ইইই পড়তে হলে প্রোগ্রামিং শিখতে হবে

প্রথম আলো: আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে পাঠকদের কিছু বলুন।
হাসান উজ জামান: ১৯৬৭ সালের ৩০ জুলাই লালমনিরহাটে আমার জন্ম। বেড়ে ওঠা রংপুরে। বাবা মো. আবদুর রহিম ছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তা ও মা হালেদা হানুম গৃহিণী। আমরা দুই ভাই ও তিন বোন, পাঁচ ভাইবোনের মধ্যে আমিই সবার ছোট। আমার স্ত্রী শারমিনা জামান বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আমাদের দুই ছেলে ও এক মেয়ে।
প্রথম আলো: আপনার শিক্ষাজীবন সম্পর্কে কিছু বলুন
হাসান উজ জামান: রংপুর জিলা স্কুল থেকে এসএসসিতে ১৯৮২ সালে রাজশাহী বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় হই। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসিতে সম্মিলিত মেধা তালিকায় দশম হয়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ভর্তি হই। ১৯৯১ সালে বুয়েট থেকে অনার্সে তৃতীয় হই।
প্রথম আলো: বুয়েট থেকে পাস করার পর কীভাবে কর্মজীবন শুরু করেন?
হাসান উজ জামান: বুয়েট থেকে পাস করে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিই। দুই বছর শিক্ষকতা করার পর উচ্চশিক্ষার জন্য ১৯৯৩ সালের আগস্টে আমেরিকায় আসি। ইউনিভার্সিটি অব মিশিগান-অ্যান আরবারে ১৯৯৫ সালে মাস্টার্স ও ১৯৯৭ সালে পিএইচডি করি। সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে গবেষণা ছিল পিএইচডির বিষয়বস্তু। তারপর এ গবেষণার ওপর ভিত্তি করে ‘প্রসেস কম্পাইলেশন মেথডস ফর থিন ফিল্ম ডিভাইসেস’ নামে একটি বই বের করি, যা বর্তমানে আমাজনে পাওয়া যায়।
প্রথম আলো: বুয়েটে শিক্ষকতা ছেড়ে আমেরিকায় কেন আসেলন?
হাসান উজ জামান: প্রথম থেকেই লক্ষ্য ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর। আর আমেরিকাই ছিল প্রথম লক্ষ্য।
প্রথম আলো: তথ্যপ্রযুক্তিহীন যুগে উচ্চ শিক্ষার জন্য বিদেশে আসার অভিজ্ঞতা কেমন ছিল?
হাসান উজ জামান: তখন ইন্টারনেট ছিল না। তাই আমেরিকান কালচারাল সেন্টারে গিয়ে বই পড়ে জানতে হয়েছে, কীভাবে বাইরের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়। তারপর চিঠি লিখে আবেদন করতে হতো। যা অনেক সময়ের ব্যাপার ছিল।
প্রথম আলো: আমেরিকায় আপনার শুরুর দিকের গল্পটা কেমন ছিল?
হাসান উজ জামান: উচ্চশিক্ষার জন্য আমি প্রথমে বৃত্তি পাইনি। মেজো বোন, মা, ছোট বোনের আমেরিকাপ্রবাসী বান্ধবী ও আরও কয়েকজনের আর্থিক সহযোগিতায় প্রথম সেমিস্টারে নিজের খরচে পড়ি। এত টাকা ব্যয় করে পড়াশোনা চালিয়ে যেতে পারব কিনা, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে দ্বিতীয় সেমিস্টারে বৃত্তি পাই। ইংরেজিতে বরাবরই ভালো মার্কস পেতাম। কিন্তু আমেরিকা আসার পর কথা বলতে সমস্যা হচ্ছিল। আমার ভাঙা ভাঙা ইংলিশের জন্য ভালো ছাত্র হওয়ার পরও অনেক অধ্যাপকই আমাকে তেমন মূল্যায়ন করতেন না। তারপর এক অধ্যাপক আমাকে রিসার্চ প্রপোজাল লিখতে দিয়েছিলেন। লেখার সুবিধার জন্য তখন আমি নিজের বুদ্ধিমত্তা দেখানোর সুযোগ পাই এবং সেই অধ্যাপকের সুনজরে আসি। অবশেষে তার অধীনেই বৃত্তি পাই এবং পিএইচডি করি।
প্রথম আলো: আমেরিকায় কর্মজীবন কীভাবে শুরু করলেন?
হাসান উজ জামান: ১৯৯৭ সালের এপ্রিলে বোস্টনে মাইক্রোজম টেকনোজিস নামে এক প্রতিষ্ঠানে যোগ দিই। এখানে ২০০০ সালের এপ্রিল পর্যন্ত কাজ করার পর বোস্টনেই অ্যানালগ ডিভাইসেস নামের একটি প্রতিষ্ঠানে যোগ দিই। যদিও নামে অ্যানালগ আমার কাজ ছিল ডিজিটাল সার্কিট ডিজাইন করা নিয়ে। ২০১০ সাল পর্যন্ত দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কাজ করার পর ক্যালিফোর্নিয়াতে ব্রডকম করপোরেশনে যোগ দিই। ৬ মাসের মত এখানে কাজ করার পর আমার স্ত্রী বোস্টনে কাজ পাওয়ার সুবাদে আবার বোস্টনে ফিরে আসতে হয়। এসে আবার অ্যানালগ ডিভাইসেস প্রতিষ্ঠানেই চাকরি শুরু করি। করপোরেট ফিল্ডে দীর্ঘদিন কাজ করার পর মনে হল, এখন শিক্ষকতা না শুরু করলে আর হয়তো শুরু করাই হবে না। তাই বোস্টনের ওয়েন্টওয়ার্থ ইনস্টিটিউট অব টেকনোলজি নামের বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিই। ২০১৪ সাল পর্যন্ত এখানে শিক্ষকতা করার পর মনে হল এবার দেশের জন্য কিছু করি। দেশে ফিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিই এবং ২০১৬ সালে অধ্যাপক হই।
কিন্তু ২০১৮ সালে বড় ছেলে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমানোর কারণে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে আবার আমেরিকায় চলে আসি। আসার পর ইন্টেল করপোরেশনের জন্য কাজ শুরু করি। আমেরিকান সরকারের একটি প্রজেক্ট সুপারকম্পিউটার ডিজাইন, যার দায়িত্ব পড়ে ইন্টেলের ওপর। আমি এই প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে কাজ করি। এক বছর কাজ করার পর টেক্সাসে স্যামসাং ইলেকট্রনিক কোম্পানির জন্য কনসালট্যান্ট হিসেবে কাজ শুরু করি ও বর্তমানে এখানেই আছি। গ্রাফিকস প্রসেসর ইউনিট (জিপিউ) ডিজাইন নিয়ে কাজ করছি।
প্রথম আলো: আপনার ব্যক্তিগত কোন অর্জন সবার সঙ্গে শেয়ার করবেন?
হাসান উজ জামান: ২০০০ সালে আমার পিএইচডির কাজের ওপর ভিত্তি করা গবেষণাপত্র আইইইই থেকে প্রকাশিত এক জার্নালে ওই বছরের শ্রেষ্ঠ গবেষণাপত্র হিসেবে নির্বাচিত হয়।
প্রথম আলো: তড়িৎ প্রকৌশলে পড়া শিক্ষার্থীদের জন্য আপনার পরামর্শ
হাসান উজ জামান: তড়িৎ প্রকৌশল হল অনেক বিষয়ের মূল বিষয়। তড়িৎ প্রকৌশল পড়তে গেলে পদার্থ ও রসায়নের অনেক কিছু সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। এমনকি তড়িৎ প্রকৌশলকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ভিত্তি বলা যায়। ডাক্তাররা যেমন মানবসেবা করে যাচ্ছেন, ঠিক তেমনি সভ্যতার বিকাশ ও উন্নতিতে তড়িৎ প্রকৌশলের অনেক ভূমিকা রয়েছে। এ বিষয়ে পড়তে গেলে শুধু সার্কিট সম্পর্কে পড়তে হবে বা সীমিত কিছু পড়েই ভালো করা যাবে—এমন ধারণা না নিয়ে আসাই ভালো।
প্রথম আলো: এ বিষয়ে ভালো করতে শিক্ষার্থীদের বিশেষ কোন স্কিল অর্জনে মনোযোগী হতে হবে?
হাসান উজ জামান: এ বিষয়ে যারা পড়ছে বা পড়বে এমন সিদ্ধান্ত নিয়ে রাখছে, তাদের অবশ্যই আমি টুকিটাকি প্রোগ্রামিং শিখে রাখার পরামর্শ দেব। কারণ এ ক্ষেত্রে চাকরির সময় দেখা যায়, কিছু হলেও প্রোগ্রামিং ব্যবহার করতে হচ্ছে। তাই আগে থেকেই জেনে রাখা ভালো। তা ছাড়া কম্পিউটারের বেসিক জ্ঞান যেমন অ্যালগোরিদম, অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ, স্ক্রিপ্ট লেখা শেখা ইত্যাদি শিখে রাখার পরামর্শ দেব। শুধু তত্ত্বীয় বা বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে শিক্ষাজীবন থেকেই হাতেকলমে শেখার ওপর গুরুত্বারোপ করা উচিত। এর জন্য শিক্ষকদের সঙ্গে বা নিজেরা মিলে বিভিন্ন প্রজেক্ট করা যেতে পারে, যেমন মাইক্রোকন্ট্রোলার, আরডুইনোর ওপর ভিত্তি করে প্রজেক্ট ডিজাইন করা ইত্যাদি। চাকরিক্ষেত্রেও বিশ্বজুড়ে এ বিষয়ের ভালো চাহিদা রয়েছে। সার্কিট ডিজাইন, পাওয়ার সিস্টেম, মোবাইল ও মাইক্রোওয়েভ কমিউনিকেশনসহ আরও অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ভালো বেতনের চাকরি পাওয়া যায়।
প্রথম আলো: শিক্ষক হিসেবে আপনি কীভাবে শিক্ষার্থীদের প্রজেক্টের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন বা সহযোগিতা করছেন?
হাসান উজ জামান: শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, তাদের স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হওয়ার জন্যই শিক্ষকতায় আসা। শিক্ষার্থীদের নিয়ে এ পর্যন্ত শ খানিক গবেষণাপত্র প্রকাশ করেছি। তা ছাড়া তাদের বিভিন্ন প্রজেক্ট যেমন ফোন থেকে ফোনে চার্জ দেওয়া, তার ছাড়া ফোন চার্জ দেওয়া, রান্নার সময় নষ্ট তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে ফোন চার্জ দেওয়া, অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতিতে ইলেকট্রিক ডকুমেন্ট পড়ার ব্যবস্থা করা, এসব নিয়ে কাজ করা, সহযোগিতা করার চেষ্টা করেছি। এসব বিষয় আমি উপভোগ করি।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
হাসান উজ জামান: আপনাকেও ধন্যবাদ।