আহ্বায়ক রাসেল, সদস্যসচিব শিব্বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি আই রাসেল, শিব্বীর আহমেদ
জি আই রাসেল, শিব্বীর আহমেদ

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডের ছুটিতে অনুষ্ঠিত হবে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ৩৫তম সম্মেলন। এই সম্মেলনের আহ্বায়ক ও সদস্যসচিব করা হয়েছে যথাক্রমে জি আই রাসেল ও শিব্বীর আহমেদকে। ২৩ নভেম্বর ওয়াশিংটনে ফোবানার এক ’মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ৩৫তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট জি আই রাসেল।
সভায় উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, ৩৪তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হাসমত মোবিন, সদস্যসচিব নাহিদা আলী এবং ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ। সভায় ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির জন্য ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় ৩৪তম ফোবানা সম্মেলনের জন্য প্রায় ২৫ হাজার ডলারের তহবিল সংগ্রহ করা হয়।
জি আই রাসেল জানান, আগামী দুই বছরে স্বাগতিক কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের আরও নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মসূচি তৈরির কাজ শুরু হয়েছে। ‘অদম্য বাংলাদেশ, অবাক বিশ্ব’—এই প্রতিপাদ্যকে ধারণ করে ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদ্‌যাপন করা হবে। সম্মেলন সামনে রেখে বাংলাদেশ ও আমেরিকায় তিনটি সংবাদ সম্মেলন করা হবে। এর মধ্যে ২০২০ সালের অক্টোবর/নভেম্বরে একটি এবং বাংলাদেশে ও নিউইয়র্কে যথাক্রমে ২০২১ সালের ফেব্রুয়ারি ও জুনে দুটি পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৫তম সম্মেলন সম্পর্কে সবকিছু সবার সামনে তুলে ধরা হবে।
সভার আগে ফোবানা নেতৃবৃন্দ ওয়াশিংটনে অনুষ্ঠেয় ৩৫তম ফোবানা সম্মেলনের সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন। আগামী দু-তিন মাসের মধ্যেই ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু
চূড়ান্ত করা হবে বলে জানান জি আই রাসেল।