আলো-আঁধারের দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যাস্ত দর্শন
সূর্যাস্ত দর্শন

সেন্ট্রাল ফ্লোরিডা দেখার সমাপ্তি টেনে এবার কি ওয়েস্টে যাওয়ার পরিকল্পনা করা হলো। ডিসেম্বরের এক রোদেলা সকাল, তপ্ত দাবদাহ কিংবা সূর্যের প্রচণ্ড প্রখরতা তখনো অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়নি। এমনি এক সকালে আমরা বেরিয়ে পড়লাম কি ওয়েস্টের উদ্দেশে। পোর্টমায়ার্সের কাউন্টি লেহাই একার্স থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টার ড্রাইভ কি ওয়েস্ট। মায়ামি শহরের পাশ ঘেঁষে আমাদের গাড়ি চলছে ৫০/৫৫ মাইল গতিতে। এবার আমাদের হোস্ট স্বয়ং গাড়ি চালাচ্ছেন। হঠাৎ আমার এক বন্ধুর ফোন মিশিগান থেকে, ওর আবদার হচ্ছে মায়ামি থেকে সিলেটের জারা লেবু (শাসনি লেবু) তার চাই। সিলেটের কোন কোন অঞ্চলে এক ধরনের লেবু পাওয়া যায় যা খুবই সুস্বাদু এবং আকারে অনেকটা পেঁপের মতো। ফ্লোরিডা প্রবাসী সিলেটের একজন শখ করে তাঁদের বাড়ির আঙিনায় এ জাতীয় লেবুর চাষ করে থাকেন। গুগল সার্চ করে কিছু দূরেই দেশি গ্রোসারির সন্ধান পাওয়া গেল। দোকানি বললেন, এখনো এই বিশেষ লেবুর সময় আসেনি। অগত্যা বন্ধুর আবদার আর রাখা হলো না।
আমরা যথারীতি এগোতে থাকলাম ওভারসিস হাইওয়ে ধরে কি ওয়েস্টের দিকে। কিছু দূর এগোতেই দৃষ্টিতে পড়ল চারদিকে অথই জলরাশির। জনমানবহীন মহাসড়ক ধরে দূরে লক্ষ করা গেল, সরু লতাগুল্মের মতো কি যেন লেপ্টে আছে সাগরের সঙ্গে। বদরুল বলতে লাগল—এটা হচ্ছে সাত মাইল সেতু, এ নামেই এর পরিচয়; প্রথমে নাকি এখানে রেলওয়ে যোগাযোগ ছিল, ১৯৩৫ সালে লেবার ডে সাইক্লোনে রেললাইনটি তছনছ করে দেয়। তারপর নির্মাণ করা হয় সাত মাইল সেতু, ১৯৬০ সালের হারিকেন ‘ডন্না’ আবার দুমড়ে-মুচড়ে দিল সেতুটাকে। যেন সমুদ্রদেবী কিছুতেই মনুষ্যকুলের দাম্ভিকতা মেনে নিতে পারছিল না। তখন আর কী করা, এ যেন অপশক্তির সঙ্গে মনুষ্যকুলের রীতিমতো যুদ্ধ ঘোষণা! আবার করিল পণ মনুষ্যজাতি; যেভাবেই হোক করিব আবার মানবকুলের গতি। সত্যিই শুরু হয়ে গেল নতুন সেতু তৈরির পরিকল্পনা। ১৯৭৮ সালে শুরু করে ১৯৮২ সালে শেষ হয়ে গেল নতুন সেতু তৈরির কাজ, এবং এটা শুরু করা হলো যান চলাচলের জন্য ।
এখন পুরোনো সেতুকে যথাযথ রেখে তার পাশ ঘেঁষে তৈরি করা হয়েছে নতুন আঙ্গিকে সেই সাত মাইল সেতু। পুরোনো সেতুটি শুধু ব্যবহার হচ্ছে কুকুর বেড়ালদের মালিকসহ দিবস যাপনে শারীরিক সুস্থতা বজায় রাখার চেষ্টায় আর সাইক্লিস্টদের শারীরিক কসরত প্রদর্শনে। আমাদের গাড়ি যখন সাত মাইল সেতুতে ওঠার একদম কাছাকাছি তখন হঠাৎ মনে হলো, নাম তো সাত মাইল সেতু কিন্তু প্রমাণ করব কীভাবে! সঙ্গে সঙ্গে জিপিএস সেট করে মিলিয়ে নিলাম। সেতু পার হয়ে দেখলাম সেতুর দীর্ঘতা একদম সঠিক। ঘণ্টা দুয়েক ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম কি ওয়েস্ট-এ।
কি ওয়েস্ট হচ্ছে উত্তর আমেরিকার দক্ষিণ পশ্চিমের শেষ সীমান্ত মেক্সিকো বে, ক্যারিবিয়ান সাগর আর আটলান্টিকের যুক্ত স্থলে দক্ষিণ ফ্লোরিডার দৃষ্টিনন্দিত একটি দ্বীপ। এখানে অবস্থিত মেলুরি স্কয়ার নামে এক পৃথিবী বিখ্যাত পর্যটন কেন্দ্রকে বলা হয় সূর্যাস্তের পর আলো আঁধারের এক টুকরো দ্বীপ।
রেস্তোরাঁগুলো আদি স্থাপনার ঐতিহ্যবাহক। এখানে জেসারি টেইলরের ঐতিহাসিক স্টেট পার্ক থেকে সূর্যাস্ত দেখার আয়োজনে বিখ্যাত ক্রুজ লাইন ও হেলিকপ্টারে সূর্যাস্ত দেখার ব্যবস্থা রয়েছে। ক্রুজে চড়তে মাথা পিছু ৪১ ডলার ও হেলিকপ্টারে ১১০ ডলার করে ভাড়া। এ ছাড়াও জেচারি টেইলর স্টেট পার্কে দর্শনার্থীদের আকৃষ্ট করতে রাখা হয়েছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কামান, গোলাবারুদ ও মিলিটারি ব্যারাক।
টেইলর স্টেট পার্কে গেলেন আর প্রজাপতির বাগান দেখলেন না, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এখানকার নানা প্রজাতির প্রজাপতি আপনার চোখ ধাঁধিয়ে হৃদয়-মনকে হরণ করে নেবে। মনে হবে আপনি কোনো রূপকথার রাজ্যে বিচরণ করছেন।
এখানে কিছু প্রাচীন আর শৈল্পিক নান্দনিকতার ছোঁয়ায় গড়ে তোলা হয়েছে বারগুলো। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে রেস্তোরাঁ এবং সন্ধ্যার পর কুপি জ্বালিয়ে আলোকসজ্জা করার ব্যবস্থা রাখা হয়েছে। দ্বীপটির আয়তন ৪ মাইল লম্বা এবং এক মাইল প্রস্থ, অর্থাৎ ৪ দশমিক ২ বর্গমাইল। আমেরিকা যখন ব্রিটিশদের শাসনে ছিল, তখন কি ওয়েস্ট দ্বীপটি স্প্যানিশ জেলেদের অধীনে ছিল। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সময়কালে দ্বীপটির সংস্কার হয়। প্রথম বিশ্ব যুদ্ধে এখানে গড়ে ওঠে আমেরিকান সামরিক প্রশিক্ষণ কেন্দ্র।
আটলান্টিকের বিশাল জলরাশির প্রায় নব্বই মাইল ওপারে ফিদেল কাস্ত্রোর সমাজতান্ত্রিক দেশ কিউবা, কি ওয়েস্ট দ্বীপ থেকে কিউবার রাজধানী হাভানা ঘুরে আসতে পারেন ক্রুজ লাইনের মাধ্যমে।