আড়িপাতার অভিযোগে অনড় ডোনাল্ড ট্রাম্প
বারাক ওবামার বিরুদ্ধে আড়িপাতার অভিযোগে এখনো অনড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে গত বুধবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এ অভিযোগের ব্যাপারে আরও তথ্য জানা যাবে।
সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় আড়িপাতার অভিযোগ এনে আলোড়ন তোলেন ট্রাম্প। ওবামা গোয়েন্দাদের এমন কোনো নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অভিযোগের সপক্ষে হোয়াইট হাউসও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নুনেসও গত বুধবার বলেন, ট্রাম্প টাওয়ারে আড়িপাতা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি বিশ্বাস করেন না এখনো।
তবে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আড়িপাতার বিষয়টির মধ্যে অনেক ধরনের বিষয় থাকে। আমার মনে হচ্ছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন।’
আড়িপাতা বিতর্কের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের দ্বিদলীয় কমিটি ট্রাম্পের দাবির কোনো ভিত্তি আছে কি না, এক সপ্তাহ ধরে তা তদন্ত করে। এ কমিটি বিচার বিভাগকে গত সোমবার মধ্যরাতের মধ্যে এ বিষয়ে প্রমাণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিচার বিভাগ সেই সময়ের মধ্যে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারা বলেছে, আদৌ কোনো তথ্য-প্রমাণ থাকলেও তা সংগ্রহের জন্য আরও সময় দরকার। কংগ্রেস বিচার বিভাগকে এ জন্য ২০ মার্চ চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে।
বিদেশি সহায়তা কমছে
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মার্কিন প্রশাসন আগামী বাজেটে বিদেশি অনুদান এবং জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য খাতে ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বাজেট পরিকল্পনা কংগ্রেসে তোলার কথা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী, নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় ১০ শতাংশ বাড়ানো হবে। অন্যদিকে বাজেটে বৈদেশিক সহায়তার বিষয় দেখভাল করা পররাষ্ট্র দপ্তরের ব্যয় ২৮ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। এ ছাড়া নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত খবর অনুযায়ী, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) ব্যয় ৩১ শতাংশ কমানো হতে পারে। জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে হোয়াইট হাউস ৩০ শতাংশ ব্যয় কমাতে চায় বলেও জানা গেছে।