আল্লাহর সন্তুষ্টি লাভ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে পবিত্র রমজান। ইতিমধ্যে কয়েকটি রোজা পালন করেছে ইসলামিক আদর্শে বিশ্বাসী মুসলিমরা। মুসলমান সম্প্রদায় মনে করে, এক মাস সিয়াম আর সাধনার পরেই খুশির ঈদের মাধ্যমে বিগত বছরের সব গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে পবিত্র মাসটির সমাপ্তি হয়। কিন্তু এবারের রমজান মাসটি শুরু হয়েছে অন্য এক ভিন্ন আঙ্গিকে। যে রমজান আমরা জীবনে দেখিনি, এমনকি কল্পনাও করিনি।
পবিত্র রমজান শুরু হওয়ার আগেই চলে পুরো মাসের বাজার করার প্রস্তুতি। খেজুর মিষ্টি থেকে আরম্ভ করে ছোলা শরবত সুস্বাদু ফলমূল কিছুই বাদ যায়নি। রেস্তোরাঁয় থাকে মুখরোচক ইফতারির পসরা। নিউইয়র্কে এমনকি মুদির দোকানেও থাকে জিলাপিসহ বিভিন্ন ধরনের ইফতারির আয়োজন।শিশুরা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে ইফতারের স্বাদ নিতে। বাড়ির রোজাদার নারীরা ঘরেই ইফতার সারেন।
পুরুষেরা দৌড়ান মসজিদে। মসজিদগুলোতে রকমারি ইফতারির ব্যবস্থা করা হয়। মুসল্লিরা পালা করে ব্যাপকভাবে ইফতারির ব্যবস্থা করে থাকেন। ইফতারের ঘণ্টা তিনেক পরেই তারাবির নামাজের প্রস্তুতি নিতে হয়। শেষ রাতে আবার সাহরি খাবার আয়োজন।
কিন্তু এবারের রমজান শুরু হয়েছে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন ধারায়। এবারের মসজিদগুলো থাকছে তালাবদ্ধ। মানুষজন ঘরে বন্দী। বাইরের কোন ব্যস্ততা নেই।
করপোরেট ইফতারের কোনো চাপ নেই। কোন ইফতার পার্টি নেই। লোক সমাগমে সামাজিকতার নেই কোনো বাহুল্য। শুধু আছে মহান সৃষ্টিকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষার্থে কায়মনোবাক্যে বিগত দিনের গুনাহের জন্য মাফ চাওয়া। এই অসাধারণ রমজানকে স্বাগত জানানোর মানসিক প্রস্তুতি নেওয়ার প্রকৃত সময় এটা। আমাদের অতীতের সব ভুলের ক্ষমা চেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করার এই নতুন রূপে আসা রমজান।
আসুন এই রমজানকে আমাদের তাকওয়া অর্জনের উপলক্ষ বানানোর চেষ্টা করি। এই রমজানের সিয়াম আর সাধনার মাধ্যমে এই কঠিন মহামারির হাত থেকে রক্ষার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি।