আলোর মুখ দেখছে হারপার লির সেই অপ্রকাশিত উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোর মুখ দেখতে যাচ্ছে পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন উপন্যাসিক হারপার লির একটি অপ্রকাশিত উপন্যাস। গো টু সেট এ ওয়াচম্যান নামের কয়েক দশক আগে লেখা উপন্যাসটি আগামী ১৪ জুলাই প্রকাশিত হবে। খবর বিবিসির।
হারপার লি উপন্যাসটি লিখেছিলেন পঞ্চাশের দশকের মাঝামাঝি। তবে সম্পাদনাকারীর উপদেশে তিনি তখন বইটি প্রকাশ করেননি। এর বদলে লেখা শুরু করেন টু কিল এ মকিংবার্ড নামের পরবর্তী সময়ে তুমুল প্রশংসিত উপন্যাসটি। ওই উপন্যাসই লেখক হিসেবে হারপার লিকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। ১৯৬০ সালে প্রকাশিত উপন্যাসটির জন্য পুলিৎজার পুরস্কার পান তিনি। উপন্যাসটি অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ১৯৬২ সালে অস্কার পুরস্কার জেতে।
গো টু সেট এ ওয়াচম্যান উপন্যাসের কাহিনি স্কট ফিঞ্চ নামের এক তরুণীকে ঘিরে। আইনজীবী বাবা অ্যাটিকাস ফিঞ্চকে দেখতে নিউইয়র্ক থেকে দক্ষিণাঞ্চলীয় মেকম্ব (কল্পিত) শহরে ফিরে যান তিনি। সেখানে গিয়ে যে এলাকায় জন্মেছেন এবং শৈশবকাল কাটিয়েছেন, তার প্রতি নিজের অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করেন ওই তরুণী।
বর্তমানে ৮৮ বছর বয়সী হারপার লি উপন্যাসটি প্রকাশ করতে পেরে দারুণ খুশি। ‘এত বছর পর হলেও উপন্যাসটা প্রকাশ হতে যাচ্ছে, এটা ভেবে খুব খুশি লাগছে,’ বলেছেন লেখক।