যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়
আশা করি, ট্রাম্প হবেন সফল প্রেসিডেন্ট: হিলারি
পরাজয় মেনে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাফল্য কামনা করেছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ‘ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি এবং তাঁর সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছি। আশা করি, সব আমেরিকানের জন্য তিনি একজন সফল প্রেসিডেন্ট হবেন।’
ট্রাম্পের কাছে হেরে দীর্ঘদিনের স্বপ্ন ভেঙে গেছে তাঁর। মঙ্গলবার রাতে ফলাফল মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার পর তিনি আর ঘর থেকে বের হননি। গতকাল বুধবার দুপুরে স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে পাশে নিয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন হিলারি। এ সময় তিনি নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়া দেশকে নেতৃত্বদানে ট্রাম্পকে সুযোগ দিতে সহকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
হিলারি বলেন, ‘আমাদের দেশ আমাদের ধারণার চেয়েও বেশি বিভক্ত হয়ে পড়েছে। আমাদের উচিত ট্রাম্পকে দেশ পরিচালনার সুযোগ দেওয়া।’ তিনি বলেন, ‘এটা কষ্টদায়ক। কিন্তু আমি এটা মনে করিয়ে দিতে চাই যে আমাদের প্রচার কখনো এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিল না।’