ই-বাইকের বিরুদ্ধে ব্লাজিওর যুদ্ধ অব্যাহত

বিশ্বের বিভিন্ন শহরে নাগরিক পরিবহন হিসেবে ই-বাইক জায়গা করে নিচ্ছে। মাদ্রিদ, প্যারিস, শেনজেনসহ অনেক স্থানেই এখন এটি মূলধারার পরিবহন হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিভিন্ন কোম্পানি নিয়মিত বিরতিতেই ই-বাইকের নতুন নতুন ভার্সন বাজারে আনছে। কোনো স্থানে এটি বাইকশেয়ার নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হয়েছে। কিন্তু নিউইয়র্ক শহরে চলছে উল্টোরথ। শহরটিতে এখনো ই-বাইক নিষিদ্ধ। আর মেয়র বিল ডি ব্লাজিও এই বিশেষ পরিবহনটির ওপর দিন দিন রীতিমতো খড়্গহস্ত হচ্ছেন।
মূলত নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনেই মোটর রয়েছে এমন সাইকেলকে নিষিদ্ধ করা হয়েছে। নিউইয়র্ক শহরে বিষয়টি অতটা নজরদারি করা হতো না। কিন্তু মেয়র পদে ডি ব্লাজিও প্রথম মেয়াদেই নিউইয়র্ক শহরে আইনটি ব্যাপকভাবে কার্যকর করা হয়। গত অক্টোবরে নগর কর্তৃপক্ষের এক পরিসংখ্যানে বলা হয়, সে সময় পর্যন্ত আগের সময়ের তুলনায় ই-বাইক আটকের হার বেড়েছে প্রায় ১৭০ শতাংশ। একই সঙ্গে ২০১৮ সালে এই কার্যক্রম আরও বেগবান করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে নিউইয়র্ক শহরের ই-বাইক চালকদের আটকের পাশাপাশি ৫০০ ডলার জরিমানা করা হয়। আসছে বছরে এটি আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। নতুন বছরে ই-বাইক চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির কর্মস্থলকেও জরিমানার আওতায় আনা হতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ই-বাইকের বিরুদ্ধে মূল অভিযোগ হলো ফুটপাত বা ইঞ্জিনচালিত গাড়ির ফাঁকফোকর দিয়ে বেপরোয়াভাবে চালানোর অভিযোগ রয়েছে। যদিও নিউইয়র্ক শহরের সব যানবাহনের বিরুদ্ধেই বেপরোয়াভাবে চালনার অভিযোগটি খাটে। এ ক্ষেত্রে সরল সমাধানটি হচ্ছে, সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া, নিষিদ্ধ করা নয়। ই-বাইক বিষয়ে দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, এটি বিপজ্জনক। কিন্তু স্থানীয় কিংবা জাতীয় সংবাদমাধ্যম কোনোটির সামনেই খোদ ডি ব্লাজিও এখন পর্যন্ত এই বিপদের বিষয়টি পরিষ্কার করতে পারেননি।
এমনকি ই-বাইক বিরোধী এই অবস্থান খোদ মেয়রের নিজের প্রতিশ্রুতির বিরুদ্ধেই যায়। ২০১৪ সালে ডি ব্লাজিও ‘ভিশন জিরো’ নামে একটি প্রকল্প চালু করেছিলেন। এর লক্ষ্য ছিল নিউইয়র্ক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা শূন্যে নামিয়ে আনা। একই সঙ্গে বিকল্প পরিবহনকেও উৎসাহ দেওয়ার কথা এই প্রকল্পে অন্তর্ভুক্ত ছিল। ই-বাইক নিম্ন আয়ের নাগরিকদের বিশেষত বিভিন্ন রেস্তোরাঁয় ডেলিভারির দায়িত্ব পালন করা ব্যক্তিদের জীবনে গতি এনেছে। পাশাপাশি সহজ একটি পরিবহন ব্যবস্থা হওয়ায় অনেকের কাছেই এটি গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু নগর কর্তৃপক্ষের এ সম্পর্কিত অবিচল অবস্থান বিষয়টিকে আবারও কঠিন করে তুলছে। অন্য অনেক শহরের মতোই বিকল্প পরিবহন হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলেও বিকল্প পরিবহনকে উৎসাহ দানের প্রতিশ্রুতি দেওয়া ডি ব্লাজিও একে এখনো নিষিদ্ধই করে রেখেছেন।
শুধু এই প্রতিশ্রুতির বিরুদ্ধেই নয়, এটি এমনকি অভিবাসীবান্ধব শহর হিসেবে নিউইয়র্ক শহরের পরিচয়কেই প্রশ্নের মুখে ফেলেছে। কারণ ই-বাইক বিরোধী অবস্থান যত কঠোর হবে, নিউইয়র্কের যোগাযোগ ব্যবস্থা অভিবাসীদের জন্য ততই কঠিন হবে, যেহেতু সহজ ও কম মূল্যের পরিবহন হিসেবে এটি অভিবাসীদের কাছেই বেশি জনপ্রিয়। বিশেষত নগর কর্তৃপক্ষের কঠোর অবস্থানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়া ও দক্ষিণ আমেরিকার অভিবাসীরা। সম্প্রতি সিটি হলের সামনে ই-বাইক বিরোধী অভিযান বন্ধের দাবিতে একটি প্রতিবাদী সমাবেশও হয়েছে, যেখানে অংশ নিয়েছিলেন দুই শতাধিক অভিবাসী।
পিপলসফরবাইক সংগঠনের পরিকল্পনা বিভাগের পরিচালক অ্যালেক্স লংম্যান নিউইয়র্ক পোস্টকে বলেন, আমেরিকার আর কোনো শহরেই ই-বাইকের বিরুদ্ধে এত কঠোর অবস্থান দেখা যায় না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপদ সড়ক নিশ্চিতের অন্য পন্থা রয়েছে।