আড়াই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে নগর কর্তৃপক্ষকে

ছুরিকাঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ব্রঙ্কসের বাসিন্দা তোকুনবো ওনিলুডকে। কিন্তু তাঁর বিরুদ্ধে আনীত এই অভিযোগ ছিল ভুল। আর এই কারণে তাঁকে ২ দশমিক ৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষকে। ২১ ডিসেম্বর এই ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন বিচারকেরা।
২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর ইস্টচেস্টারে নিজ বাসায় ফিরছিলেন তোকুনবো ওনিলুড। এ সময় দুই পুলিশ কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ৪৯ প্রেসিংক্ট স্টেশনহাউসে নিয়ে যায়। এর ঠিক নয় দিন আগে তাঁর বাড়ির কাছে আহত অবস্থায় পাওয়া এক ক্যাব চালককে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
নিউইয়র্ক পুলিশের তদন্ত কর্মকর্তা ইয়োর্গে চিকো জানান, আন্দ্রে লোন্ডস নামের এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে তোকুনবোকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে, তারা কখনোই তোকুনবোকে আন্দ্রে লোন্ডসের সামনে হাজির করে শনাক্ত করা চেষ্টা করেনি। এদিকে জিজ্ঞাসাবাদের সময় তোকুনবো জানিয়েছিলেন যে, ছুরিকাঘাতের ঘটনার দিন তিনি তাঁর বান্ধবীর সঙ্গে ছিলেন। একই সঙ্গে ঘটনার সময় ওই স্থানের আশপাশে ছিলেন বলেও তিনি স্বীকার করেন। তবে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
প্রথম দিনের জিজ্ঞাসাবাদের পর তদন্ত কর্মকর্তা চিকো তোকুনবোকে বলেছিলেন যে, আহত ক্যাব চালক হামলাকারী হিসেবে তাকে শনাক্ত করেছে। কিন্তু এর কোনো প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি আদালতে।
নিউইয়র্ক ডেইলি জানায়, তোকুনবোকে রিকার্স আইল্যান্ডের কারাগারে ১৫ দিন আটক রাখা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পরবর্তী সাত মাস তাঁকে খুনের অভিযোগ মাথায় নিয়ে ঘুরতে হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে তাকে ২৫ বছরের কারাভোগের শাস্তি পেতে হতো। ২০০৯ সালে মামলাটি শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়। এর পর নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে হয়রানির মামলা করেন তোকুনবো। কোনো অপরাধ না করেও তাকে সব সময়ই মানুষের কাছ থেকে অদ্ভুত আচরণের শিকার হতে হতো। পারিবারিক ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছিল তার। এর এক বছর পর তিনি নিউইয়র্ক ত্যাগ করে জর্জিয়ার সাভান্নাহ শহরে চলে যান। সম্প্রতি মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে।
শুনানিতে তোকুনবোর আইনজীবী এমন ভুল অভিযোগে গ্রেপ্তার ও আটক থাকার পর তোকুনবোর জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো তুলে ধরেন। একই সঙ্গে এই গ্রেপ্তার ও পুরো ঘটনার তদন্তের সময় নিউইয়র্ক পুলিশের দায়িত্বহীনতার বিষয়টিও তুলে ধরেন, যা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। উভয় পক্ষের যুক্তি–তর্ক শুনে বিচারকেরা ২১ ডিসেম্বর তোকুনবোকে প্রায় আড়াই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেন নগর কর্তৃপক্ষকে।