ইউক্রেনে গণহত্যা চালাচ্ছে রাশিয়া: বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গণহত্যার শামিল। বাইডেন প্রথমবার এ ধরনের মন্তব্য করলেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তিনি ‘যুদ্ধাপরাধী’ বলে বর্ণনা করেন। এদিকে পুতিন বলেছেন, লক্ষ্য অর্জনে ধীরস্থিরভাবে অভিযান চালিয়ে যাবে রাশিয়া। খবর রয়টার্সের।

রয়টার্স বলছে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রথমবারের মতো রাশিয়ার আগ্রাসনকে গণহত্যার সঙ্গে তুলনা করার বিষয়টি উল্লেখযোগ্য। বাইডেন আইওয়া অঙ্গরাজ্যের একটি ইথানল প্ল্যান্টে এ মন্তব্য করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেও ওই মন্তব্যে অবিচল থাকেন।

গত মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, আমি এটাকে গণহত্যা বলছি। কারণ, এটা আরও স্পষ্ট থেকে স্পষ্টতরও হচ্ছে, পুতিন ইউক্রেনীয় হওয়ার ধারণাটাই বদলে দেওয়ার চেষ্টা করছেন। এর যথেষ্ট প্রমাণ মিলছে। এটা হচ্ছে কি না, তা আন্তর্জাতিকভাবে আইনজীবীরা ঠিক করবেন। তবে এটা হচ্ছে বলেই আমার ধারণা।’

এর আগে বাইডেন একাধিকবার পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন। কিন্তু গতকাল মঙ্গলবার প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুললেন তিনি। তবে মস্কো বারবার বাইডেনের অভিযোগ অস্বীকার করে বলে আসছে, বেসামরিকদের লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। রুশ বাহিনীর বদনাম করতে পশ্চিমারা এ অভিযোগ তুলছে।
ইউক্রেনের অভিযোগ তাদের বাহিনীর প্রতিরোধের মুখে সাম্প্রতিক সময়ে দেশটির উত্তরাঞ্চলের অনেক শহর থেকে পিছু হটেছে রুশ বাহিনী। তবে হত্যাযজ্ঞের ছাপ রেখে গেছে। রুশ বাহিনীর পিছু হটার পর রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে ছিল। রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হারে হত্যা, নির্যাতন ও ধর্ষণ অভিযোগ কিয়েভের।

তবে ক্রেমলিন ইউক্রেনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনকে নিরস্ত্র ও নাৎসিমুক্ত করতেই গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। কিয়েভ ও তার মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়ার এমন দাবিকে মিথ্যা অজুহাত হিসেবে দাবি করে প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

পুতিন মঙ্গলবার ইউক্রেন যুদ্ধের বিকল্প ছিল না দাবি করে বলেন, এ যুদ্ধে সব ‘মহৎ’ লক্ষ্য অর্জিত হবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে নতজানু করতে ব্যর্থ হয়েছে বলেও পশ্চিমাদের খোঁচা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানো ছাড়া কোনো উপায় ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন