আড়াই কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোটের সুবিধা গ্রহণ করে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ ইতিমধ্যে ভোট দিয়েছেন। ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে যত মানুষ এই সময়ের মধ্যে আগাম ভোট দেন, এই সংখ্যা তার দ্বিগুণ। সংখ্যায় বেশি হলেও ভোটদাতাদের মধ্যে সংখ্যালঘু, বিশেষত আফ্রিকান-আমেরিকানদের ভোট কমেছে। এটি হিলারি ক্লিনটনের জন্য দুঃসংবাদ। সংখ্যালঘু ভোটারদের দুই-তৃতীয়াংশ বা তার চেয়েও বেশি তাঁর পক্ষে। হিলারি আশায় আছেন, তাঁদের ভোটেই ওহাইও, ফ্লোরিডা বা নর্থ ক্যারোলাইনার মতো অঙ্গরাজ্যে জয় ছিনিয়ে আনবেন।
ইতিমধ্যে প্রদত্ত ভোটের প্রাথমিক বিশ্লেষণের পর নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে। এর মধ্যে পুরোপুরি রিপাবলিকান বা ডেমোক্রেটিক নয় এমন গুরুত্বপূর্ণ ১২টি অঙ্গরাজ্য রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এদের ওপরই নির্ভর করবে। নর্থ ক্যারোলাইনায় আফ্রিকান-আমেরিকান ভোটের পরিমাণ ২০১২ সালের তুলনায় ১৬ শতাংশ কম। পাশাপাশি শ্বেতকায়দের ভোট বেড়েছে ১৫ শতাংশ।
সংখ্যালঘুদের কম ভোট পড়ার একাধিক কারণ রয়েছে। ২০১২ সালে তাঁর দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছিলেন বারাক ওবামা। দেশের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্টের পুনর্নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী ছিলেন আফ্রিকান-আমেরিকান ভোটাররা। এবার তাঁদের সেই আগ্রহে ভাটা পড়েছে। প্রার্থী হিসেবে সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য অংশ হিলারির ব্যাপারে অসন্তুষ্ট। অন্য বড় কারণ সংখ্যালঘুদের ভোটে নিরুৎসাহিত করতে রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিভিন্ন রাজ্যের আইনসভা নানা নতুন নিয়ম-কানুন চালু করেছে। কোনো কোনো রাজ্যে প্রত্যেক ভোটারকে ছবিসহ পরিচয়পত্র দেখানোর নিয়ম চালু হয়েছে। আগাম ভোটের সময়সীমা কমানো হয়েছে। উভয় শর্তই সংখ্যালঘুদের জন্য বৈষম্যমূলক।
হিলারি ক্লিনটনের ক্যাম্পেইন থেকে জানানো হয়েছে, সংখ্যালঘু ভোটারদের আগ্রহী করতে অবশিষ্ট দিনগুলোতে তারা দ্বিগুণ শক্তিতে প্রচারণা চালাবে।