আলোচনায় বড় জায়গা নেবে উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং
ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং

প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার মুখোমুখি বসতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বিশ্বের শীর্ষ অর্থনীতি ও সামরিক ক্ষমতার অধিকারী দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে এখন দৃষ্টি সবার।
অনেকেরই আশা, ট্রাম্প-সি বৈঠক থেকে হয়তো যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে। তবে উত্তর কোরিয়া ইস্যুতে এরই মধ্যে ভূরাজনৈতিক ঝড়ের মেঘ জমতে শুরু করেছে। গত রোববার ফিন্যান্সিয়াল টাইমস ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে চীন ব্যর্থ হলে তাঁর দেশ একাই পদক্ষেপ নেবে।
এর মধ্যে আবার উত্তর কোরিয়ার গতকালের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। হোয়াইট হাউসের আশঙ্কা, আর কয়েক মাসের মধ্যই হয়তো পিয়ংইয়ং পুরোপুরি পারমাণবিক শক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হয়ে উঠবে। আর এটা হলে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে চলে আসবে।
পিয়ংইয়ংয়ের গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি ভালো করে ছড়িয়ে পড়ার আগেই যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টার ‘সময় পার হয়ে গেছে’। এখন যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁদের রয়েছে। তবে দেশটির কয়েকজন কর্মকর্তা বলেছেন, মুখে ট্রাম্প যা-ই বলুন না কেন, তিনি পিয়ংইয়ংয়ের ওপর চাপ সৃষ্টি করতে সামরিক ছাড়া অন্য উপায়গুলোর দিকেই বেশি আগ্রহী।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ায় অর্থ সরবরাহে সহায়তা করা চীনা ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। তবে কূটনীতিকেরা মনে করেন, এতে পিয়ংইয়ংয়ের দমে যাওয়ার সম্ভাবনা কম। কারণ, সিঙ্গাপুরসহ চীনের বাইরে আরও বিভিন্ন জায়গা থেকে উত্তর কোরিয়ায় অর্থের প্রবাহ রয়েছে।
উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ চীনের ভীতি অবশ্য অন্য জায়গায়। সি চিন পিংয়ের সরকারের আশঙ্কা, উত্তর কোরিয়ার ওপর চাপ যত বাড়বে, দেশটির সঙ্গে চীনের সীমান্তে শরণার্থীর চাপও তত বাড়বে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ায় সামরিক অভিযান চালায়, তাহলে সে লড়াই কোরীয় উপদ্বীপে বড় যুদ্ধের সূচনা ঘটাবে। চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ইয়াং শিউ বলেন, ‘উত্তর কোরিয়ার বিষয়ে চীনের একটা প্রতিষ্ঠিত নীতি রয়েছে। দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে গভীর আলোচনা নিশ্চয়ই হবে, তবে ট্রাম্পের কথাতেই চীন তার অবস্থান পরিবর্তন করবে না।’