আসুন, স্মার্ট পরিশ্রম করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকায় এসে শুধু কাজে ব্যস্ত হয়ে না পড়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত
আমেরিকায় এসে শুধু কাজে ব্যস্ত হয়ে না পড়ে পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মানবাধিকার কর্মী ম্যালকম এক্স বলেছেন, ‘শিক্ষাই ভবিষ্যতের পাসপোর্ট, যারা এখন প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যৎ তাদেরই।’ একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত? আপনি হয়তো জানেন, ভবিষ্যতের প্রস্তুতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষেরই যেমন অক্সিজেনের প্রয়োজন, তেমনি ভবিষ্যতে টিকে থাকার জন্য শিক্ষা মানুষকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দেয়। শিক্ষা সব বয়সের মানুষের কাছে গুরুত্বপূর্ণ, এর কোনো সীমা নেই। কীভাবে কথা বলতে ও লিখতে হয়, তা শেখার জন্য শিশুদের শিক্ষার প্রয়োজন হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের নানা বিষয় জানতে শিক্ষার প্রয়োজন। ব্যবসাক্ষেত্রে সফল হতে কর্মকর্তাদের নিয়মিত শিক্ষার প্রয়োজন। সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রতিনিয়ত শিক্ষার প্রয়োজন। বিখ্যাত লু হল্টজ বলেছেন, হয় আপনি শিখছেন, না হয় আপনি মারা যাচ্ছেন।
অন্যান্য জাতির মতো বাঙালি জাতিরও দোষ-ত্রুটির অভাব নেই। তবে বাঙালি জাতি হিসেবে আমাদের একটি বড় গুণ আছে, যা সচরাচর অন্যত্র দেখা যায় না। সেটি হচ্ছে শিক্ষার প্রকৃত মূল্যায়ন। আমরা অন্যান্য জাতির তুলনায় শিক্ষা ক্ষেত্রে বা জ্ঞান আরোহণের ক্ষেত্রে একটু বেশি আন্তরিক। শিক্ষিত মানুষের সম্মান করতে শিখেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বহু বাঙালি অভিবাসী যখন উত্তর আমেরিকায় আসে, তখন তারা শিক্ষার দরজাটি চিরতরে বন্ধ করে দেয়। বাংলাদেশ থেকে আসা বহু শিক্ষিত অভিবাসী আমেরিকায় অভিবাসী হয়ে রেস্তোরাঁ বা ট্যাক্সি চালিয়ে জীবনধারণ করে যাচ্ছে। অনেকেই এভাবে তাদের সারাটা জীবন পার করে দিচ্ছে। কিন্তু তারা একটু চেষ্টা করলেই ভালো চাকরি করতে পারত, উন্নত জীবনযাপন করতে পারত।
এক্ষেত্রে অবশ্য আত্মসন্তুষ্টির একটা বিষয় আছে। আত্মসন্তুষ্টি সব উন্নতির পেছনে একটি বাধা হিসেবে কাজ করে। আমাদের উন্নতির শিখরে পৌঁছার ক্ষুধাটি হারালে চলবে না, ক্ষুধাটি সব সময় আমাদের রাখতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বাঙালিরা পরিশ্রম করতে ভয় করে না, কিন্তু কায়িক পরিশ্রমের পাশাপাশি স্মার্ট পরিশ্রম করতে হবে।
পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে, কায়িক পরিশ্রম ও স্মার্ট পরিশ্রমের মধ্যকার পার্থক্যটা কি? আচ্ছা ধরুন, আপনি সপ্তাহে পাঁচ দিন নিউইয়র্ক শহরে ট্যাক্সি চালিয়ে পাঁচ শ ডলার আয় করেন। আপনার জন্য হয়তো সেটি যথেষ্ট বা সেটি দিয়ে কোনোমতে আপনার দিন চলে যায়। কিন্তু আপনি কি আপনার বা আপনার পরিবারের ভবিষ্যতের কথা একটু চিন্তা করেছেন? যখন আপনার বয়স ৫০ বা ৬০–এর উপরে যাবে, তখন আপনি কীভাবে সংসার চালাবেন? তা ছাড়া সপ্তাহে পাঁচ শ ডলার বা মাসে দুই হাজার ডলার দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো কষ্টের। এবার ধরে নিচ্ছি, আপনি বাংলাদেশে এসএসসি পাস করেননি। এসএসসি পাস করেননি তো কি? আপনি বাংলাদেশে এসএসসি পাস না করলেও আমেরিকায় এসে আপনি ডক্টরেট ডিগ্রি করতে পারবেন। সে জন্য আপনাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। অনেকের ধারণা, তারা বাংলাদেশে পড়াশোনায় ভালো ছিলেন না। তাই আমেরিকায় তো পড়াশোনার করার প্রশ্নই আসে না।
কেন বা কীভাবে বাংলাদেশে এসএসসি পাস না করেও আমেরিকায় আপনি ডক্টরেট ডিগ্রি নিতে পারবেন সে বিষয়ে কিছু বলি। আপনি আমেরিকার বহু প্রতিষ্ঠানে বিনা পয়সায় ইংরেজি ভাষা শিখতে পারেন। তারপর বিনা পয়সায় জিইডি বা জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। জিইডি সার্টিফিকেট আমেরিকায় হাইস্কুল ডিপ্লোমার সমতুল্য। এ দেশে হাইস্কুল ডিপ্লোমা পাস করা ব্যক্তিদের জন্য উপার্জন কম নয়। আমেরিবায় হাইস্কুল ডিপ্লোমা প্রাপ্তদের গড়ে সপ্তাহে ৬৭৮ ডলার উপার্জন হয়, যা বছরে গড়ে ৩৫ হাজার ২৫৬ ডলার। তা ছাড়া উচ্চ বিদ্যালয়ের ডিপ্লোমা প্রাপ্তদের বেকারত্বের হার ৫ দশমিত ৪ ভাগ। আপনি যদি বছরে ৩৫ হাজার ২৫৬ ডলার উপার্জন করে আত্মতুষ্টিতে না ভোগেন তাহলে স্নাতক ডিগ্রি করা শুরু করেন। আমেরিকায় যারা হাইস্কুল বা জিইডি শেষ করে, তারা সহজে কলেজে ভর্তি হতে পারে। নিউইয়র্কে স্নাতক পর্যন্ত আপনাকে পড়াশোনা করার খরচ বহন করতে হয় না। স্নাতক ডিগ্রিধারী আমেরিকানরা সপ্তাহে গড়ে ১ হাজার ১৩৭ ডলার উপার্জন করে। স্নাতক ডিগ্রিধারী কর্মীদের জন্য গড় আয় প্রতি বছর ৫৯ হাজার ১২৪ ডলার। তা ছাড়া স্নাতক ডিগ্রিধারী আমেরিকানদের বেকারত্বের হার ২ দশমিক ৮ ভাগ। একে বলা হয় স্মার্ট পরিশ্রম। আপনি কায়িক পরিশ্রমের পাশাপাশি বিনা খরচে স্নাতক শেষ করে বছরে ষাট হাজার ডলার আয় করতে পারছেন।
এবার যদি আপনি মাস্টার্স ডিগ্রি শেষ করেন, তাহলে আপনার গড়ে উপার্জন প্রতি সপ্তাহে ১ হাজার ৩৪১ ডলার, যা প্রতি বছরে ৬৯ হাজার ৭৩২ ডলারে দাঁড়ায়। আমেরিকায় মাস্টার্স ডিগ্রি কর্মীদের বেকারত্বের হার ২ দশমিক ৪ ভাগ। মাস্টার্স ডিগ্রি শেষ করে থেমে থাকার কোনো কারণ নেই। আপনি ডক্টরেট ডিগ্রি শেষ করার পথে এগোতে পারেন এবং তাতে আপনার আয় হবে এক লাখ ডলারেরও বেশি।
মূলকথা, আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ, একমাত্র শিক্ষাতেই অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়া যায়। শিক্ষা অর্জন করলে যেমন আর্থিক সফলতা লাভ করা যায়, তেমনি জীবনে চলার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব।
এবার ভাবুন, আমেরিকার সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, পঁচিশ বছর বা তার ঊর্ধ্বে বয়স্কদের শতকরা ৩৩ দশমিক ৪ ভাগের স্নাতক ডিগ্রি অর্জন করেছে। শতকরা ৯ ভাগ ৩ ভাগ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে এবং প্রায় ২ ভাগ ডক্টরেট ডিগ্রি করেছে। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোনো কাতারে আছেন? আমেরিকায় আপনার স্থানটি কোথায়? শিক্ষা আমাদের চারপাশের বিশ্বের জ্ঞান দেয় এবং আমাদের জীবনকে ভালো কিছুতে রূপ দেয়। শিক্ষা আমাদের জীবনকে দেখার দৃষ্টিকোণকে বিকশিত করে। এটি আমাদের জীবনে মতামত ও দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়তা করে। শিক্ষা হচ্ছে আশপাশের বিশ্ব সম্পর্কে তথ্য অর্জনের প্রক্রিয়া। তাই আমাদের প্রতিনিয়ত শিখতে হবে, থেমে থাকলে চলবে না। চলুন, এবার একটু স্মার্ট পরিশ্রম করি।