আলেয়া
ইস্ট রিভার এই মুহূর্তে একেবারে কানায় কানায় পূর্ণ। আটলান্টিকের এই নোনা পানিতে কোনো দিন কাউকে সাঁতার কাটতে কেউ দেখেছে বলে মনে পড়ে না। পথ হারিয়ে মাঝেমধ্যে দু-একটা হাঙর ঢুকে পড়ে। ভাগ্যক্রমে কেউ দেখে ফেললে সেদিন রেডিও টিভির পোয়াবারো। খবর প্রচারিত হতেই থাকে মিনিটে মিনিটে। শেষবারের মতো কখন কোথায় দেখা গেছে, তার লোমহর্ষক বর্ণনা চলে। শৌখিন সাঁতারু অনেকেই তাদের জেট স্কি নিয়ে এখানে আসে। এগুলো তাদের নিজস্ব কিনা বোঝার উপায় নেই। নিশ্চয় তাদের লাইসেন্স আছে। রায়হানের সাধ হয় ইস্ট রিভারে সেও তাদের মতো জেট স্কি নিয়ে ইচ্ছেমতো ড্রাইভ করবে; ছোটবেলায় যেভাবে সাঁতার কাটত।
জোয়ার-ভাটার উত্তাল ঢেউয়ে দু পারে তেমন কোনো ক্ষতি-বৃদ্ধি চোখে পড়ে না। নদীকে বাগে এনে প্রকৃতির ওপর মানুষের সীমাহীন নিয়ন্ত্রণ সভ্যতার মাপকাঠি নিঃসন্দেহে। ঘণ্টার পর ঘণ্টা অনেকেই নদীর পারে বসে হয়তো সেই ভাবনায় মুহূর্তগুলো পার করে দেয়। রায়হান তাদের সাথে কিছু স্মৃতি সিংক্রোনাইজ করার ব্যর্থ চেষ্টা চালায়।
সন্ধ্যায় হ্যালোজেন বাতির আলোয় সজ্জিত নদীর দু পারের অপরূপ সৌন্দর্য প্রতিদিনের সাধারণ ব্যাপার। মেয়রের সরকারি আবাস এপার থেকে চিনতে কোনো অসুবিধা হয় না। শুনেছিল নিউইয়র্ক সিটির মেয়র সেখানে অনেক সময় থাকেন না।
ম্যানহাটনের আকাশছোঁয়া অট্টালিকার সাথে পাল্লা দিয়ে এ পারেও নতুন নতুন অট্টালিকা বেড়েই চলছে। রায়হান যে নেইবারহুডে থাকে, তারা মিটিং করে নগর কর্তৃপক্ষকে বারণ করেছে, অ্যাস্টোরিয়ায় আরএফকে ব্রিজের উত্তর পাশে কমার্শিয়াল নেইবারহুড করতে। কিছুদিন আগে আমাজানের দ্বিতীয় প্রধান কার্যালয় প্রতিষ্ঠার চুক্তিও বাতিল হয়ে যায় সচেতন এলাকাবাসীর প্রতিবাদের মুখে। তাই পরিবেশটা খুব ভালো লাগে। একেবারে হালকা বসতি। চারতলার ওপরে দালান নেই বললেই চলে। চারদিকে রয়েছে পার্ক ও খেলার মাঠ।
রংবেরঙের গাড়িগুলো লাল-নীল-হলুদ আলো ছড়িয়ে দ্রুত গতিতে এফডিআর হাইওয়ে ধরে হারিয়ে যাচ্ছে। এদের গন্তব্যস্থল কানেকটিকাট, নিউজার্সি, আপস্টেট অথবা ব্রঙ্কস। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। রায়হান অনিয়মিতভাবে জগিং করতে আসে অ্যাস্টোরিয়া পার্কে। আগে সুইমিং পুলে মাঝে মাঝে সাঁতার কাটত। সাথে ছেলে মেয়ে থাকত। ইদানীং সুইমিং পুলে আর যায় না। বয়স বেড়েছে। তাকে মানায় না। অবশ্য প্রতিদিন সাঁতার কেটে শাওয়ার করতে ইচ্ছে হয়।
এত দিনে একজন বাংলাদেশিকেও জগিং করার সময়ে পায়নি। কিছুটা অবাক হয়। মাঝে মাঝে অনেকে আসেন পরিবার নিয়ে। এশিয়ান পরিবারের মানুষগুলো দলবেঁধে আসে। সাথে আনা ফ্লাক্স, বিস্কুট, ঝালমুড়িসহ বিভিন্ন ধরনের হালকা স্ন্যাক্স নিয়ে চাদর বিছিয়ে আয়েশ করে বসেন। পুরো বিকেলে পিকনিকের আমেজ। সাদাদের সাথে কিছু মিডল ইস্টার্নদের দৌড়াতে দেখা যায়। রায়হানের স্ত্রীকে অনুরোধ করলেও আসে না; আগে আসত।
টেনিস কোর্টে শুধু সাদাদেরই দেখা মেলে। একা একা সে তো আর টেনিস খেলতে পারে না; তাই স্কোয়াশ কোর্টে গিয়ে মাঝে মাঝে একটু প্র্যাকটিস করে। তাও তরুণদের আসার আগে। ওরা কোর্ট দখল করলে রায়হান আর পাত্তাই পায় না। খুব প্রাণবন্ত লাগে তাকে সে সময়।
নদীর পাড়ে আজ অনেকক্ষণ হয়ে গেল। কিছু আগে হালকা ব্যায়াম করে এখন বিশ্রাম নিচ্ছে। উদাস মনে ব্রিজের ওপারে ম্যানহাটনের দিকে আনমনে চেয়ে থাকে। শান্তির বাতাস বইছে। আজ আর কাজে যাবে না। স্বাধীন পেশা; না গেলেও কেউ ফায়ার করবে না তাকে। সে তো সাধ্যমতো চেষ্টা করেছে জীবনের মোড় ঘোরানোর। কী আর করা! সোনার হরিণ ধরা সবার ভাগ্যে জোটে না। এবার ক্ষান্ত দিতে হবে।
আলেয়ার কথা মনে পড়ে। অ্যাস্টোরিয়া পার্কে তাকে দেখে সত্যিই বিস্ময়ের শেষ ছিল না। মনে পড়ে, সবেমাত্র রায়হান দেশে একটা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি নিয়েছে। বাসার কাছে খিলগাঁও রেলক্রসিংয়ের মোড় থেকে অফিসের মিনিবাসে চড়ে অন্য কলিগদের সঙ্গে মতিঝিল অফিসে যেত। একদিন একটি মেয়ে একই স্টপ থেকে একসঙ্গে অফিস যেতে শুরু করে। অসাধারণ সুন্দরী। কারও সাথে একটা কথাও বলে না। পরে রহমান সাহেবের কাছ থেকে জেনেছিল মেয়েটি ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করেছে। স্ট্যাটিসটিকস মাস্টার্স; নাম আলেয়া। নয় তলায় বসে। রায়হান হাইড্রোগ্রাফি ডিপার্টমেন্টে; দশ তলায়। তাই একসঙ্গেই লিফটে ওপরে যেত সাইন ইন করতে। পরে নিচে এক তলায় নেমে আসত। ইকোসাউন্ডার মেশিন, রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট ইত্যাদি নিচতলায় থাকা সুবিধা। এসব মেনটেন্যান্স করে আবার ওপরে গিয়ে কলিগদের সঙ্গে আড্ডা দিত। প্রায়ই আরিচা-নগরবাড়ি, রুইমারি, চাঁদপুর-বরিশাল, খুলনা-চিটাগাং ট্যুরে যেতে হতো। অফিসে যখন থাকত, অনেক দিন লাঞ্চের সময় মতিঝিল মার্লিন রেস্তোরাঁয় আলেয়ার সঙ্গে দৃষ্টি বিনিময় হতো অনিচ্ছা সত্ত্বেও। তবুও কেউ কথা বলত না; হয়তো অসামাজিক। অসাধারণ সুন্দরী বলে দাম্ভিকও হতে পারে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে প্রতি সপ্তাহে টিএ/ডিএর বিল আনতে যেতেই হতো। অন্যরা কথা বললেও মেয়েটি শুধু তাকিয়ে থাকত। তার কিছুদিন পরই রায়হান আমেরিকায় চলে আসে। কয়েক মাসের মাথায় আলেয়ার মতো অপূর্ব সুন্দরী একটি মেয়েকে অ্যাস্টোরিয়াগামী ট্রেনে দেখতে পায়! তা কী করে সম্ভব? ভূত দেখার মতো চমকে ওঠে রায়হান।
জিজ্ঞেস করবে নাকি, সে কি আলেয়া? অ্যাস্টোরিয়া সাবওয়ে স্টেশনেই তাকে নামতে দেখল। আবার মুহূর্তে হারিয়েও গেল। আসলে রায়হানের ট্রেন থেকে নামতে একটু দেরি হয়ে যায়। সেদিন কুইন্স প্লাজা থেকে অ্যাস্টোরিয়া এই ট্রেনটি এক্সপ্রেস হয়ে যায়। রাশ আওয়ারে ম্যানহাটন থেকেই যখন লোকে গাদাগাদি তখন এন-ট্রেন প্রায়ই কুইন্স প্লাজা থেকে এক্সপ্রেস হয়ে আসে। মধ্যখানে পাঁচ-ছয়টা স্টেশন স্কিপ করে। আলেয়াকে আর দেখল না।
সম্ভবত দৌড়ে নিচে নেমে গিয়ে অপজিট ডিরেকশনের ট্রেনে উঠে গেছে। কারণ, সেই ট্রেনটি প্রতিটি লোকাল স্টেশন ধরবে ফিরতি পথে। আলেয়ার কথা ভুলতেই বসেছিল এত দিন। প্রায়ই সে অ্যাস্টোরিয়া পার্কে যায় এখানে আসার পর থেকে। একটু-আধটু দৌড়াদৌড়ি করে। সব ধরনের খেলাধুলার সামগ্রী তার রয়েছে। ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, বাস্কেটবল, বাইসাইকেলসহ অনেক কিছু। যখন যেটা প্রয়োজন, তখন সেটা নিয়ে পার্কে আসে। একমাত্র ছেলেকে নিয়ে পার্কে সময় কাটায়। কোনো দিন একাই আসে।
একদিন লক্ষ্য করল আলেয়ার মতো একজন পার্কে একা বসে আছে। রায়হান সাহস করে সামনে গেল। ‘আপনি আলেয়া না? বিআইডব্লিউটিএ তে চাকরি করতেন? আমরা একসঙ্গে গাড়িতে অফিসে যেতাম।’
আলেয়া রায়হানের দিকে কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে রইল। ‘জ্বি। আমি আলেয়া। আমিও কয়েক মাস আগে আপনাকে ট্রেনে দেখে অবাক হয়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না। মনে হয়েছিল দেখার ভুল। আবার আমরা দুজন একই নেইবারহুডে’, আলেয়া খুব নরম সুরে কথাটি বলল।
-কিন্তু এখন তো আমাদের একসাথে গাড়িতে যাওয়ার আর প্রয়োজন পড়বে না। কথা বলতে গিয়ে রায়হান আরও কাছে এল। আপনার স্বামীকে দেখছি না যে? রায়হান প্রায় নিশ্চিত ছিল আলেয়া বিয়ের পরপরই আমেরিকায় এসেছে।
আলেয়া কোনো উত্তর দিল না।
একটু পরে সে বলল, আমেরিকায় তার ভালো লাগছে না। সে ফিরে যেতে চায় দেশে। আগের চাকরিতে। স্বামীর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। একাই পার্কে এসেছে সময় পার করতে। স্বামী কাজে চলে গেছেন।
রায়হান কী বলবে ভেবে পাচ্ছে না। এমন দেমাগী সুন্দরী মেয়ের ভাগ্যে কী লেখা আছে সৃষ্টিকর্তাই শুধু জানেন।
-আমাকে না শুনেই বাবা-মা বিয়ে ঠিক করেন। হুট করেই আমেরিকায় আসা। না-বলা কথার স্ফুলিঙ্গ যেন বের হচ্ছিল।
রায়হানের ছোট ছেলেটি তখনই দৌড়ে এসে বলল, বাবা, আম্মু ডাকছে তোমাকে। দূর থেকে রায়হানের স্ত্রী তাকে অবজারভ করছিল।
-তোমাকে বলেছিলাম না এই মেয়েটির কথা।
-হ্যাঁ, এখন কী হয়েছে?
-মনে হয় সে আমেরিকায় এসে অসুবিধায় পড়ে গেছে।
-তুমি কি তাকে উদ্ধার করতে যাবে! স্ত্রীর উদ্বেগ!
-মানুষের সমস্যা হতেই পারে। বাঁকা কথা বলা কি ঠিক?
একটু পরে রায়হানের স্ত্রীর মনটা নরম হয়ে গেল। বলল, ‘সব ঠিক হয়ে যাবে।’
আলেয়াকে তো দেখছে না। মুহূর্তে হারিয়ে গেল নাকি আবার! তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলে অনেক হালকা হয়ে যেত।
আলেয়াকে আর পেল না। সেদিন থেকে সে খুঁজছে। হয়তো অন্য স্টেটে চলে গেছে। নিউইয়র্কে থাকলে নিশ্চয়ই দেখা হতো। কোনো অনুষ্ঠানেও দেখা মেলেনি। ওর দেশে ফিরে যাওয়া ঠিক হবে না। নিশ্চয় আমেরিকায়ই থেকে গেছে।
সন্ধ্যা নেমেছে অনেক আগে। ঘরে ফিরতে হবে। আটাশ বছর আগের স্মৃতি। আলেয়ার সন্তানাদী আছে নিশ্চয়। ওরা হয়তো এখন প্রতিষ্ঠিত। আবার কি দেখা হবে? এই পার্কে। কোনো দিন।
একমাত্র রায়হানই এখনো এই নেইবারহুডে রয়ে গেছে। অন্যেরা জ্যামাইকা, ব্রঙ্কসে মুভ করেছে। বেশির ভাগ বাড়ি কিনে চলে গেছে। রায়হান এখান থেকে যেতে চায় না। অন্য নেইবারহুডে গেলে তার দম বন্ধ হয়ে আসে। সবাই বলে পৃথিবীটা ছোট। কিন্তু কই? আলেয়াকে আর পেল না। সেদিনের অব্যক্ত বেদনার রহস্য জানতে পারেনি।
কয়েক ব্লক হেঁটে এসে দুজনই শাহজাহানপুরের মোড়ে অফিসের গাড়ি জন্য অপেক্ষা করত। কখনো সে আগে আসত, আবার কখনো আলেয়া। প্রায় ছয় মাস একই সাথে যাওয়া-আসা করেছে। এখনো ভুলতে পারে না। জীবনের কোনো বাঁকে অন্ধকার নেমে আসে, আঁচও করা যায় না।
চলার পথে এই মোড়ে এসে আলেয়াকে আবার খোঁজে রায়হান। খুব সুন্দর মিষ্টি মেয়ে। আলেয়ার জীবনে সুখের হাওয়া কেমন করে বইছে দেখতে চায়। জীবনের উত্থান-পতনকে কী রকম বাগে নিয়ে এসেছে! তবে এত বছর পর কেউ কাউকে চিনতে পারবে কি? যদি হঠাৎ সামনাসামনি এসে পড়ে। কারণ রায়হান নিজেই আর তাকে চিনতে পারে না।