আড়াই কোটি ডলারে ৩ মামলা সুরাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

আড়াই কোটি ডলারের বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করা তিনটি প্রতারণার মামলা সুরাহা করেছেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নেইডারম্যান গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী মামলাগুলো করেছিলেন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়টি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি এবং তাঁদের ভুল শিখিয়েছে। আবাসন ব্যবসার ‘গোপন রহস্য’ ফাঁস করার প্রলোভন দেখিয়ে ‘নিজের নির্বাচিত’ প্রশিক্ষকদের মাধ্যমে ট্রাম্প তাঁদের কাছ থেকে ৩৫ হাজার ডলার করে হাতিয়ে নিয়েছেন। তবে অভিযোগ ওঠার পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন, তিনি কোনো রকম আপসে যাবেন না।

ট্রাম্পের এই আপস এক ‘অত্যাশ্চর্য পরিবর্তন’ এবং তাঁর প্রতারক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ছয় হাজারের বেশি ভুক্তভোগীর ‘বড় ধরনের বিজয়’ বলে বিবৃতিতে অভিহিত করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে প্রতারিত হওয়া ভুক্তভোগীরা বছরের পর বছর আজকের এই ফলের জন্য অপেক্ষা করেছেন এবং আমি আনন্দিত, তাঁদের ধৈর্য ও অধ্যবসায় আজকের এই বন্দোবস্তের আড়াই কোটি ডলারের মাধ্যমে পুরস্কৃত হবে।’

তবে ট্রাম্পের আইনজীবী ডেনিয়েল পেট্রোসেলি বলেছেন, যা হয়েছে, তাতে তাঁর মক্কেল খুশি। তিনি বলেন, ‘নিজের স্বার্থ ত্যাগ করতে তিনি (ট্রাম্প) প্রস্তুত ছিলেন; কারণ, এসব পেছনে ফেলে তিনি সামনে বাড়তে চান।’

প্রচারণার সময় স্নেইডারকে ‘ফালতু’ মন্তব্য করে আক্রমণ করেছিলেন ট্রাম্প। আর ২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে ক্ষতিপূরণ বাবদ চার কোটি ডলার দাবি করে আসছিলেন স্নেইডার। তিনি ট্রাম্প বিশ্ববিদ্যালয়কে ‘আগাগোড়া প্রতারক’ বলেও মন্তব্য করেছেন।

এই তিন মামলা ছাড়াও কয়েকটি মামলা রয়েছে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এসব মামলার একটির কার্যক্রম স্যান ডিয়েগোয় ২৮ নভেম্বর শুরু হওয়ার কথা। তবে ট্রাম্পের আইনজীবীরা কার্যক্রমকে বিলম্বিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় চলমান দুটি প্রতারণার মামলা আদালতের বাইরে সুরাহা করার আহ্বান জানিয়েছেন এই বিচারিক কার্যক্রমের সভাপতি ডিস্ট্রিক্ট জজ গঞ্জালো কুরিয়েল।

ট্রাম্প-রমনি বৈঠক হবে: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দল রিপাবলিকান পার্টিতে তাঁর অন্যতম সমালোচক মিট রমনির সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন গণমাধ্যমগুলোর ধারণা হচ্ছে, ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রমনির দায়িত্ব নেওয়া নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে। ট্রাম্প ও রমনির মধ্যে তিক্ত সম্পর্ক অনেক দিনের। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় তাঁকে ‘ধোঁকাবাজ’ ও ‘কুটিল’ বলে আখ্যায়িত করেছিলেন রমনি। ট্রাম্পও কম যাননি। বলেছিলেন, ২০১২ সালে বারাক ওবামার সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রমনির অবস্থা ছিল এ যাবৎকালের সবচেয়ে বাজে।

এ বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরসংক্রান্ত প্রতিনিধি দলের মুখপাত্র শিন স্পিসার বলেন, ট্রাম্প চাচ্ছেন সবচেয়ে যোগ্যতাসম্পন্ন লোকজন দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁদের মধ্যে কেউ তাঁকে পছন্দ করেন। কেউ আবার পছন্দ নাও করে থাকতে পারেন। এ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প মিট রমনির বক্তব্য ও চিন্তাধারা সম্পর্কে অবগত হবেন।