ই-সিগারেটও নিষিদ্ধ হচ্ছে নিউইয়র্কে

নিউইয়র্ক অঙ্গরাজ্যে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ হয়েছে আগেই। এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে ই-সিগারেটও (ইলেকট্রনিক সিগারেট)। এ নিষেধাজ্ঞা আগামী মাসের শেষ নাগাদ পুরো অঙ্গরাজ্যে কার্যকর হবে।
কর্মক্ষেত্র, রেস্তোরাঁ, বারের মতো স্থানগুলোয় সিগারেট নিষিদ্ধ হওয়ার পর ই-সিগারেট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তামাকসহ বিভিন্ন রাসায়নিকের বাষ্প নেওয়া হয় এই ই-সিগারেটের মাধ্যমে।
২৪ অক্টোবর নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ই-সিগারেটের নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেন, যা আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে।
গত গ্রীষ্মে অঙ্গরাজ্যের ক্লিন ইনডোর এয়ার অ্যাক্টের আওতাধীন করা হয় ই-সিগারেটকে, যা পরে সিনেটে পাস হয়। এ বিষয়ে মূল আইনটি পাস হয় ২০০৩ সালে। সে সময় জনসমাগমস্থলে দেশের প্রথম অঙ্গরাজ্য হিসেবে ধূমপান নিষিদ্ধ করা হয় নিউইয়র্কে। কিন্তু এর পর ই-সিগারেটের উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর বাজার। ফলে যে শুদ্ধ বাতাসের নিশ্চয়তার জন্য এ আইন প্রণয়ন করা হয়েছিল, তা লক্ষ্য অর্জন থেকে দূরে সরে যেতে থাকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ই-সিগারেটে ক্ষতিকর নিকোটিন থাকছেই। ফলে স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও রয়ে যাচ্ছে।
এদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য বলছে, বর্তমানে নিউইয়র্কে আড়াই বিলিয়ন ডলারের ই-সিগারেটের বাজার রয়েছে। এ অবস্থায় জনসমাগমস্থলে বিকল্প এ ই-সিগারেটও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।
প্রচলিত ধূমপানের বিরুদ্ধে বিস্তর সচেতনতামূলক প্রচারণা রয়েছে। এর ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে কম-বেশি সবাই অবগত। কিন্তু ই-সিগারেট এসেছেই বিকল্প ধূমপানের মাধ্যম হিসেবে, যাকে উৎপাদক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ঝুঁকিহীন বলে প্রচার করছে। অনেক ক্ষেত্রে শিশুদের নাগালের মধ্যেও চলে যাচ্ছে এ ই-সিগারেট। ২০১৬ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ২০ শতাংশ শিশু ই-সিগারেট এরই মধ্যে ব্যবহার করেছে। ২০১৪ সালের তুলনায় এ পরিমাণ প্রায় দ্বিগুণ। জরিপের এ তথ্যের ভিত্তিতে নিউইয়র্কের সব স্কুলে ই-সিগারেট নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে এক বিবৃতিতে গভর্নর অ্যান্ড্রু কুমো বলেন, ‘সিগারেটের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে এসব পণ্য (ই-সিগারেট) বাজারজাত করা হচ্ছে। কিন্তু সত্য হচ্ছে, দীর্ঘ মেয়াদে সিগারেটের মতোই এসব পণ্যেরও রয়েছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। জনসমাগমস্থলে ই-সিগারেট নিষিদ্ধের এ সিদ্ধান্ত বিদ্যমান আইনের দুর্বলতা কাটিয়ে নিউইয়র্ককে আরও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’
আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের তথ্যমতে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রায় ৭০টি অঞ্চলে এরই মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। নিউইয়র্ক শহরেই ২০১৩ সালে ই-সিগারেট নিষিদ্ধ হয়। তৎকালীন মেয়র মাইকেল আর ব্লুমবার্গ সে সময় শহরের স্মোক ফ্রি এয়ার অ্যাক্টের আওতাধীন করেন ই-সিগারেটকে। কিন্তু শুরু থেকেই ই-সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এর বিরোধিতা করে আসছে। তাদের ভাষ্যমতে, ই-সিগারেট সে হিসেবে কোনো ধোঁয়ার সৃষ্টি করে না। আবার ধূমপান ছাড়তে ইচ্ছুক ব্যক্তিরাই মূলত ই-সিগারেট ব্যবহার করেন। ফলে ধোঁয়ামুক্ত বাতাস আইনের আওতায় এটি পড়া উচিত নয়। এ বছরই শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে করা এ-বিষয়ক একটি মামলা নিউইয়র্ক স্টেট কোর্ট অব আপিলে খারিজ হয়ে গিয়েছে।
এ বিষয়ে আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেফ সিলার বলেন, এ আইন জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত শিশুদের সুরক্ষায় এ আইনটি অনেক কার্যকর হবে।