আলোচনায় 'মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির হামবুর্গে গতকাল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ক্রেমলিনের সৌজন্যে
জার্মানির হামবুর্গে গতকাল বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: ক্রেমলিনের সৌজন্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক হয়েছে গতকাল শুক্রবার। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এক অনির্ধারিত বৈঠকে মুখোমুখি হন তাঁরা। এতে অনুমিতভাবেই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের প্রসঙ্গটি। এ দুই নেতা বিষয়টি নিয়ে ‘বিস্তৃত’ আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। খবর বিবিসির।

জি-২০ সম্মেলনের শুরুর দিনে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও দোভাষী। বৈঠকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রসঙ্গ নিয়ে দুই নেতা খোলাখুলি আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভাষায় এ আলোচনা ছিল ‘ব্যাপক বিস্তৃত’ পরিসরের। এ আলোচনার ফলাফল সম্পর্কে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মার্কিন নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি বলে আশ্বস্ত করেন রুশ প্রেসিডেন্ট, যা মেনে নিয়েছেন ট্রাম্প।
যদিও একই বিষয়ে রেক্স টিলারসনের মত কিছুটা ভিন্ন। তিনি জানান, (মার্কিন নির্বাচনে) ঠিক কী ঘটেছিল, তা সম্পর্কে দুই দেশ আদৌ কখনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, বৈঠকের শুরুতেই ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের বিষয়টি উত্থাপন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রসঙ্গটি পুতিনের সামনে একাধিকবার তুলে ধরেন ট্রাম্প। এর বিপরীতে বরাবরের মতোই অভিযোগটি অস্বীকার করেন রুশ প্রেসিডেন্ট।
এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচনে রুশ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেনি। রুশ পক্ষের এ সুস্পষ্ট বিবৃতি গ্রহণের বিষয়ে বৈঠকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সংবাদ সম্মেলনে লাভরভের এ বক্তব্যের সত্যতা সম্পর্কে টিলারসনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বৈঠকের পরিবেশ সম্পর্কে টিলারসন বলেন, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে বিদ্যমান রসায়ন ছিল সুস্পষ্টভাবে ইতিবাচক। অনেক ইস্যু ছিল আলোচনার টেবিলে, যার সব কটিতেই তাঁরা আলোকপাত করেছেন। দুজনের কেউই থামতে চাচ্ছিলেন না। এমনকি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তাগাদাও তাঁদের থামাতে পারেনি। আলোচনায় সিরিয়া, ইউক্রেন, সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তার মতো বিষয়গুলো উঠে এসেছে বলেও জানান তিনি।
একান্ত এ বৈঠক শুরুর আগে সংবাদমাধ্যমের সামনে পুতিনকে স্বাগত জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘পুতিন ও আমার মধ্যে ইতিমধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আরেকটি আলোচনা হতে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্য সবার জন্য ইতিবাচক অনেক কিছু করার রয়েছে আমাদের।’
এ সময় পুতিন বলেন, ‘এর আগে আমাদের মধ্যে ফোনালাপ হয়েছে। কিন্তু সামনাসামনি সাক্ষাতের সঙ্গে এর কোনো তুলনা নেই।’
এদিকে যে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে এ দুই বিশ্বনেতার মধ্যে এ ঐতিহাসিক বৈঠক হলো, তা নিয়ে চলছে বিক্ষোভ, যা ইতিমধ্যে অনেকটা সহিংস রূপ নিয়েছে।