আসামি আটকের সময় গলা চেপে ধরা যাবে না
নিউইয়র্ক সিটি কাউন্সিল আন্দোলনের চাপে সম্প্রতি পাস হওয়া এনওয়াইপিডির চোকোল্ড বা গলা চেপে ধরার আইনটি সংশোধন করেছে। জুনে সিটি কাউন্সিল অনুমোদিত এবং গত মাসে মেয়র স্বাক্ষরিত আইনে এনওয়াইপিডির সদস্যদের সন্দেহভাজন অপরাধীকে আটকের সময় গলা চেপে ধরার কৌশল নিষিদ্ধ করেছে।
সংশোধনীতে স্পষ্ট করে বলা হয়েছে, এনওয়াইপিডি কর্মকর্তাদের গ্রেপ্তারের প্রক্রিয়ায় অপরাধীর গলায় বেপরোয়াভাবে চাপ দেওয়া সম্পূর্ণ অবৈধ। গ্রেপ্তার করার সময় কোন ব্যক্তির বুকে বা পিঠে হাঁটু গেড়ে বসা বা দাঁড়ানোকেও নিষিদ্ধ করা হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তারা গলা চেপে ধরা নিয়ে প্রশাসনের এসব পদক্ষেপের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, গ্রেপ্তার করার সময় কোনো কর্মকর্তা নিজের অজান্তেই পরিস্থিতির স্বীকার হয়ে বাধ্য হয়ে কোন ব্যক্তির গলা চেপে ধরতেই পারে।
সিটি কাউন্সিল সংশোধিত আইনে বুকে বা গলার যেকোনো অংশে আঘাতের ক্ষেত্রে ‘বেপরোয়া’ শব্দটি যুক্ত করেছে। ফলে পুলিশ কর্মকর্তাদের বেপরোয়া আচরণের কারণে যদি কোন ব্যক্তির শ্বাসকষ্টের সৃষ্টি হয়, তখনই কেবল এটিকে অবৈধ বলে ধরা হবে।
২৬ আগস্ট দৈনিক সংবাদ ব্রিফিংয়ের সময় সিটি মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, সিটি কাউন্সিলের জননিরাপত্তা কমিটির চেয়ারম্যান ডোনভান রিচার্ডস এই আইন সংশোধনে নেতৃত্ব দিচ্ছেন এবং এই আইনের বিস্তারিত বিবরণ কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।
মেয়র বলেন, গত এক-দুই মাস ধরে পুলিশ ও জনগণের মধ্যে কীভাবে সম্পর্কের ধারাবাহিক সংস্কার ও উন্নতি করা যায় এবং একই সঙ্গে ক্রমবর্ধমান সশস্ত্র সহিংসতার সমাধান করা যায়, তা নিয়ে অনেক আলাপ–আলোচনা হয়। তারই ফলস্বরূপ এই আইনের সংস্কার হয়।
মেয়র আরও বলেন, ‘আমি অনেক সিটি কাউন্সিলর ও কমিউনিটি নেতাদের এই বিষয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। তারাও পুলিশ ও জনগণের মধ্যে ক্রমবর্ধমান এই সমস্যার সমাধান করতে চান। স্পষ্টতই মূল আইনে গুরুত্বপূর্ণ সংস্কার অব্যাহত রয়েছে, চোকোল্ড যে কারণেই হোক না কেন, তা বেআইনি।’
অন্যদিকে, ২৬ আগস্ট প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বেনিভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক জে লিঞ্চ বলেন, ‘এই পাগল আইন কোন ক্ষতিপূরণ করতে পারবে না। এটি হবে না, কারণ মেয়র ও সিটি কাউন্সিলের আসলে এই সমস্যাটির স্থির কোনো সমাধানের ইচ্ছাই নেই। এই সমস্যাটি তারা তৈরি করেছিল, এখন গন্ডগোলের জন্য পুলিশকে দোষী করে তারা সন্তুষ্ট। তারা যদি পুলিশের কাজকে নিরাপদে ও কার্যকরভাবে করতে দিতে চাইতেন, তাহলে তারা কখনোই এই আইনের কথা বলতেন না।’
অবসরপ্রাপ্ত পুলিশ ক্যাপ্টেন ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস এই মাসের শুরুর দিকে বলেছিলেন, সিটি কাউন্সিলকে টেবিলে ফিরে আসা উচিত, তারা কী আইন প্রয়োগ করেছে তা পুনর্বিবেচনা করা উচিত। তিনি বলেন, তিনি চোকোল্ড নিষিদ্ধ করার বিষয়টি বোঝেন। পুলিশ কর্মকর্তাদের একটি জীবন বা মৃত্যুর লড়াইয়ে সন্দেহভাজন ব্যক্তির পেছনে বা ডায়াফ্রামের ওপর চাপ দেওয়া প্রয়োজন।
এনওয়াইপিডি কমিশনার ডার্মোট শিয়া আগে বলেছিলেন, নগর আইন প্রণেতারা ‘অনেক বেশি এগিয়ে গেছেন’ এবং নগরের নতুন পুলিশ জবাবদিহি আইন ‘পুলিশকে হাতকড়া’ পরিয়ে দিচ্ছে আর বন্দুকের সহিংসতার ঘটনা বাড়িয়ে দিচ্ছে।