আলোচিত সফরে আজ ভারত যাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া নিরাপত্তার অংশ হিসেবে গতকাল নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অদূরে ‘রাজপথে’ ফুলের গাড়িতে তল্লাশি চালান এক সেনাসদস্য। কাল সোমবার এখানেই ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা l ছবি: এএফপি
কড়া নিরাপত্তার অংশ হিসেবে গতকাল নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অদূরে ‘রাজপথে’ ফুলের গাড়িতে তল্লাশি চালান এক সেনাসদস্য। কাল সোমবার এখানেই ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা l ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ রোববার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ওবামা সস্ত্রীক এই সফরে যাচ্ছেন। কাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ওবামা প্রধান অতিথি। সেটিই এই সফরের মূল উপলক্ষ। কোনো মার্কিন প্রেসিডেন্ট এই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হয়ে যাচ্ছেন। এই সফরের আরেক বৈশিষ্ট্য, এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকার মেয়াদে দ্বিতীয়বারের মতো যাচ্ছেন ভারতে। খবর এএফপি ও রয়টার্সের।
হোয়াইট হাউস বলেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের এন্ড্রুজ এয়ারফোর্স ঘাঁটি থেকে রওনা হয়েছেন ওবামা। জ্বালানি নিতে জার্মানির রামস্টেইনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান আজ স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের রাজধানী নয়াদিল্লির পালামের এয়ারফোর্স স্টেশনে পৌঁছবে। দুপুর ১২টায় প্রেসিডেন্ট ওবামা ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ওবামা রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে বৃক্ষ রোপণও করবেন ওবামা। এরপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হায়দরাবাদ হাউসে গিয়ে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ওবামা। সেখানে দুই নেতার ‘হাঁটতে হাঁটতে আলাপ’ চলবে বেলা পৌনে তিনটা পর্যন্ত। এরপর দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলবে। দুই পক্ষে নেতৃত্ব দেবেন দুই নেতা। বিকেল চারটা ১০ মিনিটে ওবামা-মোদি গণমাধ্যমের মুখোমুখি হবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় ওবামা মৌর্য হোটেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হবেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ওবামা আবার রাষ্ট্রপতি ভবনমুখী হবেন ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিতে।
পরদিন ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ওবামা। তিন দিনের সফরে এই প্রথম টানা দুই ঘণ্টা জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্টকে এভাবে খোলা আকাশের নিচে দেখা যাবে। এভাবে মার্কিন প্রেসিডেন্টকে এত সময় ধরে বাইরে রাখা দুই দেশের নিরাপত্তাকর্মীদের জন্য বিশাল ঝুঁকি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের কাছে এ এক বিরাট পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করতে তাই ওই দুই ঘণ্টা দিল্লির ৪০০ কিলোমিটার ব্যাসার্ধ আকাশপথ ‘নো ফ্লাই জোন’ করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমে জয়পুর ও পূর্বে আগ্রা থেকে কোনো বিমান ওই সময়ে ওঠানামা করতে পারবে না।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে ওবামা ভারতের রাষ্ট্রপতি ভবনে দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন। বিকেলে ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত সম্মেলনে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের মুখোমুখি হবেন ওবামা ও মোদি। ভারতের প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর বিশেষ পর্বে ওবামার কথা শোনা যাবে এদিন।
২৭ জানুয়ারি সকালে ওবামা নয়াদিল্লির সিটি ফোর্ট মিলনায়তনে বক্তৃতা দেবেন। এরপর তাঁর ও মিশেল ওবামার তাজমহলে যাওয়ার কথা ছিল। তবে সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে সৌদি আরব যাওয়ার জন্য ওবামার তাজমহল দেখা হচ্ছে না।
ওবামার এই সফরে অভূতপূর্ব নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লিজুড়ে। রাজধানীর ১০টি সাততারা হোটেলের সব অতিথিকে শনিবারই বিদায় হতে বলা হয়েছে প্রেসিডেন্ট, তাঁর সঙ্গীসাথিদের জায়গা ও নিরাপত্তা দিতে। তিন শতাধিক গোয়েন্দা ও নিরাপত্তা বিশেষজ্ঞ তিন দিন ধরে দিল্লি-আগ্রা চষে ফেলছেন। গত শুক্রবার দুপুর থেকেই সরকারি ও বেসরকারি সব অফিস ছুটি হয়ে গেছে। ওবামা যে হোটেলে থাকছেন, সেই হোটেলের সব রাস্তা শুক্রবার থেকেই নিয়ন্ত্রিত। গোটা রাজপথ আজ তিন দিন ধরেই বন্ধ। ৭০টি উঁচু বাড়ির ছাদে হয়েছে পুলিশ মোতায়েন।