আশ্রয় আবেদনের খুঁটিনাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন অভিবাসন–প্রত্যাশীরা। ছবিটি সম্প্রতি নিউইয়র্কে জ্যাকব জাভিটস ফেডারেল বিল্ডিংয়ের সামনে থেকে তোলা।  ছবি: রয়টার্স
আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছেন অভিবাসন–প্রত্যাশীরা। ছবিটি সম্প্রতি নিউইয়র্কে জ্যাকব জাভিটস ফেডারেল বিল্ডিংয়ের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স

এক বছর পেরিয়ে গেছে ইউএসএতে এসেছেন, এখন কি আর অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করা যাবে? আবেদনের সময় যে বর্ণনা বা সাক্ষ্য দিয়েছেন সেটা কোনো কারণে সংশোধন বা পরিবর্তন করতে চান, কিন্তু সেই সুযোগ আছে কি? আশ্রয়ের আবেদনের পর নিজের দেশে বা অন্য কোনো দেশে যেতে পারবেন? গেলে কি ফিরে আসতে পারবেন? আশ্রয়ের আবেদন চলমান থাকাকালে যদি আমেরিকার নাগরিক বিয়ে করেন, তাহলে কি স্বামী বা স্ত্রীর মাধ্যমে বিয়ের স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবেন? এ রকম আরও অনেক প্রশ্ন আমদের মনে ঘুরপাক খায়। চলুন, কিছু কিছু উত্তর জেনে নিই।
অভিবাসন ও জাতীয় আইনের ২০৮ ও ২৪১(বি)(৩) ধারায় ও কনভেনশন অ্যাগেইনস্ট টর্চারের অনুচ্ছেদ ৩-এর অধীনে ফরম আই-৫৮৯, অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম অ্যান্ড ফর উইথ হোল্ডিং অব রিমুভাল জমা দেওয়ার মাধ্যমে আপনার আশ্রয় প্রার্থনা আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই ফরম জমা দেওয়ার কোনো ফি নেই। আপনার স্বামী/স্ত্রী বা ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি আমেরিকায় অবস্থান করে, তবে তাদের বিয়ের সনদ (কাবিননামা) ও জন্ম সনদ জমা দিয়ে আশ্রয়ের আবেদনের শুরুতেই বা ফাইনাল ডিসিশন হওয়ার আগে আপনার আবেদনে ডেরিভেটিভ হিসেবে যুক্ত করতে পারেন। আশ্রয় প্রার্থনার আবেদন জমা দেওয়ার ১৫০ দিনের মধ্যে যদি ইউএসসিআইএস চূড়ান্ত সিদ্ধান্ত না দেয় তবে আপনি ফরম আই-৭৬৫, অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট অথোরাইজেশন জমা দিয়ে আরও ৩০ দিন পর কাজ করার অনুমতি (ওয়ার্ক পারমিট) পেতে পারেন। ওয়ার্ক পারমিট সাধারণত দুই বছরের মেয়াদে দেওয়া হয়। প্রথম আবেদনের সময় কোনো ফি না লাগলেও নবায়নের সময় ৪১০ ইউএস ডলার ফি দিতে হবে। তবে ওই সময় আপনার বার্ষিক হাউসহোল্ড ইনকাম যদি ইউএস ফেডারেল পভার্টি গাইড লাইনের ১৫০ ভাগের কম হয় অথবা আপনি যদি মেডিকেইড, ফুড স্টাম্প বা হাউজিংয়ের মতো কোনো একটি মিনস-টেস্টেড বেনিফিট পান তাহলে ফরম আই-৯১২, রিকোয়েস্ট ফর ফি ওয়েইভার জমা দিয়ে এই ফি মওকুফ করাতে পারেন।

কী কী শর্ত প্রযোজ্য হবে
অ্যাসাইলাম অফিসার যে বিষয়গুলো যাচাই করবে তার মধ্যে অন্যতম হলো আপনি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ১০১(এ)(৪২)(এ) ধারায় সংজ্ঞায়িত কিনা এবং একই আইনের ২০৮(বি)(২) ধারায় আশ্রয় পাওয়ার ক্ষেত্রে আপনার ওপর কোনো বাধা প্রযোজ্য কিনা। আশ্রয়ের আবেদন করতে না পারার ও মঞ্জুর না হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত হলো—
১. আপনাকে সর্বশেষ আমেরিকায় আসার এক বছরের মধ্যে আশ্রয়ের আবেদন করতে হবে। আপনার আশ্রয়ের আবেদন জমা দিতে যদি এক বছরের বেশি দেরি হয় যা আপনার আবেদন করার যোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করে তাহলে আপনাকে ৮ সিএফআর ২০৮.৪-এর অধীনে পরিবর্তিত পরিস্থিতি অথবা অস্বাভাবিক পরিস্থিতির উদ্ভব ঘটেছিল—এমন যৌক্তিক কারণ দেখাতে হবে এবং আরও প্রমাণ করতে হবে, ওই সব পরিস্থিতির পরও আপনি একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে আবেদন করেছেন।
২. আপনি যদি ইতিপূর্বে আশ্রয়ের আবদেন করে থাকেন, সেটি যদি অভিবাসন সংক্রান্ত বিচারক বা বোর্ড অব ইমিগ্রেশন আপিলে প্রত্যাখ্যাত হয়, তাহলে আপনি দ্বিতীয়বার আশ্রয়ের আবদেন করতে পারবেন না।
৩. আপনি যুক্তরাষ্ট্রে আসার আগে যে দেশের বিরুদ্ধে আপনার ঝুঁকিপূর্ণ হওয়ার অভিযোগ সেই দেশ বাদে অন্য কোনো দেশে যদি স্থায়ীভাবে বসবাস অথবা ফার্মলি রিসেটেল করে থাকেন তাহলে আশ্রয় চেয়ে আবদেন করতে পারবেন না।
৪. আপনার বিরুদ্ধে যদি বড় ধরনের ফৌজদারি তৎপরতার অভিযোগ থাকে তাহলেও আশ্রয় চেয়ে আবদেন করতে পারবেন না।
আবেদন জমা দেওয়ার পরে কী কী ঘটবে আশ্রয় চেয়ে আবদেন জমা দেওয়ার পর প্রথমে আপনি মাস খানিকের মধ্যে আবেদনের প্রাপ্তি স্বীকার পাবেন যার মধ্যে আপনার অ্যালিয়েন নম্বর থাকবে। এরপর আপনি আরেকটি চিঠি পাবেন যেখানে আপনাকে ও আপনার আবেদনে আপনার পরিবারের কেউ ডেরিভেটিভ সুবিধাবোগী থাকলে প্রত্যেককেই নিকটস্থ অ্যাপ্লিকেশন সাপোর্ট সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলা হবে। এরপর সাক্ষাৎকারের চিঠি পাবেন। চিঠিতে উল্লেখিত নির্দিষ্ট দিনে আপনাকে সাক্ষাৎকার দিতে নির্ধারিত ইউএসসিআইএস অফিসে যেতে হবে। সাক্ষাৎকারে আপনি আপনার পছন্দ অনুযায়ী ইন্টারপ্রেটার নিয়ে যেতে পারবেন। অ্যাসাইলাম অফিসার আপনার মামলার রায় দেওয়ার আগে একজন সুপারভাইজরি অ্যাসাইলাম অফিসার পুনরায় এটি আইন সংগত হয়েছে কিনা—তা খতিয়ে দেখবে। মামলার ওপর ভিত্তি করে সুপারভাইজরি অ্যাসাইলাম অফিসার চাইলে আপনার মামলার যিনি অ্যাসাইলাম অফিসার ছিলেন তার সিদ্ধান্ত পর্যালোচনা করতে মামলাটি ইউএসসিআইএস সদর দপ্তরে অ্যাডিশনাল পর্যালোচনার জন্য পাঠাতে পারেন।

সাক্ষাৎকারের পর কী হবে
বেশির ভাগ ক্ষেত্রে অ্যাসাইলাম অফিসার আপনার সাক্ষাৎকার নেওয়ার দুই সপ্তাহের মধ্যে আপনাকে সিদ্ধান্ত জানাতে অ্যাসাইলাম অফিসে যেতে বলা হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ডিসিশন দেওয়ার সময় আপনার ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস থাকলে, ইউএসসিআইএস ফিল্ড অফিসে আপনার ইন্টারভিউ হলে, আপনার সিকিউরিটি চেক পেন্ডিং থাকলে অথবা আপনার মামলা ইউএসসিআইএস হেড কোয়ার্টারে রিভিউ হলে দুই সপ্তাহের বেশি সময় লাগতে পারে। আশ্রয় চেয়ে আবদেনের যে চার রকমের ফলাফল হতে পারে সেগুলো হলো—
১. আশ্রয় চেয়ে আবদেন মঞ্জুর: আপনার আশ্রয়ের আবদেন যদি মঞ্জুর হয় তাহলে আপনাকে একটি চিঠি ও একটি কমপ্লিটেড আই-৯৪, অ্যারাইভাল বহির্গমন রেকর্ড দেওয়া হবে যেটাতে বোঝা যাবে, আপনার আশ্রয় চেয়ে আবদেন মঞ্জুর হয়েছে। আশ্রয়ের আবেদন একবার মঞ্জুর হলে সেটা কখনো এক্সপায়ার বা মেয়াদোত্তীর্ণ হয় না। কিন্তু আপনার মঞ্জুর হওয়া অ্যাসাইলাম স্ট্যাটাস ইউএসসিএস চাইলে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাক্টের ২০৮(সি)(২) ধারায় টারমিনেট করতে পারেন যদি (ক) পরিস্থিতির মৌলিক পরিবর্তনের কারণে নিপীড়নের আর কোনো প্রতিষ্ঠিত ভয় (ওয়েল ফাউন্ডেড ফিয়ার অব পারসিকিউশন) না থাকে (খ) অন্য কোনো দেশ থেকে আপনি ইতিমধ্যে নিরাপত্তা পেয়ে থাকেন (গ) আপনার আশ্রয়ের আবেদন মঞ্জুর হওয়ার সময় আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে প্রমাণ হয় এবং (ঘ) আপনি যদি কোনো অপরাধমূলক তৎপরতায় জড়িয়েছেন বলে প্রমাণ হয়।
২. ইমিগ্রেশন কোর্টে রেফারেল: আপনার আবেদন যদি অনুমোদন না হয়, আপনাকে একটি ফরম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ার দেওয়া হবে এবং আপনার আবেদন ‘এক্সিকিউটিভ অফিস ফর ইমিগ্রেশন রিভিউ’-এ অভিবাসন বিচারকের কাছে পাঠানো হবে। অভিবাসন বিচারক এই পর্যায়ে শুনানি শেষে রায় দেবে এবং তার এই রায় কোনোভাবে আগের ইউএসসিআইএস অফিসারের আধি বিচারিক বা কোয়াসি জুডিশিয়াল রায়ের দ্বারা প্রভাবিত হবে না। যখনই আপনার অ্যাফারমেটিভ অ্যাসাইলামের আবেদন অনুমোদন না করে অভিবাসন বিচারকের কাছে পাঠানো হবে, তখনই আপনি রিমুভাল প্রসিডিংয়ে যুক্ত হয়ে যাবেন এবং আপনার অ্যাফারমেটিভ অ্যাসাইলাম আবেদন তখন থেকে ডিফেন্সিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, অভিবাসন আদালতে রেফারেল করা মানে এই নয়, আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান বা ডিনাই করা হয়েছে। আরও অধিকতর পর্যালোচনা করার জন্যই অভিবাসন আদালতে রেফারেল করা হয়।
৩. রিকমেন্ডেড অ্যাপ্রুভাল: অ্যাসাইলাম অফিসারের যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন মঞ্জুর করতে চান কিন্তু প্রয়োজনীয় সিকিউরিটি চেক তখনো অসমাপ্ত থাকে তবে আপনাকে রিকমেন্ডেড অ্যাপ্রুভাল ইস্যু করা হবে। সিকিউরিটি চেক শেষ হলে আপনার আশ্রয়ের আবদেন মঞ্জুর হয়েছে জানিয়ে আই-৯৪ ইস্যু করা হবে।

নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই ও ফাইনাল ডিনায়াল
আপনার আশ্রয় চেয়ে আবদেনের সময় যদি আমেরিকায় আপনার ভ্যালিড লিগ্যাল স্ট্যাটাস থাকে ও আপনার আবেদন যদি মঞ্জুর করা না হয়, তবে আপনার আবেদন মঞ্জুর না করার কারণ উল্লেখ করে নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই দেওয়া হবে। আপনার আবেদন কেন মঞ্জুর করা উচিত তা জানিয়ে কোনো লিখিত ব্যাখ্যা অথবা আপনার আবেদনের স্বপক্ষে নতুন কোনো প্রমাণ থাকলে নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই পাওয়ার পরবর্তী ১৬ দিনের মধ্যে আপনাকে তা জানাতে হবে। আপনি যদি ১৬ দিনের মধ্যে জবাব না দেন, আপনার অ্যাসাইলাম আবেদন ডিনাই করা হবে। আর আপনি যদি ১৬ দিনের মধ্যে জবাব দেন, অ্যাসাইলাম কর্মকর্তা তখন সতর্কতার সঙ্গে আপনার মামলাটি আবার বিবেচনা করে হয় মঞ্জুর করবে অথবা চূড়ান্তভাবে নাকচ করবে।

অভিবাসন আদালতে রেফারেল করা হলে কী হবে
ডিএইচএস ফরম আই-৮৬২, নোটিশ টু অ্যাপিয়ারে উল্লিখিত তারিখে আপনাকে প্রথম মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের জন্য হাজির হতে হবে। প্রথম মাস্টার ক্যালেন্ডার হিয়ারিংয়ের অন্তত এক বছর পর ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ের তারিখ পড়বে। এই ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিংয়ে আপনার সব সাক্ষ্যপ্রমাণ হাজির করতে হবে। ইনডিভিজুয়্যাল মেরিট হিয়ারিং শেষ হওয়ার পরে বিচারক তাৎক্ষণিক মৌখিকভাবে আপনাকে রায় জানিয়ে দিতে পারে আবার কয়েক সপ্তাহ পর লিখিতভাবে তার সিদ্ধান্ত জানাতে পারে। এই পর্যায়ে অভিবাসন আদালত বা অভিবাসন সংক্রান্ত নির্বাহী অফিস পর্যালোচনা শুনানি হয় অ্যাডভার্সিয়াল প্রসেসিং সিস্টেমে। সেখানে আপনার নিজের অথবা আপনার অ্যাটর্নির ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের নিযুক্ত অ্যাটর্নির বক্তব্য শোনা হবে। শুনানি শেষে অভিবাসন বিচারক হয় আপনার মামলা মঞ্জুর করে রায় দেবেন অথবা আপনাকে আমেরিকা থেকে বহিস্কারের আদেশ দেবে। অভিবাসন বিচারক আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডিনাই করলে আপনি এরপর বোর্ড অব ইমিগ্রেশন আপিলে (বিআইএ) আপিল করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে অভিবাসন বিচারকের সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে নোটিশ টু আপিল জমা দিতে হবে। বোর্ড অব ইমিগ্রেশন অ্যাপিলের এই স্তরে সিদ্ধান্ত পেতে বছর খানিক লেগে যেতে পারে। বোর্ড অব ইমিগ্রেশন আপিলে আপনার মামলা প্রত্যাখ্যাত হলে এরপর আপনি সার্কিট কোর্ট অব অ্যাপিলে আবার আপিল করতে পারেন। এবারেও
যদি প্রত্যাখ্যাত হয় আপনার সর্বশেষ আপিল করার সুযোগ থাকবে ইউএস সুপ্রিম কোর্টে।

আবেদন মঞ্জুর হলে এরপরে কী
অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হলে আপনার যে স্ট্যাটাস হবে তাকে বলে ‘অ্যাসাইলি’। অ্যাসাইলি অবস্থায় আপনাকে কাজ করার জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগবে না। অ্যাসাইলি অবস্থায় দুই বছরের মধ্যে আপনি বিনা মূল্যে ফরম আই-৭৩০, রিফিউজি/অ্যাসাইলি রিলেটিভ পিটিশন জমা দিয়ে আপনার স্বামী/স্ত্রী ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানকে আমেরিকায় আনতে পারবেন। অ্যাসাইলি অবস্থায় আমেরিকায় এক বছর থাকার পর গ্রিন কার্ডের জন্য আপনাকে ১ হাজার ১৪০ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-৪৮৫, অ্যাপ্লিকেশন টু রেজিস্ট্রার পারমানেন্ট রেসিডেন্স অর টু অ্যাডজাস্ট স্ট্যাটাস জমা দিতে হবে। আপনার স্বামী/স্ত্রী ও ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান যদি আপনার আশ্রয়ের আবেদনে যুক্ত থাকার কারণে ডেরিভেটিভ অ্যাসাইলাম পান, তবে তাদের জন্য আলাদা আলাদা ফি দিয়ে ফরম আই-৪৮৫ জমা দিতে হবে। তবে সন্তানের বয়স ১৪ বছরের কম হলে ফরম আই-৪৮৫-এর জন্য প্রযোজ্য ফি হবে ৭৫০ ডলার।

ইউএসএর বাইরে যেতে পারবেন কি না
একজন অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট তার মামলা চলাকালে আমেরিকার বাইরে যেতে পারলেও এটা ভালো আইডিয়া নয়। আপনাকে যদি আমেরিকার বাইরে যেতেই হয় তবে আপনাকে অ্যাডভান্স প্যারোল নেওয়ার জন্য ৫৭৫ ডলার ফি দিয়ে ফরম আই-১৩১, অ্যাপ্লিকেশন ফর ট্রাভেল ডকুমেন্ট জমা দিতে হবে। কিন্তু অ্যাডভান্স প্যারোল আপনার যুক্তরাষ্ট্রে ফিরে
আসার নিশ্চয়তা দেয় না। অ্যাডভান্স প্যারোল থাকা সত্ত্বেও আপনি আমেরিকা থেকে বের হলে ফিরে আসার সময় পোর্ট অব এন্ট্রিতে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন আপনাকে ঢুকতে নাও দিতে পারে। আর আপনি যদি অ্যাডভান্স প্যারোল নিয়ে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে উল্লেখিত আপনার পারসিকিউটেড
হওয়ার দেশে ফিরে যান, তবে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনি
নিজেই অ্যাবান্ডন করেছেন বলে ধরে নেওয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: এই আর্টিকেল কোনোরকমে আইনি পরামর্শ নয়। এটি কেবল ইউএসসিআইএস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রদর্শিত এতদসংক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র।

লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল’
নিউইয়র্ক প্রবাসী
সেল: (৯২৯) ৩৯১-৬০৪৭; ইমেইল [email protected]