
তুরস্কের সমুদ্রসৈকতে উপুড় হয়ে পড়ে থাকা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আয়লান কুর্দির ছোট্ট দেহটি নাড়িয়ে দিয়ে গিয়েছিল গোটা বিশ্বকে, বিশ্ববিবেককে। সেই ঘটনারই যেন মর্মান্তিক পুনরাবৃত্তি, বরং আরও মর্মস্পর্শী। বাবা-মেয়ের দেহ ভেসে ভেসে ভিড়েছে নদীর তীরে। দুটি দেহই উপুড় হয়ে আছে। দেখে মনে হচ্ছে, অন্তিম মুহূর্তেও প্রিয় বাবার সঙ্গ ছাড়তে চায়নি মেয়ে শিশুটি, বাবার কাঁধে হাত রেখেই মৃত্যুকে আলিঙ্গন করেছে সে। দুই বছরের শিশু এই মেয়েটির নাম ভ্যালেরিয়া। বাবা অস্কার মার্টিনেজ রামিরেজের সঙ্গে নদীতে শেষ হল ছোট্ট এই জীবন।
অবৈধভাবে আমেরিকায় আসার বেপরোয়া কাফেলায় ছিলেন এল সালভাদরের নাগরিক অস্কার (২৫)। দুই বছর বয়সী মেয়ে ভ্যালেরিয়া ও ২১ বছরের স্ত্রীকে নিয়ে ২৩ জুন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চেয়েছিলেন তিনি। অবৈধ ও বিপজ্জনক অভিযাত্রায় রিও গ্র্যান্ডে নদী পাড়ি দিতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে অস্কার ও তাঁর মেয়ের। পরদিন ২৪ জুন তীরের কাছাকাছি বাবা-মেয়ের মরদেহ ভেসে ওঠে।
দক্ষিণ সীমান্ত দিয়ে আমেরিকায়প্রবেশের অপেক্ষায় আছেন বাংলাদেশি শিরিল আলম (২৪)। তিনি জানিয়েছেন, তিন মাস আগে দালালের মাধ্যমে তিনি ব্রাজিল থেকে আমেরিকায় আসার অভিযানে নেমেছেন। নানা বিপজ্জনক পথ পেরিয়ে শিরিল সীমান্তের ওপার থেকে প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করেছেন। জানিয়েছেন, এমন বহু অস্কারের লাশ পড়ে থাকতে দেখেছেন তিনি। প্রতিদিন বিপজ্জনক এই অভিযাত্রায় মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশি লোকজনও আছেন এই লাশের মিছিলে।
আমেরিকার এই সীমান্ত দিয়ে গত এক বছরে কমপক্ষে দেড় হাজার বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ভুয়া পাসপোর্ট আর জন্ম সনদ নিয়ে দেড় শতাধিক অপ্রাপ্ত বয়স্ক বাংলাদেশি আটক আছেন দক্ষিণ সীমান্তের ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে। এদের অনেকেরই ডেন্টাল টেস্ট করে প্রকৃত বয়স নির্ণয়ের চেষ্টা চলছে।
অস্কার মার্টিনেজ রামিরেজ মেয়েকে পিঠে নিয়ে নদী পার হতে চেয়েছিলেন। এ জন্য গায়ের টি-শার্টের ভেতরে ছোট্ট মেয়েটিকে ভালো করে জড়িয়ে নিয়েছিলেন। আমেরিকায় ঢুকতে মরিয়া অস্কার শিশু সন্তানকে শরীরে জড়িয়ে খরস্রোতা রিও গ্র্যান্ডের পানিতে ঝাঁপ দিলেন। স্রোতের টানে পানিতে ডুবে যান অস্কার। স্ত্রীর চোখের সামনেই ভেসে যায় স্বামী-সন্তান। মেক্সিকোর মাতামোরোসের তামালিপাস রাজ্যের নদীর ধারে মিলেছে অস্কার ও তাঁর ছোট্ট মেয়ের মৃতদেহ।
মেক্সিকোর এক আলোকচিত্রী সর্বপ্রথম মর্মস্পর্শী এই ছবিটি ক্যামেরাবন্দী করেন। ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। এই ঘটনায় এল সালভাদর ও মেক্সিকো থেকে খোদ আমেরিকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইমিগ্রেশন নিয়ে দেশগুলোর চলমান নীতি নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে।
আমেরিকার বর্ডার পেট্রল চিফ কার্লা প্রভোস্ট মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, চলতি বছর বিশ্বের ৫২টি দেশ থেকে অভিবাসীরা অবৈধপথে আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছে। জীবন নিয়ে আমেরিকায় প্রবেশের পর ডিটেনশন সেন্টারে অনেকেই মানবেতর জীবনযাপন করছে। শিশু-কিশোরদের মানবেতর পর্যায়ে কেন্দ্রে রাখার অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম সরগরম হয়ে উঠলে কাস্টম ও বোর্ডার প্রোটেকশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জন স্যান্ডার্স ২৫ জুন পদত্যাগ করেন। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, তাঁর সরকার অভিবাসন প্রত্যাশীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে।
উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে আমেরিকায় অনুপ্রবেশের ক্ষেত্রে মেক্সিকো তেমন বাধা দেয় না। এ নিয়ে মেক্সিকো ও আমেরিকার সম্পর্কে টানাপোড়েনও আছে।
আমেরিকামুখী ইমিগ্রান্টদের ঠেকানোর জন্য গত সপ্তাহে মেক্সিকো সীমান্তে ছয় হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ২১ জুন মেক্সিকো পুলিশ ২০ জনের একটি আমেরিকা অভিমুখী দলকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ এশীয় এসব অভিযাত্রীর মধ্যে বাংলাদেশিরাও আছেন বলে মেক্সিকোর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সন্তান শরীরে জড়িয়ে মারা যাওয়া হতভাগা বাবা অস্কারের মৃতদেহের ছবি খোদ আমেরিকায় ক্ষোভের জন্ম দিয়েছে। আগামী নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস তাঁর তাৎক্ষিনক প্রতিক্রিয়ায় বলেছেন, বাধ্য হয়ে এসব মানুষ আমেরিকায় আশ্রয়ের জন্য আসছে। কোন কোন ক্ষেত্রে চরম সহিংসতা আর পীড়নের শিকার হয়ে। আমেরিকায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তোমরা ফিরে যাও। এটা অমানবিক ও আমাদের নৈতিক চেতনার ওপর বড় আঘাত।