আসছে নির্বাচন বাড়ছে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় বসবাসরত বৃহত্তর সিলেটবাসীদের সবচেয়ে বড় সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক’-এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ অক্টোবর। এ উপলক্ষে গত ২৮ জুলাই রাত ১০টা পর্যন্ত সাধারণ সদস্যদের ভোটার করা হয়েছে। ১০ ডলার ভোটার ফি দিয়ে এবার ২ হাজার ৮০০ জন ভোটার হয়েছেন। সংগঠনের আজীবন সদস্য আছেন ৪১২ জন। সময়ের ব্যবধানে একদা দাপুটে এই সংগঠনের সদস্য সংখ্যা কমছে, এটিকে দুঃসংবাদ বলে উল্লেখ করেছেন অনেকেই।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর ২০১৯-২০২১ সালের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। মঞ্জুর চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ৫ সদস্য বিশিষ্ট এই নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা

হলেন আহমেদ এ হাকিম (সিলেট), আনোয়ার চৌধুরী (মৌলভীবাজার), ইকবাল আহমদ মাহবুব (সুনামগঞ্জ) ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ (হবিগঞ্জ)।

এদিকে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মঞ্জুর চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, চূড়ান্ত সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণাসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।

গত ছয় বছর ধরেই সভাপতি হিসেবে বদরুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে জেড চৌধুরী জুয়েল দায়িত্ব পালন করে আসছেন। তারা যখন নির্বাচিত হন তখন সংগঠনের সদস্য সংখ্যা ছিল ১৪ হাজার। এ সময়ের মধ্যে ১২ হাজারের বেশি সদস্য সংগঠন ত্যাগ করেছেন।

কোষাধ্যক্ষের....সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবারের সদস্য ফি ৩০ হাজারসহ বর্তমানে তহবিলে রয়েছে ২ লাখ ৬০ হাজার ডলার। কামাল আহমদ ও আতাউর রহমান সেলিম দায়িত্ব থাকাকালে ফিলাডেলফিয়ায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের নামে একটি বাড়ি কেনা হয়। বর্তমান কমিটি বাড়িটি এক লাখ আশি হাজার ডলারে বিক্রি করেছে। সংগঠনের তহবিলে ব্যাপক গরমিল নিয়ে সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ভোট জমা করেছেন সম্ভাব্য প্রার্থীরা। অন্য আরও দু/দশটি সংগঠনের মতো প্রার্থীরা নিজেই চাঁদা দিয়ে অনেক সদস্যের নামে ভোটার তালিকাভুক্ত করেন। অনেক ক্ষেত্রেই যাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, তিনি নিজেও জানেন না। বর্তমান সহসভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল বড় অংশ জমা দিয়েছেন বলে সংগঠনের মধ্যে প্রচার আছে। এবারে নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হচ্ছেন।

২৮ জুলাই সংগঠনের কার্যালয়ে গিয়ে সাবেক সভাপতিদের মধ্যে একমাত্র আজমল হুসেন কুনু ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। সংগঠনের নানা বিষয়ে কথা হলো আজমল হুসেনের সঙ্গে। তিনি বললেন, ‘সংগঠনের ক্রান্তিলগ্নে আমাদের এগিয়ে আসতে হবে। সংগঠন আজ জালালাবাদবাসী থেকে বিচ্ছিন্ন। সংগঠনের প্রতি হারানো আস্থা ফিরিয়ে আনতে হবে।’

সবাইকে এগিয়ে এসে প্রবাসে সিলেট অঞ্চলের অহংকারের প্রতিষ্ঠান জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী করার জন্য আজমল হুসেন সবার প্রতি আহ্বান জানান।

জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে সংগঠনের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃত্বের অনেকেই খোলামেলা কথা বলেছেন। বলেছেন আশা ও প্রত্যাশার কথা। বিয়ানীবাজার সমিতির সভাপতি মোস্তফা কামাল প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘সিলেট অঞ্চলের লোকজন আজ দেশে ও প্রবাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নামে ঐক্যবদ্ধ। আমরা এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চাই।’

সিলেট সদর সমিতির নেতা লায়েক খান বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকায় সবচেয়ে বড় আঞ্চলিক সংগঠন। আমরা আমাদের এই সংগঠনকে আবারও বৃহত্তর সিলেটবাসীর অহংকারের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।’ রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম বলেন, ‘দেশের মতো প্রবাসেও আমরা সিলেট অঞ্চলের লোকজন এক, আমাদের ঐক্য আর সংহতির প্রতিষ্ঠান জালালাবাদ অ্যাসোসিয়েশন।’ বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, ‘শুধু নিউইয়র্ক নয়, পুরো আমেরিকায় জালালাবাদ সংগঠনের নামে সিলেট অঞ্চলের লোকজন অহংকার করেন। সংগঠনটি আমাদের সম্মান ও মর্যাদার প্রতীক’।

জালালাবাদের প্রবীণ নেতা জিল্লুল হক বলেন, গতিশীল নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

অনেক সদস্যই সংগঠনের তহবিল নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। ১৪ হাজার ভোটারের মাধ্যমে নির্বাচিত নেতৃত্বের কাছে তারা বিক্ষিপ্তভাবে হিসাব দাবি করেন। সাধারণ সভা সদস্যদের অলক্ষ্যে করা হয়েছে এবং অনেকেই জানেন না বলে ক্ষোভ জানিয়েছেন।

ভোটার তালিকাভুক্তির শেষ দিনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য তালিকাভুক্তি রীতিমতো উৎসবে পরিণত হয়। সন্ধ্যায় সবাইকে আপ্যায়িত করেন মইনুল হক ও ফখরুল ইসলাম দেলওয়ার।