আয়নায় দেখি অসুখের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়নায় এ কার মুখ? আয়নায় নিজের অসুস্থ, রোগাক্রান্ত মুখটি দেখে বড় কষ্ট হয়। সতেজ, স্বাস্থ্যবান একটি অনিন্দ্য সুন্দর মুখ মনে যে আনন্দ সঞ্চারিত করে, তেমনি একটি বিষণ্ন, অসুস্থ মুখ বেঁচে থাকার সমস্ত আনন্দ মুছে দেয়।

আজ আমার মন খারাপের দিন। আশা-নিরাশার দোলাচল শেষ। মনে মনে আশা ছিল হয়তোবা জেটল্যাগ ও ইকোনমিক কেবিন সিনড্রোমে জান লবেজান হয়ে আছে। তাই এই দুর্বলতা, অসুস্থতা। কয়েক দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। কিন্তু আসলে তা নয়। বাংলাদেশে থাকাকালীন গত দীর্ঘ তিন মাসের লকডাউন, আইসোলেশন সঠিকভাবে মেনেও শেষ রক্ষা হলো না। যথাসময়ে কোভিড-১৯ টেস্ট রিপোর্টটিও হাতে পেয়ে গেলাম। রিপোর্ট এসেছে পজিটিভ।

প্রতিটি মানুষ যদি একটু সচেতন হতো, নিজে রোগাক্রান্ত হওয়ার পর অন্যদের কথা ভেবে আইসোলেশন মেনে চলত, তাহলে নভেল করোনাভাইরাস মানব সভ্যতাকে এমন বিপর্যয়ের মধ্যে ফেলতে পারত না। নিতান্ত অসময়ে, করুণভাবে লাখ লাখ মানুষকে জীবনের সমস্ত পাট চুকিয়ে বিদায় নিতে হতো না। দীর্ঘ তিন মাস নিজেকে যারপরনাই সুরক্ষিত রেখে যেদিনই পথে বের হলাম, সেদিনই জীবন বিপন্ন হয়ে উঠল। অনুমান করছি, আমার এবং হাসবেন্ডের ইনফেকশন প্লেনের সহযাত্রীদের কাছ থেকে হয়েছে। এ সম্ভাবনাই সর্বোচ্চ। কারণ আমাদের সঙ্গে এক অসুস্থ সহযাত্রী ছিলেন। তিনি ছাড়াও আশপাশে আরও অনেক লক্ষণবিহীন করোনা-সংক্রমিত রোগী থাকার আশঙ্কাও ছিল। অবশ্য সংক্রমণ এয়ারপোর্ট থেকেও হতে পারে। হতে পারে আমাদের ভবনের লবি, করিডর বা এলিভেটরে। কিংবা আমাদের নিজেদের বাসায়। কারণ, মার্চ মাসে যখন নিউইয়র্কে বেসামাল অবস্থা, তখন আমার বাসায় চারজন সদস্য করোনা-আক্রান্ত হয়েছিল। তবে কথা হলো সারফেসে বা ঘরের বাতাসে ভাইরাস কতক্ষণ বেঁচে থাকে? বাসার ভেতরকার ভাইরাস নিশ্চয়ই দু মাস পরেও বেঁচে নেই।

একজন দায়িত্বজ্ঞানহীন সহযাত্রীর ছড়িয়ে দেওয়া ভাইরাস দ্বারা আমরা সংক্রমিত হলাম। পরে জেনেছি, আমাদের মতোই আরও অনেক সহযাত্রী ফিরে এসে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ওই মানুষটির উচিত ছিল না এমন অসুস্থতা নিয়ে একটি দীর্ঘ যাত্রায় সহযাত্রী হওয়া। নিজের শারীরিক অবস্থা না জেনেই যদি তিনি প্লেনে উঠে থাকেন, তাহলে বলার কিছু নেই। আর যদি অসুস্থ জেনেও প্লেনে উঠে থাকেন, তাহলে তিনি ক্ষমার অযোগ্য। তাঁর এই আচরণ অমানবিক। এত কিছুর পরও এত মৃত্যুর পরও আমরা আরও একটু মানবিক হতে পারছি না কেন? কেন একজনের অসচেতনতার জন্য, খামখেয়ালির জন্য আরেকজনের জীবন বিপন্ন হবে?

যাই হোক। জন্মভূমি ও একদা প্রিয়তম শহর ঢাকা ছেড়ে ফিরে এলাম বর্তমান হোমটাউন নিউইয়র্কে। ৪ জুন ফিরে এলাম। ৬ জুন থেকে আমার অসুস্থতার লক্ষণ দেখা দিল। প্লেন যাত্রায় অসম্ভব ক্লান্ত ছিলাম। ওই দিন সকালে ঘুম ভাঙল প্রচণ্ড জ্বর ও হ্যালুসিনেশনের মধ্য দিয়ে। জ্বরের ঘোরে আমার মনে হচ্ছিল, আমি হয়তো কোনো নভোযানে করে চাঁদের দেশে চলেছি। সাদা পিপিই পরা আপাদমস্তক ঢাকা কেবিন ক্রুদের স্মৃতি যেন মাথার ভেতরে গেঁথে গিয়েছিল। চোখ বুজলেই মাথায় ফিরে আসত কেবিনের স্মৃতি। এক শ তিন জ্বর ছিল একদিনই। টাইনালন খাওয়ার পর জ্বর নেমে যায়। আর জ্বর আসেনি। কিন্তু কিছুক্ষণ পরপরই ঘাম হয়ে সারা শরীর ভিজে যাচ্ছিল। এই উপসর্গটি চলেছে বেশ কয়েক দিন। সঙ্গে ক্লান্তি আর ক্লান্তি। এই সীমাহীন ক্লান্তিই যেন আমার কোভিড-১৯-এর প্রধান উপসর্গ। সঙ্গে মাথা ঝিমঝিম। উঠে বসে থাকার মতো বা একটু হাঁটার মতো শক্তি যেন শরীরে অবশিষ্ট নেই।

পালস অক্সিমিটার মেশিনটি বিছানার পাশে রেখে দিয়েছি। কয়েক ঘণ্টা পরপর অক্সিজেন লেভেল চেক করছি। মনে হচ্ছিল এই ক্ষুদ্র বাক্সটির ভেতরেই যেন রাখা আছে আমার প্রাণভোমরা। অক্সিজেন লেভেল ৯৫ ডিগ্রির নিচে নেমে গেলেই শেষ। দৌড়াতে হবে হাসপাতালে কৃত্রিমভাবে অক্সিজেন নেওয়ার জন্য। আহা, অক্সিজেন। সুস্থ থাকলে আমরা এর কোনো মর্যাদাই বুঝি না।

আমার বরের অসুস্থতা দেখা দিল আমি অসুস্থ হওয়ার দু দিন পর থেকে। ১৩ জুন দুজনই টেস্ট করাতে গেলাম। ১৫ জুন রেজাল্ট এল। এখন আর জল্পনা-কল্পনার কোনো অবকাশ নেই। নিউইয়র্কের হাজার হাজার করোনা-আক্রান্তদের মধ্যে আমরাও দুজন করোনা রোগীর সংখ্যা বাড়ালাম।

তবে একটা ব্যাপার ভেবে মনে এক ধরনের স্বস্তি পাচ্ছি। সেটা হলো—ভাগ্যিস, বাংলাদেশে থাকতে অসুস্থ হইনি। কারণ, সেখানে ইতালি ফেরত প্রবাসীদের ওপর একটা পর্যায়ে মানুষকে খুব অকরুণ হয়ে উঠতে দেখেছিলাম। মনে মনে একটা ভীতি কাজ করছিল। হয়তো কোনো একদিন দেখব বাড়ির গেটের সামনে উৎসুক জনতার ভিড়। সবাই আঙুল উঁচিয়ে বলছে, ‘এই বাড়িতে কয়েকজন প্রবাসী আছে। এই বাড়িতে লাল পতাকা টানাতে হবে। এরা যেন বাড়ি থেকে বের হতে না পারে।’ তবে আমার দ্বারা অন্য আর কেউ যেন ভাইরাস আক্রান্ত না হয়, সেদিকে আমি খেয়াল রেখেছি। কোথাও বের হচ্ছি না। রিপোর্ট নেগেটিভ এলে তখন জনসম্মুখে বের হব। এই অতিমারির সময়টায় সবাই একটু সচেতন হলে, অন্যকে সুস্থ থাকার সুযোগ দিলে অনেক ভালো হয়। আমাদের সবাইকে আরও মানবিক হতে হবে। অন্যকে সুস্থ থাকার সুযোগ দিতে হবে।

আমার বাসার পাশেই সেভেন ট্রেনের লাইন। মাথার ওপর দিয়ে প্রতিদিনই হুইসিল বাজিয়ে সেভেন ট্রেন ছুটে চলেছে; ঝিকঝিক ঝিকঝিক। এখানে ঘুম ভাঙে দিনরাত্রির বিরতিহীন ছুটে চলা ট্রেনের শব্দে। ঢাকায় থাকা অন্তরীণের দিনগুলো ছিল অন্যরকম। সেখানে ঘুম ভাঙত অন্য রকমের এক কোলাহলে। ছোট্ট একটি এলাকায় একাধিক মসজিদের সম্মিলিত আজান ভোরের আকাশ-বাতাসকে যেন বিদীর্ণ করে দিত। কেবলই মনে হতো শৈশবের শোনা আজানের সেই ললিত মাধুর্য কোথায় যেন হারিয়ে গেছে। মাইকের যান্ত্রিক দাপটে সকালের নীরবতা খান খান হয়ে ভেঙে পড়ত। সঙ্গে যোগ হয় পথের বেওয়ারিশ কুকুর আর কাকের চিৎকার, নানাবিধ ফেরিওয়ালার হাঁকডাক। ঢাকা যেন এক শব্দময় নগরী।

নিউইয়র্কে ফিরে যেভাবে জীবন শুরু করব ভেবেছিলাম, তা আর হলো না। আসা মাত্রই করোনা গ্রাস করে নিল আমার শরীর; চিন্তা চেতনা। তবুও এখানেও ভোর হয়। এখনো জীবন টিকে আছে। জেগে উঠি সেভেন ট্রেনের ছুটে চলায়। টের পাই, শরীরের শিরায় শিরায়, কোষে কোষে এখনো রক্তপ্রবাহ বয়ে নিয়ে যাচ্ছে অক্সিজেন। প্রতিদিন জেগে উঠে ভাবি, আহা, আরও একটি নতুন দিন। আবারও নতুন জীবন। বেঁচে থাকার কী আনন্দ। লিভিং রুমের সদর দরজার পাশে এখনো নিতান্ত অবহেলায় পড়ে রয়েছে আমার আর বাবুলের লাগেজগুলো। ওগুলো এখনো আনপ্যাক করার মতো সুযোগ বা শক্তি আমাদের হয়ে ওঠেনি। আঙুলের ‘কর’ গুণে গুণে অসুস্থতার একটি একটি করে দিন পাড়ি দিচ্ছি আমরা।

বন্ধু, আত্মীয়, স্বজন সবাইকে আমাদের অসুস্থতার আপডেট জানাচ্ছি নিয়মিত। অনেকেই আমার কোভিড-১৯-এর পরবর্তী ধাপ সম্পর্কে জানতে চাইছেন। ফোন করে এবং ম্যাসেজ দিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন। সবার প্রতি আন্তরিকভাবে আমি আমার কৃতজ্ঞতা জানাই।

ধীরে ধীরে কোভিডের উপসর্গগুলো কমে আসছে। এখন রিকভার করছি। আমার আর বাবুলের ভাগ্য খুব ভালো। আমাদের শরীরে কোভিড-১৯ তার পরিপূর্ণ থাবা বসানোর সুযোগ পায়নি। প্রবল জ্বর, স্বাদ-গন্ধহীনতা, গলা ব্যথা বা শ্বাসকষ্টের কোনো লক্ষণই আমাদের মাঝে নেই। আমার সামান্য কাশি ছিল; এখনো আছে। বারবার শরীর ঘামানো বন্ধ হয়েছে। প্রতিদিনই গরম পানি দিয়ে শাওয়ার নিচ্ছি। অন্যের বেলায় ভালো হবে কিনা জানি না। কিন্তু আমার শাওয়ার নিয়ে ভালো লাগছে। শরীরে ঘিরে থাকা অসুখ-অসুখ গন্ধটা চলে গেলে ফ্রেশ লাগে। ক্লান্তি দূর হয়। কিন্তু শরীরজুড়ে এখনো প্রচণ্ড আলস্য। ভীষণ ক্লান্তি। এই গোসলটুকু করতেই আমি হাঁপিয়ে উঠি। গোসলের পর এক ঘণ্টা শুয়ে থেকে বিশ্রাম নিতে হয়। এদিকে বেশিক্ষণ বিছানায় শুয়ে থাকলে বা ঘুমালে অক্সিজেন লেভেল নিচে নেমে যায়। মনে হয় ভাইরাসটা যেন চিরতরে ঘুম পাড়িয়ে দিতেই চেষ্টা করে। শুয়ে থাকলে বা ঘুমালে আরাম লাগে। কিন্তু এই ঘুম ঘুম আলস্য শরীরের জন্য ক্ষতিকর। উপুড় হয়ে শোয়া, হাঁটাচলা, হালকা ব্যায়াম করা ভালো। তাতে অক্সিজেন লেভেল ভালো থাকে। আমি কিছুক্ষণ পরপর উঠে বসে থাকি বা হাঁটি। দু হাত ওপরে তুলে স্ট্রেচিং করলে, হাঁটলে অক্সিজেন ইম্প্রুভ করে।

খেতে ভালো লাগে না। তবু চেষ্টা করি খেতে। কথা বললে খুব কাশি হয়, তাই কারও ফোন ধরছি না। সমস্ত শরীর মনে হয় ড্রাই হয়ে গেছে। গলা, ঠোঁট সব শুকনো খটখটে মনে হয়। যারা ফোন করে, বা ম্যাসেজ দিয়ে আমার খোঁজখবর নিচ্ছেন, তাদের ভালোবাসায় আমি আপ্লুত। অসুস্থ না হলে জানতাম না এত এত মানুষের মনে আমার জন্য এত ভালোবাসা এবং মায়া জমা হয়ে আছে।

সবার পাঠানো ছোট ছোট যত্নের কথা, আদর-ভালোবাসার কথা আমার জীবনকে ভরে দিয়েছে। সবার উদ্বেগ আমাকে স্পর্শ করেছে। বসে বসে বন্ধুদের লেখা কমেন্ট থ্রেটের ও ইনবক্সের লেখাগুলো পড়ছিলাম। আমি খুব দুর্বল মনের মানুষ। বাইরে থেকে শক্ত একটা ভাব ধরে থাকি। কারও সামান্য একটু ভালোবাসার কথায় আমার কান্না চলে আসে। সবার লেখা নানা উপদেশ, উৎকণ্ঠা দেখে খুব কেঁদেছি। এত এত ভালোবাসার কথা পড়ে আমার দু চোখ পানিতে ভরে গেছে।

শুনেছি দার্জিলিং শহরে যখন ঘন কুয়াশা পড়ে, কেউ কারও মুখ দেখতে পায় না, তখন আত্মহত্যা বেড়ে যায়। কারণ, তখন মানুষ নিঃসঙ্গতায় ভোগে। নিঃসঙ্গতা থেকে মানুষের ডিপ্রেশন তৈরি হয়। করোনাকালও আমাদের অনেকের মনেই ডিপ্রেশন তৈরি করেছে। করোনাকালও যেন পৃথিবীজুড়ে ঘন কুয়াশার চাদর বিছিয়ে দিয়েছে। সেই চাদরে ঢাকা পড়ে গেছে বিশ্ব। হঠাৎ করেই যেন আমরা অনেকেই খুব নিঃসঙ্গ হয়ে পড়েছি।

কোভিড-১৯ আমাদের সবার জীবনকেই কম-বেশি ওলটপালট করে দিয়েছে। কোভিড-১৯ কোনো পাপের ফসল নয়। ব্যক্তিগত পাপ তো নয়ই। সুতরাং গোপনীয়তার প্রয়োজন নেই। প্রয়োজন নেই লাল পতাকা টানিয়ে কোভিড রোগীদের একঘরে করার। প্রাকৃতিক কারণে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বময়। মানবজাতি আজ এর অসহায় শিকার মাত্র। তাই ঘৃণা বা ভয় নয়। প্রয়োজন সচেতনতার। প্রয়োজন সাবধানতার। প্রয়োজন মানবতার।

এই অবরুদ্ধ সময়টুকু আমাদের নিজেকে নিয়ে ভাববার যথেষ্ট অবকাশ দিয়েছে। বিশেষ করে নিজেকে আরও ভালোভাবে জানার, চেনার অবকাশ হয়েছে। আমাদের সবার হাতেই প্রচুর সময় ছিল মুখোশগুলো খুলে রেখে প্রকৃত ‘আমি’-কে জানার। নিজের কুৎসিত অসুন্দর মুখখানাকে, ভেতরের সেই অমানুষ ‘আমি’-টাকে ভেঙেচুরে কী করে আরও সুন্দর করে তোলা যায়, আইসোলেশন সময়টা ছিল তার খুব উপযুক্ত একটি সময়। প্রকৃতি নিজেও কিন্তু বসে থেকে একরত্তি সময় নষ্ট করেনি। ঘষেমেজে, ভেঙেচুরে ইত্যবসরে নিজেকে মেরামত করে নিয়েছে। প্রয়োজনে নিজেকে করেছে পুনর্নির্মাণ। আমরা মানুষেরা কী আয়নায় নিজের মুখোশহীন মুখটি দেখেছি? পেরেছি কী ঘষেমেজে নিজেকে পুনর্নির্মাণ করতে?