আয় কমায় অবসর নিতে চান নিউইয়র্ক পুলিশের অনেকে

নিউইয়র্ক পুলিশ বিভাগ পুলিশ সদস্যদের ওভারটাইমে একটি সীমা বেঁধে দিয়েছে। এতে অনেক পুলিশ সদস্যই ক্ষুব্ধ হয়েছেন। অনেকে অবসরোত্তর সুবিধাসহ নানা হিসাব-নিকাশ শুরু করেছেন। তাঁদের কেই কেউ আগাম অবসরের কথা ভাবছেন।
গত সপ্তাহে পুলিশ সদস্যদের ওভারটাইমের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার সিদ্ধান্ত নেয় নিউইয়র্ক পুলিশ বিভাগ। নতুন এ সিদ্ধান্তের ফলে মাসে একজন পুলিশ সদস্য নির্দিষ্ট ঘণ্টার বেশি ওভারটাইম করতে পারবেন না। এই ঘোষণার পর অনেক পুলিশ সদস্যই অবসরের পরিকল্পনা করতে শুরু করেছেন বলে নিউইয়র্ক ডেইলিকে জানিয়েছে কয়েকটি সূত্র।
২০১৮-১৯ অর্থবছরের শেষ দিকে এসে নিউইয়র্ক পুলিশ ওভারটাইম একটি সীমায় বাঁধার ঘোষণা দেয়। পুলিশ বিভাগের প্রতিটি ইউনিটের জন্য এ নতুন নিয়ম কার্যকর হয়। অর্থাৎ এই সীমা এমনকি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাদের জন্যও কার্যকর, যাদের কোনো হত্যাকাণ্ডের পর টানা ২৪ ঘণ্টারও বেশি কাজ করতে হয়। অথচ নতুন নিয়ম অনুযায়ী, এই ইউনিটের সদস্যরাও মাসে ৩০ ঘণ্টার বেশি ওভারটাইম করতে পারবেন না। অর্থাৎ এই সময়ের বেশি কাজ করলেও তাঁদের কাজ আর ওভারটাইম হিসেবে গণ্য হবে না।
নিউইয়র্ক পুলিশ সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, এ ঘোষণার পর প্রতি দিন বিভাগের অন্তত এক ডজন পুলিশ সদস্য অবসরে যাওয়ার জন্য নথি জমা দিচ্ছেন। ব্রুকলিন নর্থের গোয়েন্দা কর্মকর্তা ক্যাপ্টেন নিকোলাস ফিয়র বলেন, ‘কোনোভাবেই এই সংখ্যায় হেরফের হবে না! এটি নিঃসন্দেহে একটি কঠিন সিদ্ধান্ত।’
নতুন নিয়মের অধীনে রয়েছেন গোয়েন্দা বিভাগের সার্জেন্ট, লেফটেন্যান্ট থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তাই। আর গোয়েন্দা বিভাগের প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে ওভারটাইমের সীমা আরও কম। তাঁরা মাসে সর্বোচ্চ ২০ ঘণ্টা ওভারটাইম করতে পারবেন। এ সম্পর্কিত একটি সূত্র জানিয়েছে, ‘ওভারটাইম দেওয়ার ক্ষেত্রে বিভাগ পিছু হটেছে। ফলে যাদের অবসরের সময় হয়ে গেছে, বা যারা কাছাকাছি অবস্থান করছেন, তাঁদের পক্ষে আগাম অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে বেশি কাজ করেও ওভারটাইম না পাওয়াটা তাঁরা মানতে পারছেন না।’
নিউইয়র্ক পুলিশ বিভাগের নিয়ম অনুযায়ী, একজন সদস্যের অবসরোত্তর সুবিধা নির্ভর করে অবসরের আগের বছর তাঁর আয়ের ওপর। ফলে অবসরের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা গত বছরের হাড়ভাঙা পরিশ্রমের মূল্য নিয়েই অবসরে যেতে চাইছেন। কারণ, নতুন নিয়মে ওভারটাইম কমে গেলে এ বছর তাঁদের আয় নিশ্চিতভাবেই ২০১৮ সালের চেয়ে কম হবে। ফলে তাঁদের পেনশনসহ অবসরোত্তর সুবিধার পরিমাণ কমে যাবে। তাই তাঁরা ২০১৮ সালের উচ্চ আয় নিয়েই অবসরে যেতে চান।