশবু আলম ও জয়। উপস্থাপনায় ছিলেন আবৃত্তিকার মিজান প্রধান ও সুপ্তি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে।