আলোচনায় নতুন গতি এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কপ-২০ সম্মেলনের দ্বিতীয় সপ্তাহের শুরুতে একটি পূর্ণাঙ্গ নতুন খসড়া চুক্তি বিলি হওয়ার ফলে আলোচনায় নতুন গতি এসেছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলও লিমায় এসে পৌঁছেছে। মূল সম্মেলনে এবং পাশাপাশি অনুষ্ঠিত বিভিন্ন পার্শ্ব অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে বিভিন্ন আন্তসরকারি গ্রুপ ও সুশীল সমাজের প্রতিনিধিদল নিজ নিজ বক্তব্য তুলে ধরছে।
জলবায়ু সংকটের আশু গুরুত্ব নিয়ে সাধারণ ঐকমত্য থাকলেও কীভাবে এই সংকট মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের ভেতরকার পুরোনো মতপার্থক্য ইতিমধ্যে সুস্পষ্ট হয়ে এসেছে। উপযোগীকরণ বা অ্যাডাপ্টেশনের জন্য ২০২০ সালের মধ্যে পর্যাপ্ত অর্থায়ন ও ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আইনগত মাত্রা বিষয়ে এ দুই গ্রুপ একে অপরের বিপরীত অবস্থান নিয়েছে। অর্থায়নের প্রশ্নে উন্নত দেশসমূহ ইতিমধ্যে প্রতিশ্রুত চাঁদাকে হিসাবের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে। উন্নয়নশীল দেশসমূহ শুধু নতুন চাঁদাকে সেই হিসাবে অন্তর্ভুক্তির পক্ষে।
অন্যদিকে নিঃসরণের প্রশ্নে উন্নত ও উন্নয়নশীল দেশ সবার জন্য একটি আইনগত মাত্রা—অর্থাৎ যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তারা আইনগতভাবে বাধ্য, তা বেঁধে দেওয়ার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রস্তাব প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট মাত্রা নির্ধারণের বদলে দেশসমূহ নিজেরাই তাদের জন্য কার্যকর সম্ভব এমন মাত্রা নির্ধারণ করবে, সেই নীতির পক্ষে।
নিঃসরণ প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান মার্কিনদের উষ্মার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই গ্রুপের প্রতিনিধিদলের প্রধান এলিনা বারড্রাম এক সংবাদ সম্মেলনে সব দেশের জন্য বাধ্যতামূলক নিঃসরণের মাত্রা নির্ধারণ ও তা বাস্তবায়নের একটি স্বচ্ছ ও প্রমাণযোগ্য প্রক্রিয়া উদ্ভাবনের পক্ষে মত রেখেছেন। যুক্তরাষ্ট্রের নাম না উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট মাত্রার পরিবর্তে বিকল্প কোনো পথ অনুসরণ করলে যে দীর্ঘমেয়াদি ফল সবার কাম্য, তা অর্জিত হবে না।
অন্যদিকে উন্নয়নশীল দেশসমূহ ইতিপূর্বে অনুমোদিত কিয়োটো প্রটোকল অনুযায়ী তাদের জন্য কোনো নিঃসরণের মাত্রা নির্ধারণে অনাগ্রহী। ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ জাদেভকর এই গ্রুপের মনোভাব প্রকাশ করে কিয়োটো প্রটোকলে ইতিপূর্বে সম্মত উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের ভিন্ন ভিন্ন পথ অনুসরণের সিদ্ধান্তটি পরিবর্তনের বিপক্ষে মত রেখেছেন।
অধিকাংশ পর্যবেক্ষকের ধারণা, চূড়ান্ত খসড়া অনুমোদনের আগে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহ তাদের অগ্রাধিকার অনুযায়ী দরকষাকষি অব্যাহত রাখবে। তবে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ-২১ সম্মেলনের জন্য একটি চূড়ান্ত খসড়া যাতে এই লিমা সম্মেলনে গৃহীত হয়, সে ব্যাপারে সবাই সমানভাবে আগ্রহী। বিশেষজ্ঞরা বলছেন, নিঃসরণের জাতীয় লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ হলেও কোনো এক বছরে বা নির্ধারিত সময়সীমায় কী পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হলো তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই নিঃসরণের মোট পরিমাণ। একই কারণে গ্রিনহাউস নিঃসরণের ফলে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য পরিকাঠামোগত উপযোগীকরণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই গ্যাস যাতে নিঃসরিত না হয়, তা নিশ্চিত করা।
লিমা সম্মেলনের একটি উল্লেখযোগ্য দিক হলো বিপুলসংখ্যক বেসরকারি ও সুশীল সমাজভুক্ত প্রতিনিধিদলের অংশগ্রহণ। মূল সম্মেলনে তাদের সরাসরি অংশগ্রহণ না থাকলেও জলবায়ু সংকট প্রশ্নে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তাদের জন্য খসড়া চুক্তিতে প্রস্তাব আকারে সংশোধনী উত্থাপনের সুযোগ রয়েছে।
জলবায়ু সংকটের প্রশ্নটি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য সবিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, বৈশ্বিক উষ্ণতার কারণে তাদের ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্মেলনে অংশগ্রহণকারী স্বল্পোন্নত দেশসমূহের সুশীল সমাজভুক্ত প্রতিনিধিদল ৪ ডিসেম্বর লিমায় এক সংবাদ সম্মেলনে তাদের বিবেচনায় যে বিষয়সমূহ লিমা চুক্তিতে অগ্রাধিকার দেওয়া উচিত, তার বিবরণ তুলে ধরে। এ বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু সংকটের মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও পর্যাপ্ত অর্থায়ন; উপযোগীকরণের পাশাপাশি নিঃসরণের প্রতি সমান গুরুত্ব; জলবায়ু চুক্তি বাস্তবায়নে একটি সুস্পষ্ট সময়সীমা (বা টাইম-লাইন); বৈশ্বিক উষ্ণতার ফলে উদ্ভূত উদ্বাস্তু সমস্যা সমাধান এবং মহিলা ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ।
বিপুলসংখ্যক তরুণ ও যুবকের উপস্থিতি এই সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। লিমায় নাগরিক অধিকার আন্দোলন ‘আওয়াজ’-এর প্রতিনিধিদলের অন্তর্গত বাংলাদেশের রিসালত খান প্রথম আলোকে জানিয়েছেন, সম্মেলেনে একটি ইতিবাচক আবহাওয়া রয়েছে, সব পক্ষই একটি সফল চুক্তি গ্রহণে আগ্রহী। রিসালত জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অব্যাহত নিষ্ক্রিয়তার কারণে যে গাফিলতি হয়েছে, তা নতুন প্রজন্মকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। তারা এ অবস্থার পরিবর্তন চায়।