আলোচনায় আগাম ভোট
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত সুইং স্টেটগুলোর দিকে সবাই তাকিয়ে আছে। প্রায় সব প্রতিষ্ঠানের হিসাবেই আটটি অঙ্গরাজ্যকে এবার সুইং স্টেট ধরা হচ্ছে। এর ছয়টিতে জনমত জরিপে বাইডেন এগিয়ে আছেন। দুটিতে ট্রাম্প। এ অঙ্গরাজ্যগুলোয় বিজয় নিশ্চিত করতে উভয় পক্ষ মরিয়া। ডেমোক্র্যাটরা বিশেষভাবে আশাবাদী, এগুলোর অধিকাংশে জয় নিশ্চিত করার মাধ্যমে তারা প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাবে। এরই মধ্যে ডাকযোগে ও আগাম ভোট গ্রহণ চলছে। আগাম ভোটের ফল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর প্রকাশের সময়ও গুরুত্বপূর্ণ।
ধরা যাক, অন্যতম বড় ও সুইং স্টেট হিসেবে বিবেচিত ফ্লোরিডার ডাকযোগে ও আগাম ভোটের ফল যদি ৩ নভেম্বরের আগে প্রকাশ করা হয়, তাহলে ডেমোক্রেটিক দল উজ্জীবিত হতে পারে। কিন্তু এই উজ্জীবিত হওয়াটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ, নিঃসন্দেহে এই ফল হবে বিভ্রান্তিকর। কারণ, ডাকযোগে বা আগাম ভোটের জন্য নিবন্ধন করা ভোটারদের একটি বড় অংশই ডেমোক্র্যাট। এসব ফলে তারা জয়ী হয়েছে বলে বার্তা আসতে পারে, যা শেষ মুহূর্তে তাদের গা-ছাড়া দেওয়ার কারণ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ ও গবেষকেরা বলছেন, আগাম ভোটের ফল বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষত সুইং স্টেটগুলোয় এই আগাম ভোটের ফল ভীষণ রকম বিভ্রান্তির জন্ম দিতে পারে। কারণ, করোনা পরিস্থিতির কারণে এবার এমনিতেই আগাম ও ডাকযোগে ভোটের জন্য বেশি মানুষ নিবন্ধন করেছেন। শুরু থেকেই এ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় ট্রাম্প সমর্থকদের মধ্যে আগাম ভোট বা ডাকযোগে ভোটের জন্য নিবন্ধনের হার কম। এ ছাড়া ফল প্রকাশের প্রক্রিয়াও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিভিন্ন কাউন্টি ধাপে ধাপে এ ফল প্রকাশ করায় এটি সামগ্রিক কোনো চিত্র দিতে পারে না। ফলে এতে উজ্জীবিত হলে ডেমোক্র্যাটদের আদতে বিপদে পড়তে হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের দিনের আগে যেসব কাউন্টির ফল প্রকাশ করা হবে, সেগুলোয় হয়তো দেখা যাবে বাইডেন এগিয়ে রয়েছেন। অন্যদিকে, যেসব অঙ্গরাজ্যে ডাকযোগে ও আগাম ভোট ৩ নভেম্বরের আগে গণনা করা হবে না, সেখানে হয়তো দেখা যাবে বুথফেরত জরিপে ট্রাম্প এগিয়ে রয়েছেন। ফলে দুই ক্ষেত্রেই সময় যত গড়াবে ভোটের ফল তত বদলাতে থাকবে।
মুশকিল হচ্ছে এবারের নির্বাচনের আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতির প্রশ্ন তুলেছেন। হাজির করছেন নানা ষড়যন্ত্র তত্ত্ব। ফলে এই ফল পরিবর্তনের প্রভাব ভয়াবহ রূপ নিতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকদের দিক থেকে সহিংস পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ অবস্থায় নর্থ ক্যারোলাইনার ওয়েক কাউন্টি বোর্ড ইলেকশনসের সদস্য গ্যারি কোহেন রয়টার্সকে বলেন, ‘ উভয় শিবিরকে ধৈর্য ধরতে হবে। সব ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ জন্য সময় দিতে হবে।’
বিশেষত ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনার মতো সুইং স্টেটে সমর্থক ও প্রচারকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কারণ, এ দুই অঙ্গরাজ্য ৩ নভেম্বরের কয়েক সপ্তাহ আগে থেকেই নির্বাচনকর্মীদের আগাম ও ডাকযোগে ভোট গণনার সুযোগ দেয়। আর এই গণনার ফল ৩ নভেম্বরই প্রকাশের সম্ভাবনা রয়েছে। উভয় অঙ্গরাজ্য এই ধারা মেনে চললে দুই ক্ষেত্রেই বাইডেন এগিয়ে রয়েছেন বলে মনে হবে। অন্তত রয়টার্সের জরিপ এমন তথ্যই দিচ্ছে। এর প্রভাব সরাসরি ভোটারদের ওপর পড়তে পারে। উভয় ক্ষেত্রেই ডেমোক্র্যাটদের এই সুস্পষ্ট এগিয়ে থাকা ক্রমে কমে আসবে। ৩ নভেম্বর রাতেই বিষয়টি পরিষ্কার হবে। কিন্তু উভয় পক্ষের অবস্থান এবার এমন যে, এই ফল পরিবর্তনের যুক্তিটি তারা শেষ পর্যন্ত কতটা মানবে, তা বলা মুশকিল।
পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে অবশ্য এই সমস্যা নেই। এই তিন অঙ্গরাজ্যে ডাকযোগে ও আগাম ভোট নির্ধারিত ভোটের দিনের আগে গণনার সুযোগ নেই। তবে মিশিগানে এবার কিছু শহরকে আগে থেকে ভোট গণনার সুযোগ দিয়েছে। তারপরও এটি কেন্দ্রীয়ভাবে তেমন সমস্যা সৃষ্টি করবে না বলে মনে করা হচ্ছে। আবার পেনসিলভানিয়ায় এই ভোট গণনা কয়েক দিন ধরে চলতে পারে। এমনিতে যুক্তরাষ্ট্রে এটি কোনো সমস্যা নয়। কিন্তু এবার যেমন অসহিষ্ণু হয়ে উঠেছে সবাই, তাতে বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে আগাম ও ডাকযোগে ভোটের ফল ঘোষণা ও এর সময়টি।
মাঠে নেমেই ট্রাম্পকে আক্রমণ ওবামার
মার্কিন নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় বাকি। তুমুল উত্তেজনার এ সময়ে যুক্তরাষ্ট্রের উদারনৈতিকদের মধ্যে জনপ্রিয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেনের পক্ষে মাঠে নেমেছেন।
ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে ওবামা বলেন, ট্রাম্পের কারণে বাইরের দেশগুলো শুধু যুক্তরাষ্ট্রকে নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলেছে এমন নয়, রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের লোকজনেরও মনোভাব বদলে দিয়েছে। তাই আমরা আরও চার বছর ট্রাম্পকে বহন করতে পারব না।
ঐতিহ্য অনুযায়ী সাবেক মার্কিন প্রেসিডেন্টরা সরাসরি কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে আক্রমণ করে বক্তৃতা দেওয়া এড়িয়ে চলেন। এবারের নির্বাচন এমনই উত্তেজনার হয়ে উঠেছে যে, ঐতিহ্যকে পাশে রেখে স্বয়ং মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
২১ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া নগরে বাইডেনের সমর্থনে প্রচারে যোগ দেন ওবামা। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যর্থতার কড়া সমালোচনা করেন তিনি। ওবামা বলেন, এটা আর কোনো রিয়েলিটি শো নয়, সবই এখন রিয়্যালিটি। চীনের ট্রাম্পের গোপন ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভাবতে পারেন, আমার দ্বিতীয় দফা নির্বাচনের সময় এমন তথ্য বেরিয়ে আসলে কী হতে পারত?’
রাশিয়া ও ইরান প্রভাবিত করার চেষ্টা করছে!
গোয়েন্দারা বলছেন, রাশিয়া ও ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক জন রেটক্লিফ ২১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বলেন, গোয়েন্দারা নির্বাচনে জনমতকে প্রভাবিত করার চেষ্টারত দুই খেলোয়াড়কে চিহ্নিত করতে পেরেছে। ইরান ও রাশিয়ার নাম উল্লেখ করে বলা হয়েছে, ভোটারদের কাছে ইমেইল এবং ভিডিও বার্তা পাঠানো হচ্ছে।
জন রেটক্লিফ বলেন, বিশেষ করে ইরান থেকে কিছু ভোটারদের বিভ্রান্ত করার, ভয় দেখানোর বার্তা পাঠানো হচ্ছে। এসব ইমেইল পাওয়ার পর আতংকিত না হওয়া ও এসব ছড়ানো থেকে বিরত থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। রাশিয়া ও চীন কিছু ভোটার রেজিস্ট্রেশনের তথ্য তাদের হাতে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।