আলোর পথে যাত্রা

ছবির মতো সুন্দর গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক। আর এর মধ্য দিয়ে চলে যাওয়া পাহাড়ি সড়ক ‘Going to the Sun’ (গোয়িং টু দ্য সান)। গভীর খাদের পাশ ঘেঁষে চলে যাওয়া এই সড়কের মধ্য দিয়ে যাত্রাপথে চোখে পড়ে তুষারাবৃত সুউচ্চ পর্বত, হিমবাহ, নীল সুবিশাল হ্রদ, পর্বত থেকে নেমে আসা বরফ গলা পানির ঝরনা আর সবুজ বনানী। এককথায় অপূর্ব সব ল্যান্ডস্কেপ। সঙ্গে গা শিরশির করা অনুভূতি। এ যেন সত্যিই এক অনন্য আলোর পথে যাত্রা!
এই পার্কের পর্বতগুলো রকি পর্বতমালারই অংশ। কানাডা ও আমেরিকার পশ্চিমের একটা বড় অংশজুড়ে আছে এই রকি পর্বতমালা। এমনকি এই পার্কটিও আমেরিকা ও কানাডা—দুদেশই শেয়ার করে। তবে কানাডা অংশের নাম ওয়াটার লেকস ন্যাশনাল পার্ক। আর আমেরিকার মন্টানা অঙ্গরাজ্যে যে অংশ পড়েছে, তার নাম গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক। কানাডিয়ান রকি মন্টানা ও আইডাহতে সেই আমেরিকান রকি হয়ে গিয়েছে। এরপর ওয়াইমিং, উটাহ, কলোরাডো হয়ে অ্যারিজোনা ও নিউ মেক্সিকোতে শেষ হয়েছে।

অনেকের মনে হতে পারে, গ্লেসিয়ার আসলে কি? সোজা বাংলায় বললে গ্লেসিয়ার হলো, হিমবাহ বা অনেক বড় বরফ খণ্ড যা খুব ধীরে ধীরে নদীর মতো প্রবাহিত হয়। মানে বরফের নদী, তবে বরফ গলা নদী না কিন্তু। যদিও এই গ্লেসিয়ার গলা পানিতেই অনেক ঝরনা, নদী আর হ্রদের উৎপত্তি, এই গ্লেসিয়ার গলা পানিতেই এখনো তারা জীবন্ত। আবার এই গ্লেসিয়ার গলা পানিই কিন্তু পৃথিবীর সুপেয় পানির সবচেয়ে বড় উৎস।
উঁচু উঁচু যত পর্বত আমরা দেখি, হাজার হাজার বছর আগে কোন একসময় সবগুলোই কিন্তু এই গ্লেসিয়ারের প্রবাহের ফলেই বর্তমান আকৃতি পেয়েছে। তৈরি হয়েছে উপত্যকা, নদী, হ্রদ। তখন তো পুরো পৃথিবীটাই বরফে ঢাকা ছিল। আমি বলছি, আজ থেকে কম করে হলেও ১০ থেকে ১৫ হাজার বছর আগের কথা।
গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে গিয়ে কিন্তু গ্লেসিয়ারের দেখা পাওয়া সহজ ব্যাপার নয়। আমরাও দেখিনি। তবে গ্লেসিয়ার বা হিমবাহ গলা অনেক হ্রদ দেখেছি। কারণ গ্লেসিয়ার বা হিমবাহগুলো এত বেশি উচ্চতায় বা এমন জায়গায় অবস্থিত, যেখানে যেতে হলে অবশ্যই হাইক করতে হবে, যা অনেক বেশি সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এত সময় কিংবা কষ্ট করার মতো সাধ্য কোনোটাই আমাদের ছিল না। একটি মাত্র গ্লেসিয়ার সহজে এক ঝলক দেখা যায় Going to the sun রোডের ওপর একটি ওভারলুক পয়েন্ট থেকে। এই হিমবাহটির নাম জ্যাকসন গ্লেসিয়ার।
সেন্ট মেরি এনট্রান্স দিয়ে গোয়িং টু দ্য সান রোডে উঠেই প্রেমে পড়ে গেলাম এ সড়কের। নীল রঙের গ্লেসিয়ার গলা বিশাল অপূর্ব সেন্ট মেরি লেক দেখে চোখ ছানাবড়া! কোথাও অনেক নীল, তো কোথাও একেবারে স্বচ্ছ লেকের পানি। সেন্ট মেরি লেক, আর লেক ম্যাকডোনাল্ড এই দুটি দেখার সৌভাগ্য হয়েছিল। হাইক করতে পারলে ধরো অনেক সুন্দর সুন্দর লেক দেখার সুযোগ মেলে।

গোয়িং টু দ্য সান রোডের সর্বোচ্চ পয়েন্ট হলো লোগান পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৬৪৭ ফুট উচ্চতায় এর অবস্থান। ছবির মতো সুন্দর জায়গা। মনে হচ্ছিল, আমি শিল্পীর হাতে আঁকা কোন ব্যাকগ্রাউন্ডে ঢুকে পড়েছি। লোগান পাস ভিজিটর সেন্টারের পেছন থেকে শুরু হয়েছে হিডেন লেক নেচার ট্রেইল। হিডেন লেক ওভারলুক পর্যন্ত প্রায় ২.৫ মাইল রাউন্ড ট্রিপস। বাইতে হয় প্রায় ৫০০ ফুট উচ্চতা। রেটিং বলে, তেমন কঠিন কিছু না। তবু প্রচণ্ড রোদ আর গরমে আমাদের অনেক কষ্ট হয়েছিল।
এই ট্রেইলের শুরু থেকেই দুই পাশে এত বনফুল! একেক জায়গায় একেক রঙের! পুরো পাহাড়ি উপত্যকাটিই ছিল গ্রীষ্মকালীন নানা রঙের বুনো ফুলে ভরা। যেন প্রকৃতির গালিচা! এই বুনো ফুলের বাগানের নাম আছে একটা। হ্যাংগিং গার্ডেন বা ঝুলন্ত উদ্যান! ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কেমন ছিল জানি না। তবে এই ঝুলন্ত উদ্যান কিন্তু আমার বেশ মনে ধরেছে। ভাষায় প্রকাশের সাধ্য নেই আমার সেই অদ্ভুত অতুলনীয় সৌন্দর্য।
ওখানে আশপাশে কোন গাছ নেই যে একটু ছায়ায় বিশ্রাম নেব। ওদিকে সরাসরি মাথার ওপর গ্রীষ্মের উত্তাপ ছড়াচ্ছেন সূর্যি মামা। ভাগনা–ভাগনেদের কোনোভাবেই নিজের আড়াল হতে দেবেন না। সঙ্গে আবার তার অস্থির নাতনিও আছে একজন। এক টুকরা মেঘ ছিল না আকাশে। তাই ভীষণ কষ্ট হয়েছিল সেদিন।
অত্যধিক রোদ, গরম আর ক্লান্তির জন্য শিশু নিয়ে আমরা হিডেন লেক ওভারলুক পর্যন্ত যেতে পারিনি। প্রায় দুই-তৃতীয়াংশ পথ গিয়ে ফেরত এসেছি। তবু মনে বিন্দুমাত্র দুঃখ নেই। কারণ এই ট্রেইলের দুপাশে পুরো

উপত্যকা জুড়ে ফুটে থাকা বিভিন্ন রঙের বনফুল, এখন পর্যন্ত আমার দেখা শ্রেষ্ঠ বনফুলের প্রদর্শনী!
গোয়িং টু দ্য সান রোড ড্রাইভে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বিশেষ করে যাদের হাইট ফোবিয়া আছে কিংবা অনেক উচ্চতায় গভীর খাদবিশিষ্ট পাহাড়ি সড়কে যারা ড্রাইভ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাদের এই সড়কে ড্রাইভিং এড়িয়ে যাওয়ার পরামর্শই দেওয়া হয়। তাদের জন্য পার্কের নিজস্ব শাটল সার্ভিস আছে।
এবার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। এত এত পরামর্শ পড়ে আমি যতটা ভীতিকর আশা করেছিলাম, আমাদের জন্য ততটা ভীতিকর ছিল না। আসলে এর চেয়েও বেশি উঁচু রোড আমরা বেশ কয়েক বার ইতিমধ্যেই ড্রাইভ করেছি। তাই সেরকম কিছু মনে হয়নি। তবে নিঃসন্দেহে এটি ভয়ংকর সুন্দর একটা ড্রাইভ, যার সৌন্দর্যে আমি শিহরিত হয়েছি প্রতি মুহূর্তে।