আয়কর দাখিলে তাড়াহুড়া নয়

আয়কর দাখিলের সময় তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন ট্যাক্সের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা। তাঁরা ভেবে-চিন্তে, ধীরে-সুস্থে আয়কর দাখিল করতে প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন। আয়কর দাখিলের সময় সঠিক তথ্যে না দিলে আইআরএস থেকে চিঠি আসতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, যাঁরা একাধিক জায়গায় ক্যাশে কাজ করেন অথবা ১০৯৯ পেয়েছেন তাঁদের ক্ষেত্রে আয়কর দাখিলের ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় আয়কর দাখিলকারীর বিরুদ্ধে জরিমানাসহ দণ্ড আসতে পারে। এ ছাড়া যাঁরা ইতিমধ্যে আয়কর দাখিল করে ফেলেছেন তাঁরা হয়তো রিফান্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিয়মিত ফোন করছেন। সে ক্ষেত্রেও তাদের জন্য পরামর্শ রয়েছে।
গত ২৯ জানুয়ারি থেকে আয়কর দাখিল শুরু হয়েছে। ১৭ এপ্রিল পর্যন্ত এই আয়কর দাখিল করা যাবে। নির্ধারিত সময়ের পরও আয়কর দাখিল করা যাবে। তবে এ ক্ষেত্রে কিছু বাড়তি অর্থ জরিমানা হিসেবে গুনতে হবে।
রিফান্ড পাওয়ার ব্যাপারে কর্ণফুলী ট্যাক্সের মালিক ও নিবন্ধিত এজেন্ট মোহাম্মদ হাসেম বলেন, যাঁরা ইতিমধ্যে আয়কর দাখিল করেছেন তাঁরা সহজেই আইআরএসের ওয়েবসাইট থেকে সঠিক তথ্য জানতে পারবেন। সে ক্ষেত্রে তিনটি তথ্য প্রয়োগ করতে হবে। এগুলো হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নম্বর, ফাইলিং স্ট্যাটাস ও সঠিক রিফান্ড অ্যামাউন্ট ওয়েবসাইটে দাখিল করতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টে কখন, কত রিফান্ড আসবে তা জানতে পারবেন। এ জন্য যারা ট্যাক্স ফাইল তৈরি করে দিয়েছেন, তাদের অনবরত ফোন করার প্রয়োজন নেই।
অনুমোদিত পাবলিক অ্যাকাউন্টটেন্ট সিপিএ কে এম হক বলেন, যাঁরা নগদ আয় করেন, তাদের ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রমাণ রাখতে হবে এবং খরচের হিসাবও রাখতে হবে। এ ক্ষেত্রে কেউ যদি নিয়ম অনুসরণ না করেন এবং আইআরএসের তদন্তে প্রমাণিত হয় যে আয়কর দাখিলকারী ভুল তথ্য দিয়েছেন অথবা উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন, তাহলে সে ক্ষেত্রে জরিমানা ও ফৌজদারি মামলা হতে পারে।

১০৯৯ ডকুমেন্ট প্রসঙ্গে সাউথ ইষ্ট ইউএসএর মালিক অধ্যাপক এহতেশামুল হক বলেন, যাঁরা ১০৯৯ পেয়েছেন তাঁদেরকে অবশ্যই পুরো আয়কর তাঁদের পকেট থেকে দিতে হবে। খরচের ক্ষেত্রে অবশ্যই ভাউচার বা প্রমাণ রাখতে হবে। কিন্তু ডব্লিউটু-এর ক্ষেত্রে দুইজনকে আয়কর দিতে হবে।
ট্রিপল এ অ্যাকাউন্টিংয়ের মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, যেকোনো শ্রেণির আয়ের লোকজনের তাড়াহুড়া করে আয়কর ফাইল করা উচিত নয়। সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিশ্চিত করেই তারপর আয়কর ফাইল জমা দেওয়া উচিত। তিনি আরও বলেন, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই চাইল্ড ক্রেডিট পাবেন। এ ছাড়া আরও অন্যান্য ক্রেডিট পেতে সঠিক পেশাজীবীদের মাধ্যমে আয়কর দাখিলের পরামর্শ দেন তিনি।
আয়কর দাখিলের ক্রুটিগত কারণে অথবা তথ্য যাচাইয়ের জন্য আইআরএস থেকে চিঠি আসলে করণীয় প্রসঙ্গে নিবন্ধিত এজেন্ট নিজামূল শাহির বলেন, এ ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ নিবন্ধিত এজেন্ট বা সিপিএর পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া আয়কর দাখিলকারীকে অবশ্যই সঠিক ডকুমেন্ট আইআরএসে জমা দিতে হবে। অন্যথায় যেকোনো ধরনের জরিমানা আসতে পারে।