আলাবামা মোবিলে বাংলাদেশি পিঠা উৎসব

দক্ষিণ আলাবামা মোবিলে ১৮ মার্চ বাংলাদেশি সংস্কৃতির পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ আলাবামা ছাড়াও প্রতিবেশী ফ্লোরিডা ও মিসিসিপি অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৫০ পদের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন।
পিঠা উৎসবে বাংলাদেশিরা ছাড়াও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি পরিবার অংশ নিয়েছিল। বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে নতুন প্রজন্ম ও মূলধারার আমেরিকানদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
নুরুন নাহার লিপি ও নাজমুল হক খোকনের তত্ত্বাবধানে এই উৎসবের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম লিটন, পান্না আখতার, ইয়াসমিন ইসলাম লাইলী, তাসনিম সুলতানা রিমি, জয়ন্তী সরকার, কোয়েলি নন্দী, নিতা সিকদার, হুয়ায়রা আনব, লিপিকা নেসমিন আরিফ প্রমুখ।
নুরুন নাহার লিপি বলেন, ‘আমাদের ঐতিহ্যকে তুলে ধরাই হচ্ছে পিঠা উৎসবের মূল লক্ষ্য। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যপূর্ণ খাবারের ইতিহাস সম্পর্কে জানবে এবং পরিচিত হবে।’
উৎসবে নিয়ে আসা ৫০ পদের পিঠার মধ্যে ছিল—চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পাপুর পিঠা, বিবি খানা পিঠা, মাছ পিঠা, ফুলঝুরি পিঠা, এলেবেলে গজা, ডিম পিঠা, মুড়ির মোয়া, মুরালি, মুগ পাকন, ঝাল পুলি পিঠা, মাংসের পুলি পিঠা, চন্দ্রপুলি পিঠা, রসের পিঠা, পাতা পিঠা, সাদা মেরা পিঠা, গুড়ের মেরা পিঠা, তিলের পিঠা, ভাপা পিঠা, ছিট রুটি, নকশি পিঠা, গোলাপ পিঠা, বিস্কুট পিঠা, সূর্যমুখী পিঠা, স্টার পিঠা, পাটিসাপ্টা পিঠা, জিলাপি পিঠা, চরকা ও হাঁস পিঠা, শিমফুল পিঠা, আনারস পিঠা, তেলের পিঠা, হৃদয়হরণ পিঠা ইত্যাদি।
এ ছাড়া পিঠা উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখরোচক গ্রামীণ ভর্তা-ভাজি, শুঁটকির ভর্তা, আলুর ভর্তা, শিম ভর্তা, কালিজিরা ভর্তা, লাউয়ের খোসার ভর্তা, মাছের ভর্তা, কলার ভর্তা ও ঢেঁড়শের ভর্তা পরিবেশন করা হয়।
উৎসবের শেষ পর্যায়ে ৯০ দশকে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওডিসি’র লিড গিটারবাদক রিচার্ড গোমেজ এবং ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার ডিজিটাল সাংবাদিকতার সহকারী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন আরিফ বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।
সংগীতানুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন পিয়ানোবাদক গর্ডন চেন এবং রিচার্ড গোমেজের স্ত্রী জোয়ান্না গোমেজ।