আসাল পরিচালনায় নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে খান শওকত
সংবাদ সম্মেলনে খান শওকত

আমেরিকায় দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রবাসীদের সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার বা আসালের পরিচালনায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে আসালকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগে করেছেন সংগঠনটির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট খান শওকত। গত বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খান শওকত নিজেকে আসালের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট দাবি করে বলেন, দীর্ঘ ৮ বছর ধরে আসালের ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট, এক বছর ধরে ন্যাশনাল কমিটির জব সেমিনারের চেয়ারম্যান এবং কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। মিসবাহ উদ্দিনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তবে আসালের গত সম্মেলনে সাংগঠনিক বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। তিনি বলেন, আট বছর ধরে আসালের ‘জেনারেল সেক্রেটারি’ না থাকলেও অসাংগঠনিকভাবে এই সম্মেলনে ‘জেনারেল সেক্রেটারি’ পদ তৈরি করে অর্থের বিনিময়ে নিজের মন মতো ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তিনি বলেন, আসাল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ প্রবাসীদের নিয়ে গড়া সংগঠন হলেও ন্যাশনাল প্রেসিডেন্টের একক কর্তৃত্ব ও আচার-আচরণের কারণে অনেকই আসাল থেকে চলে গেছেন, বা অন্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে খান শওকত প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, প্রয়োজনে হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ করেন। তিনি বলেন, আসাল পরিচালনায় বছরে প্রায় এক মিলিয়ন ডলার লেনদেন হলেও এত বিপুল অর্থের সঠিক কোনো হিসাব নেই।
খান শওকত বলেন, আসালের আর্থিক অনিয়ম তদন্তের বিষয় তুলে ধরে অভিযোগ করা হয়েছে। গত ১৫ মে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে প্রথম অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ২৩ মে কুইন্স ক্রিমিনাল কোর্ট, কুইন্স ডিএ এবং ইউএস লেবার ম্যানেজমেন্টে অভিযোগ দাখিল করা হয়েছে।