আলাবামায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভারতের পশ্চিমবঙ্গের বাংলাভাষী ও মূলধারার আমেরিকানদের অংশগ্রহণে আলাবামা অঙ্গরাজ্যের মবিল শহরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে দেশ-ভাষা নির্বিশেষে সবাই এতে অংশ নেয়। এতে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। মাতৃভাষা বাংলার জন্য আত্মদানকারীদের স্মরণে এটি ছিল দুই বাংলার মানুষের শ্রদ্ধার ও ভালোবাসার এক মিলনমেলা। অংশ নেন মূলধারার আমেরিকানরাও।
অনুষ্ঠানের শুরুতে দুই বাংলার শিল্পীরা একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গেয়ে শোনান। তারপর শিশু শিল্পীরা ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ গানটি পরিবেশন করে। একে একে পরিবেশন করা হয় ‘আমি বাংলায় গান গাই’, ‘মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে’, ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানগুলো। আবৃত্তি করা হয় কবি সৃজন সেনের অমর সৃষ্টি ‘মাতৃভূমির জন্য’।
সাউথ আলাবামা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড লার্নিং সেন্টারের পরিচালক ড. শিলাদিত্ত রাজ চৌধুরীর নেতৃত্বে দুই বাংলার শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড. দেলোয়ার হোসেন (আরিফ), ড. রাজর্ষি দে, আয়তা ব্যানার্জি, লিপিকা দে, নুরুন্নাহার লিপি, নেসমিন আরিফ ও রুমানা তাসনীম (রিমি)।
অনুষ্ঠানে সাউথ আলাবামা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিভাগের পরিচালক নোয়েল ম্যাককেন বলেন, ‘এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। এটি ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরার জন্য অসাধারণ এক অনুষ্ঠান।’