আসছেন কয়েক শ বিদেশি পর্যবেক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকের উপস্থিতি স্বাভাবিক ঘটনা। কিন্তু এ বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করতেও আসছে একাধিক বিদেশি পর্যবেক্ষক দল। ভিয়েনাভিত্তিক ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওএসসিই) প্রায় ৫০০ জন পর্যবেক্ষকের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা মহাদেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেটসও এই উদ্দেশ্যে ৩০-৪০ জনের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে। মস্কো থেকেও রুশ নির্বাচনী পর্যবেক্ষকদের একটি দল আসার সম্ভাবনা রয়েছে।
বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা লিডারশিপ কাউন্সিল অন সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস। ইতিপূর্বে তারা এক চিঠিতে ওএসসিই-এর কাছে আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ জানিয়েছিল। এই সংস্থার সভাপতি ওয়েড হেন্ডারসন ও সহ-সভাপতি ন্যান্সি জিরকিন তাঁদের চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন, বর্ণভিত্তিক বৈষম্যের কারণে এ বছরের নির্বাচনে সংখ্যালঘু গোষ্ঠীগুলোর অনেক সদস্যই হয়তো ঠিকমতো ভোট দিতে পারবেন না। রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটার পরিচয়পত্র দাবি করে নতুন আইন করা হয়েছে। তা ছাড়া সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ভোটাধিকার আইন বদল করা হয়েছে। এর ফলে যথাযথ পরিচয়পত্র নেই এমন আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের অনেকেরই পক্ষে ভোট প্রদান অসম্ভব হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিকদের ভোট দিতে ঝামেলায় পড়ার আশঙ্কার অন্য কারণ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের সমর্থকদের পর্যবেক্ষকের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন এ বছরের নির্বাচনে তাঁকে পরাস্ত করার উদ্দেশ্যে বড় ধরনের কারচুপি হতে পারে। তিনি বলেছেন, কোন কোন ডেমোক্রেটিক ভোটার ১৫ বার কী তার চেয়েও বেশিবার ভোট দিতে পারে। তবে এই দাবির পেছনে কোন প্রমাণ ট্রাম্প দেখাতে পারেননি।
ট্রাম্পের আহ্বানকে এক ধরনের হুমকি বলে ভাবা হচ্ছে। তাঁর স্বেচ্ছাসেবকেরা যদি কেন্দ্রে প্রতিটি ভোটারের পরিচয়পত্র যাচাইয়ের পর ভোট দিতে অনুমতি দেয়, তাহলে অনেকেই হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। লিডারশিপ কাউন্সিল এ আশঙ্কার কথা উল্লেখ করে আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকের উপস্থিতির ওপর গুরুত্ব আরোপ করেছে।
ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা এর আগেও মার্কিন নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধিদল পাঠিয়েছে। তবে এবারে তাদের মোট পর্যবেক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। ইউরোপীয় পর্যবেক্ষক দলের নেতৃত্বে থাকবেন রাষ্ট্রদূত অড্রে গ্লোভার। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণে এলেও নির্বাচনী প্রক্রিয়ায় তারা কোন রকম হস্তক্ষেপ করবেন না। ‘আমরা পুলিশ বাহিনী নই। আমাদের কাজ নির্বাচন পর্যবেক্ষণ করা ও কোন অনিয়ম আমাদের নজরে এলে তা নথিবদ্ধ করা,’ বলেছেন তিনি।