যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: আর বাকি ২ দিন
ই-মেইল কেলেঙ্কারি জিইয়ে রাখতে চায় ট্রাম্প শিবির

হিলারি ক্লিনটনের ই-মেইল কেলেঙ্কারি নতুন করে আলোচনায় আসায় ডেমোক্র্যাট শিবির চাপে পড়ে গেছে। রিপাবলিকান নেতৃত্ব ও সমর্থকেরা আশা করছেন, এ আলোচনা আর কটা দিন জিইয়ে রাখতে পারলে ডোনাল্ড ট্রাম্পের জয় ঠেকিয়ে রাখা কঠিন হবে। গত শুক্রবার সকালে ওহাইও রিপাবলিকান পার্টির মুখপাত্র ব্রিটনি ওয়ার্নার এমনটাই বললেন।
ওহাইওতে রিপাবলিকান পার্টির কার্যালয়ে ব্রিটনি ওয়ার্নার ২৫টি দেশ থেকে আসা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে এই প্রতিবেদকও ছিলেন।
ওয়ার্নার বলেন, ১৯৬৪ সাল থেকে ওহাইওতে যিনি জয়ী হয়েছেন, তিনিই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। তিনটি বিতর্কে অনেকটা এগিয়ে থাকা হিলারি সর্বশেষ জরিপে পিছিয়ে পড়েছেন। ই-মেইল কেলেঙ্কারি নিয়ে মানুষ কথা বলছে, পত্রিকার শিরোনাম হচ্ছে। এই আলোচনা অব্যাহত থাকলে রিপাবলিকান পার্টি সুবিধাজনক অবস্থানে থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ডোনাল্ড ট্রাম্প নানা কারণে বিতর্কিত হয়েছেন, বিশেষ করে নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের জন্য। নারী ভোটারদের দলে টানতে তাঁদের বেশ বেগ পেতে হয়েছে বলেও তিনি স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা জনগণকে আশ্বস্ত করতে পেরেছি যে ট্রাম্প যেটা বলছেন, রিপাবলিকান পার্টি তার সঙ্গে একমত নয়। এ কথা স্বীকার করায় আমরা পিছপা হইনি।’ ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তাঁর অবস্থান থেকে ফিরে আসবেন কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ব্রিটনি ওয়ার্নার বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি বিজ্ঞ মানুষের সহযোগিতা পাবেন বলে আমরা মনে করি।’

এর আগে গত বৃহস্পতিবার ওহাইও ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডেভিড পেপার তাঁর কার্যালয়ে লম্বা সময় ধরে এই সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ডেমোক্র্যাটদের লক্ষ্য—ট্রাম্পকে শুধু হারানোই নয়, এমনভাবে হারানো; যেন আর কখনো রিপাবলিকানরা, পেপারের ভাষায়, ‘অনুপযুক্ত, ভীতিজাগানিয়া ও নারীবিদ্বেষী ব্যক্তিকে’ মনোনয়ন দিতে না পারেন।
পেপার বলেন, ‘ওহাইওর গভর্নর জন কেইসিক ট্রাম্পকে ভোট না দেওয়ার ঘোষণা দিয়েছেন। দলের ভেতরেই তিনি অজনপ্রিয়। শীর্ষ নেতাদের বড় অংশই তাঁর বিরুদ্ধে। তিনি যে আমেরিকার কথা বলছেন, সেই আমেরিকা ভয়ংকর। আপনি দেখুন—হিলারি বলছেন, স্ট্রংগার টুগেদার। তিনি কাউকে বাদ দিয়ে দেশ চালানোর কথা বলছেন না। আমেরিকা কি একজন ভয়ংকর, নারীবিদ্বেষী ও প্রতিক্রিয়াশীল ব্যক্তিকে নির্বাচিত করতে পারে?’
তবে এফবিআইয়ের সাম্প্রতিক ভূমিকা তাঁদের পক্ষে যায়নি বলে স্বীকার করেন ডেভিড পেপার। তিনি বলেন, তিনটি বিতর্কে
এগিয়ে থাকার পর তাঁদের অনেকের মধ্যেই গা ছাড়া ভাব এসেছিল। তবে তাঁরা গা ঝাড়া দিয়ে উঠেছেন আবার।
এত বিতর্কিত মন্তব্যের পরও ওহাইওতে কেন হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এমন প্রশ্নে ওহাইও ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডেভিড পেপার বলেন, এ কথা সত্যি ট্রাম্প কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যা অনেককে আকৃষ্ট করেছে।
কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর কোনো অভিজ্ঞতা বা ধারণা নেই। তিনি শুধু ফাঁকা বুলি আওড়ে যাচ্ছেন।
রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের জন্যই ওহাইও গুরুত্বপূর্ণ রাজ্য। ১৯৬৪ সাল থেকে ওহাইও যাকে নির্বাচিত করেছে, তিনিই হোয়াইট হাউসে গেছেন। তাই এ রাজ্যে দুই দলের তোড়জোড় আসলেই চোখে পড়ার মতো।