আসছে এইচ১বি আবেদনের মৌসুম, আপনি প্রস্তুত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পেশায় ও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রতিবছর হাজার হাজার বিদেশি কর্মীদের স্বাগত জানায়। এর মধ্যে রয়েছে শিল্পী, গবেষক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, ধর্মীয় কর্মী, বিনিয়োগকারী, বিজ্ঞানী, অ্যাথলেট, নার্স, কৃষক ইত্যাদি। আবশ্যিক শর্ত ও ভিন্ন ভিন্ন অনুমোদিত মেয়াদের অনেকগুলো অস্থায়ী নন-ইমিগ্রান্ট ওয়ার্কার ভিসার মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো স্পেশালিস্ট অকুপেশন্স (এইচ ১ বি), ফরেইন প্রেস এর প্রতিনিধি (আই), বিজ্ঞান/শিল্প/শিক্ষা/ব্যবসা/অ্যাথলেটিকস/চলচ্চিত্র/টিভিতে অসামান্য দক্ষতাসম্পন্ন ব্যক্তি (ও১), সাংস্কৃতিকভাবে অনন্য কোনো প্রোগ্রামে অংশ নিতে/প্রশিক্ষণ দিতে একক/দলীয় কোনো শিল্পী (পি৩), অস্থায়ী ধর্মীয় কর্মী (আর১) ইত্যাদি। মনে রাখতে হবে, এগুলো যেহেতু নন ইমিগ্রান্ট ভিসা, তাই এগুলো সরাসরি গ্রিন কার্ড নয়। তবে এই ভিসা থেকে পরবর্তীতে গ্রিন কার্ডে যাওয়া যেতে পারে। 

আজকের আলোচনায় আমরা এইচ১বি এর বিভিন্ন দিকে দৃষ্টি নিবদ্ধ করব। প্রতি অর্থ বছরে-অক্টোবর থেকে পরবর্তী বছরের সেপ্টেম্বর পর্যন্ত-সর্বমোট ৮৫,০০০ আবেদনকারীকে এই ভিসা প্রদান করা হয়। এর মধ্যে যেসব আবেদনকারীর যুক্তরাষ্ট্রের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তাদের মধ্য থেকে প্রথম ২০,০০০ আবেদনকারী বেছে নেওয়া হয়। তবে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান, অলাভজনক সংগঠন এবং সরকারি গবেষণা সংস্থা থেকে যাদের জন্য এইচ১বি এর আবেদন করা হবে, তাদের বেলায় এই নির্দিষ্ট সংখ্যক আবেদন অনুমোদনের নিয়ম প্রযোজ্য হবে না। 

প্রতি বছর এপ্রিলের ১ তারিখে পরবর্তী ছয় মাসের মধ্যে শুরু করা হবে এমন চাকরির জন্য এই আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম পাঁচ দিনে যদি নির্ধারিত এই সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা হয়, ইউএসসিআইএস তখন লটারির মাধ্যমে এই সংখ্যা কমিয়ে আনে।
এই ভিসার জন্য একদিকে যেমন আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের স্বীকৃত (অ্যাক্রিডেটেড) কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী অথবা বৈদেশিক স্নাতক সমমানের ডিগ্রিধারী হতে হবে, অন্যদিকে যে চাকরি করার জন্য এই ভিসার আবেদন করা হবে সেটিকেও হতে হবে এমন একটি চাকরি যা করতে কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রয়োজন হয়।
আপনার জন্য আবেদন করতে হলে আপনার নিয়োগকর্তা ব্যক্তি/প্রতিষ্ঠানকে অনলাইনে ইটিএ ফরম ৯০৮৯ জমা দিয়ে শ্রম অধিদপ্তর (ডিপার্টমেন্ট অব লেবার) এর অধীনে কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রশাসন (এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিং অ্যাডমিনিস্ট্রেশন) থেকে স্থায়ী শ্রম চাড়পত্র (পারমানেন্ট লেবার সার্টিফিকেশন) নিতে হবে। ইটিএ ফরম ৯০৮৯ এ উল্লেখ করা জন্য ন্যাশনাল প্রিভেইলিং ওয়েজ সেন্টার থেকে প্রিভেইলিং ওয়েজ এর বিস্তারিত তথ্য নিতে হবে। একই সঙ্গে নিয়োগকর্তাকে একটি নিয়োগ প্রতিবেদন (রিক্রুটমেন্ট রিপোর্ট) তৈরি করতে হবে যেখানে ওই পদে অন্যান্য মার্কিন আবেদনকারীদের তথ্য ও জীবনবৃত্তান্তসহ কি কারণে তাদের নিয়োগ করা হয়নি সেটাও উল্লেখ থাকতে হবে। এই লেবার সার্টিফিকেশনের সঙ্গে নিয়োগকর্তাকে ৪৬০ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-১২৯, পিটিশন ফর নন ইমিগ্রান্ট ওয়ার্কার এবং এর সঙ্গে প্রতারণা প্রতিরোধ ও শনাক্তকরণ (ফ্রড প্রিভেনশন ও ডিটেকশন) বাবদ আরও ৫০০ ইউএস ডলার ফি জমা দিতে হবে। ১৫ কর্মদিবসের মধ্যে ফলাফল পেতে চাইলে ১১২৫ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-৯০৭, রিকোয়েস্ট ফর প্রিমিয়াম প্রসেসিং সার্ভিস জমা দিতে হবে। আর আই-১২৯ অনুমোদন হওয়ার সময় আবেদনকারী যুক্তরাষ্ট্রের বাইরে থাকলে ১৯০ ইউএস ডলার ফি দিয়ে কনস্যুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টারে ডিএস-১৬০ ফরম জমা দেওয়ার মাধ্যমে কনস্যুলেট অফিসে ভিসা ইন্টারভিউ এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অন্যদিকে আই-১২৯ অনুমোদন হওয়ার সময় আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভেতরে থাকলে আই-১২৯ এর সঙ্গে প্রযোজ্যতা অনুযায়ী ফরম আই-৯৪, অ্যারাইভাল ডিপার্টার রেকর্ড ও ফরম আই-২০, সার্টিফিকেট অব এলিজিবিলিটি ফর নন ইমিগ্রান্ট স্টুডেন্ট স্ট্যাটাস জমা দিতে হবে। এ ক্ষেত্রে আপনাকে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফারি ভিসা (এল১), অ্যাকাডেমিক স্টুডেন্ট (এফ১) অথবা ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ (অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং বা ওপিটি) এর মতো বৈধ স্ট্যাটাসে থাকতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের পর অনুমোদিত মেয়াদের পরও ওভারস্টে করলে আপনি এইচ১বি এর জন্য বিবেচিত হবেন না।

আপনি এইচ১বি ভিসা পেলে আপনার স্পাউস ও সন্তান আপনার ডিপেন্ডেন্ট হিসেবে (এইচ৪) আমেরিকায় আসতে পারবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়া এইচ১বি ভিসায় রিনিউয়াল সহ সর্বমোট ছয় বছর আমেরিকায় থাকার অনুমতি থাকলেও কিছু শর্ত সাপেক্ষে ‘আমেরিকান কম্পিটিটিভনেস ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি অ্যাক্ট’ আইনের আওতায় তা বাড়ানো যায়। তবে ছয় বছর আমেরিকায় থাকার মাঝখানে আপনি কমপক্ষে এক বছর আমেরিকার বাইরে থাকলে বাকি মেয়াদের জন্য লটারি ছাড়াই অথবা লটারি সাপেক্ষে পূর্ণ মেয়াদের জন্য আবার এইচ১বি এর জন্য উপযুক্ত হবেন।
এইচ১বি শেষ হলে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে অথবা এইচ১বি ছাড়াই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সরাসরি আপনি পারমানেন্ট ইমিগ্রান্ট ওয়ার্কার হিসেবে ইবি ১, ইবি ২, ইবি ৩ এবং এবি ৪ এই চারটি ক্যাটাগরিতে এমপ্লয়মেন্ট বেইসড গ্রিন কার্ড পেতে পারেন। ইবি ১ ও ইবি ৪ এর ক্ষেত্রে আপনি নিজেই আবেদন করতে পারবেন, আপনার এমপ্লয়ার এর আপনার জন্য আবেদন করার অথবা লেবার সার্টিফিকেশন নেওয়ার প্রয়োজন হবে না। ইবি ২ এবং ইবি ৩ এর ক্ষেত্রে আপনার এমপ্লয়ার লেবার সার্টিফিকেশন পাওয়ার ১৮০ দিনের মধ্যে ও ইবি ১ এর ক্ষেত্রে যেকোনো সময় ৭০০ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-১৪০, ইমিগ্রান্ট পিটিশন ফর এ্যালিয়েন ওয়ার্কার আর ইবি ৪ এর জন্য যেকোনো সময় ৪৩৫ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-৩৬০, পিটিশন ফর এ্যামেরেশিয়ান, উইডোয়ার অর স্পেশাল ইমিগ্রান্ট জমা দিতে হবে। এই ক্যাটাগরিগুলোতে ভিসা বুলেটিন অনুযায়ী গ্রিন কার্ড এখন চলমান রয়েছে, অর্থাৎ আবেদনের পর অনুমোদনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অনুমোদনের পর আপনি যুক্তরাষ্ট্রের ভেতরে থাকলে ১১৪০ ইউএস ডলার ফি দিয়ে ফরম আই-৪৮৫, অ্যাপ্লিকেশন টু রেজিস্ট্রার পারমানেন্ট স্ট্যাটাস অর এ্যাডজাস্ট স্ট্যাটাস জমা দেবেন আর বাইরে থাকলে ফরম ডিএস-২৬০, অনলাইন ইমিগ্রান্ট ভিসা অ্যান্ড এলিয়েন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন জমা দেবেন ও ১৬০ ইউএস ডলার ইমিগ্রান্ট ফি দেবেন।


বিশেষ দ্রষ্টব্য
এই আর্টিকেল কোনোরকম আইনি পরামর্শ নয়। এটি কেবলমাত্র ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে প্রদর্শিত এ সংক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র।

লেখকঃ ব্যারিস্টার-অ্যাট-ল, নিউ ইয়র্ক প্রবাসী
সেলঃ (৯২৯) ৩৯১-৬০৪৭; ইমেইলঃ expa. expe@gmail. com